ভবনটি রাখা হলে বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পে বাড়তি ব্যয় হবে প্রায় ১০০ কোটি টাকা
বিজিএমইএ ভবন নিয়ে দোটানা
সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ি খাল ভরাট করে নির্মিত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৫ তলা ভবন নিয়ে আরও জটিলতা তৈরি হয়েছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভবনটি সরানো না হলে বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প অসম্পূর্ণ থেকে যাবে। আবার ভবনটি রাখতে হলে এর এক পাশের রাস্তা এবং অন্য পাশের উঁচু জায়গায় তৈরি বৈধ কয়েকটি স্থাপনা ভাঙতে হবে। এতে নতুন করে জটিলতা দেখা দেবে।হাতিরঝিল প্রকল্পে যুক্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষা কমিটির প্রধান মজিবুর রহমান গবেষণার ফলাফল জানিয়ে বলেন, ভবনটি রেখে দুই দিকে পথ সৃষ্টি করতে হলে উত্তর পাশে রাস্তা ভাঙতে হবে। অন্য পাশে উঁচু জায়গায় বৈধভাবে গড়ে ওঠা অনেক ভবন ভাঙতে হবে। এসব ভবনের মালিকেরা এটা মানবেন কেন। তাঁরা যদি মামলা করেন, তাহলে প্রকল্পের কাজ অনেক পিছিয়ে যাবে। উল্লেখ্য, এই প্রকল্প ২০১১ সালে শেষ হওয়ার কথা।প্রকল্পের অন্যতম বাস্তবায়নকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্র জানিয়েছে, বিজিএমইএ ভবন না ভেঙে বিকল্প ব্যবস্থা নেওয়া হলে জায়গা অধিগ্রহণসহ আনুষঙ্গিক খরচ পড়বে প্রায় ১০০ কোটি টাকা। পুরো প্রকল্পে এক হাজার ৪৮০ কোটি টাকা ব্যয়ের সঙ্গে যুক্ত হবে এই টাকা। তার পরও বিজিএমইএ ভবন নিয়ে সরকারও দোটানায় রয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে জানান, এখন পর্যন্ত বিজিএমইএ ভবনের অনুমোদন নেই। অনুমোদন না নিয়ে ভবনটি নির্মাণ করার কারণে বিজিএমইএ রাজউককে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা দিয়েছে।তিনভাবে অবৈধ: তিনটি ক্ষেত্রে বিজিএমইএ ভবনকে অবৈধ বলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক সূত্র। যেমন, জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এটি নির্মিত, এই ভবনের নকশার অনুমোদন নেই এবং ভবনটি নিচু জমি ভরাট করে নির্মিত, যা রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী নিষিদ্ধ। ড্যাপ বাস্তবায়িত হলে রাজধানীর বেশ কয়েকটি আবাসন প্রকল্পের সঙ্গে এই ভবনও তালিকাভুক্ত হবে।জলাধার সংরক্ষণ আইন এবং ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন তৈরি করায় রাজউক পাঁচ হাজার ভবনের তালিকা করেছে। অনুমোদন না থাকায় বিজয় সরণির র্যাংগস ভবন আগেই উচ্ছেদ করা হয়েছে। কিন্তু জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টিকারী বিজিএমইএ ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় পরিবেশবাদী সংগঠনগুলো প্রশ্ন তুলেছে।তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভবনটি ভাঙার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বেগুনবাড়ি খাল এলাকা পরিদর্শন করে ভবনটি ভাঙার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছিলেন। সর্বশেষ ২০০৯ সালের ১৭ মার্চ রাজউক সেনাসদস্যদের সহায়তায় বিজিএমইএ ভবনের সামনের টিনশেডের স্থাপনা ভেঙে দেয়। তারপর আর কিছু করা হয়নি।দুই প্রধানমন্ত্রীর ফলক: বিজিএমইএ ভবন নির্মাণের সঙ্গে সাবেক আওয়ামী লীগ ও বিএনপি সরকার উভয়েরই ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানাধীন এই জায়গা বিজিএমইএর নিজস্ব ভবন করার জন্য বিক্রি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ডিসেম্বরে বিজিএমইএ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০০০ সালে জলাধার সংরক্ষণ আইন হলেও এই আইনের বলে জমি ফিরিয়ে নেওয়া হয়নি। পরে জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালের অক্টোবরে ভবনটির উদ্বোধন করেন।বিজিএমইএ ভবনের প্রবেশপথে পাশাপাশি দুটি ফলক স্থাপিত আছে। একটিতে লেখা আছে, ‘বিজিএমইএ কমপ্লেক্স ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ১৪ অগ্রহায়ণ ১৪০৫’। অন্য ফলকে লেখা, ‘শুভ উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, ২৩ আশ্বিন ১৪১৩’।স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘বিজিএমইএ ভবনে ঢুকলেই দেখা যায়, দুই প্রধানমন্ত্রীর ফলক, যেন অবৈধ এই ভবনটি পাহারা দিচ্ছেন দুই প্রধানমন্ত্রী। একটি স্বার্থান্বেষী মহল তাঁদের দিয়ে কাজটি করিয়েছে। তাঁদের জানানো হয়নি, ভবনটির নকশার অনুমোদন নেই।’ তিনি বলেন, ‘এখন সেখানে দুই নেত্রীর ভাস্কর্য স্থাপন করা হলেও অবাক হওয়ার কিছু নেই। তার পরও আমরা বলব, এই অবৈধ ভবন অবশ্যই ভাঙা উচিত।’ভবনটিকে নামে ‘বিজিএমইএ ভবন’ বলা হলেও এর বিভিন্ন ফ্লোর বিক্রি করে দেওয়া হয়েছে। দুটি ব্যাংক ছাড়াও বিজিএমইএর সদস্যরা এসব কিনে নেন। বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী প্রথম আলোর কাছে বিষয়টি স্বীকারও করেছেন।প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত: সমন্বিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা ওয়াসা এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। মগবাজার-পরীবাগ-কারওয়ান বাজার-তেজগাঁওসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়। পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে মালিবাগ, রামপুরা এলাকার যানজটও কমবে। সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু হয়ে প্রগতি সরণি পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক ও নর্দমা নির্মিত হচ্ছে। কিন্তু বাস্তবায়নকারীদের বক্তব্য হচ্ছে, বিজিএমইএ ভবন এভাবে থাকলে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি ব্যাহত হবে।বিজিএমইএর দাবি: বিজিএমইএ মনে করে, তাদের ভবন নিয়ে কোনো সমস্যা নেই। বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএ ভবন নিয়ে আমরা এখন কোনো কথাই ভাবছি না। সরকার বা রাজউক কোনো নোটিশ দিলে বা ব্যবস্থা নেওয়ার কথা বললে তখন আমরা সিদ্ধান্ত নেব।’সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী মনে করেন, বিজিএমইএ ভবনের বিষয়ে এখন অবৈধ বলে কিছু নেই। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজউকের দেওয়া চিঠিতে বলা ছিল, ‘যেহেতু ভবন নির্মাণ করে ফেলা হয়েছে, কিন্তু দৃষ্টিনন্দন সেতু করা হয়নি, তাই সাড়ে ১২ লাখ টাকা জরিমানা দিয়ে অনুমোদিত নকশা নিয়ে যাওয়ার অনুরোধ করা হলো।’ কিন্তু ওই টাকা পরিশোধ করার পরও নকশার অনুমোদনপত্র দেওয়া হয়নি।নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করা হলো কেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজউক পাঁচ থেকে সাত লাখ টাকা ঘুষ চেয়েছিল। না দেওয়ায় নকশার অনুমোদন হয়নি। রাজউকের কে এই ঘুষ চেয়েছিলেন, এ প্রশ্নে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘বুঝতেই পারছেন।’এ বিষয়ে রাজউকের একাধিক কর্মকর্তা বলেন, রাজউকের লোকজন ধোয়া তুলসীপাতা নয়, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, অবৈধ কাজ করতে অপারগতা জানালে রাজউকের বিরুদ্ধে ঘুষ দাবি বা এ ধরনের কথা বলা হয়।সমীক্ষা ও বিশেষজ্ঞ কমিটি: বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পে বৃষ্টির পানির প্রবাহপথের মাঝখানেই পড়েছে বিজিএমইএ ভবনটি। এই ভবন রেখে প্রকল্প বাস্তবায়ন অসম্পূর্ণ থাকবে বলে জানিয়েছে বুয়েটের শিক্ষকসহ ১৫ সদস্যের সমীক্ষা কমিটি।কমিটির প্রধান বুয়েটের পুরকৌশল বিভাগের মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভবনটি রাখার কোনো যৌক্তিকতা নেই। আমরা এখনো মনে করছি, ভবনটি ভাঙতে হবে। কারণ, এই ভবন ফ্লো-চ্যানেলের মাঝখানে আছে। এটা থাকলে বৃষ্টির পানি সচল থাকবে না। যার অর্থ হচ্ছে, প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ব্যাহত হবে।’মজিবুর রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিষয়টি গণপূর্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং রাজউকের সঙ্গে বিভিন্ন বৈঠকে আমরা বলেছি। এখন আবার বলতে হবে।’কমিটির প্রধান আরও বলেন, ‘প্রধান দুটি দলের সরকারপ্রধানের সংযুক্তি আছে এই ভবন নির্মাণে। সুতরাং দুই দলের মধ্যে আলোচনা করে এর মীমাংসা করা উচিত।’নগর বিশেষজ্ঞ নজরুল ইসলাম মনে করেন, বিজিএমইএ ভবন বেআইনি হওয়ার জন্য রাজউকও দায়ী। তিনি বলেন, সম্পদ রক্ষার চিন্তা করলে এই ভবন রাখা যায়। সে ক্ষেত্রে ভবনটি যে অবৈধ, তা বোঝানোর জন্য প্রবেশপথে পরিচিতি ফলক দিয়ে ‘অবৈধ ভবন’ কথাটি লেখা উচিত, যাতে তারা লজ্জা পায়।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের কাছে বিজিএমইএ ভবন রাখা না-রাখার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। সময়ই সব বলে দেবে।’