বিজিএমইএ ভবন ভাঙতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির স্বত্ব না থাকা এবং জলাধার আইন লঙ্ঘন করে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় নির্মিত বিজিএমইএ ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ভবনটি খালি করতে ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে এ রায় দেন।রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সেখানে থাকা কার্যালয় ও অবকাঠামো সরিয়ে নিয়ে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওখানকার জলাধারটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।জানা যায়, গত বছরের ২ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন নির্মাণ করা হয়েছে বলে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ওই আদালতের বিচারিক এখতিয়ার পরিবর্তিত হওয়ায় ফেব্রুয়ারিতে বিষয়টি ওই আদালতে আইনজীবী উপস্থাপন করলে শুনানির জন্য কার্যতালিকায় আসে। গত মাসের শুরুতে বেশ কয়েক কার্যদিবস রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। রুলের চূড়ান্ত শুনানির জন্য কয়েকজন অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়। এরপর গতকাল আদালত রায় দেন। এ সময় অ্যামিকাস কিউরি সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির ও মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও আবেদনকারী ডি এম মুনিরউদ্দিন উপস্থিত ছিলেন।আদালতের নির্দেশনা: নির্দেশনায় বলা হয়, যে স্থানে ভবনটি নির্মাণ করা হয়েছে, সে জায়গার মালিক বিজিএমইএ নয়। তাই উচ্ছেদ করতে হবে। ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। জলাধারটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। হাতিরঝিল প্রকল্প পূর্বপরিকল্পনা অনুযায়ী অব্যাহত রাখতে হবে। বিজিএমইএ কর্তৃপক্ষ ওই ভবনের কিছু ফ্ল্যাট অন্যদের কাছে ইজারা বা বিক্রি করেছে। যারা এসব ফ্ল্যাট নিয়েছে, তাদের জানা উচিত ছিল এসব ফ্ল্যাট বিক্রির জন্য বিজিএমইএ আইনগত কর্তৃপক্ষ নয়। তবু তারা চাইলে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারে।ওই জমি হস্তান্তরে বা বিক্রিসংক্রান্ত বিষয়ে কোনো জালিয়াতি হয়েছে কি না, তা তদন্ত করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার জেলা প্রশাসককে নির্দেশও দেন আদালত। প্রমাণ পাওয়া গেলে আইনানুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে জলাধার আইন ও পরিবেশবিরোধী আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।পর্যবেক্ষণ ও রায়: বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রায় দেন আদালত। নথিপত্র পর্যালোচনা করে পর্যবেক্ষণে আদালত বলেন, কাগজপত্রে দেখা যায়, ১৯১০-এর দশক-পরবর্তীকালে ওই জমিটি (বিজিএমইএ ভবন যে জমিতে) বাংলাদেশ রেলওয়ের জন্য অধিগ্রহণ করা হয়। ২০০৬ সালে জমিটি রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) হস্তান্তর করা হয়। কিন্তু বিজিএমইএ কর্তৃপক্ষ রাজউকে যে দলিল উপস্থাপন করেছে, তাতে ২০০১ সালে নেওয়ার কথা বলা হয়। কী করে ইপিবি থেকে বিজিএমইএ জমিটি পেল? কারণ ২০০১ সালে ইপিবি ওই জমির মালিক ছিল না। জমি পাওয়ার আগেই জমি হস্তান্তর জালিয়াতির প্রমাণ মেলে। এটা ভূমি দখলের মতো ঘটনা। একটি অপরাধী চক্র এর সঙ্গে জড়িত ছিল। এটা তদন্ত করে দেখা উচিত।রায়ে আদালত বলেন, স্বীকৃতভাবে এটা ছিল জলাশয়, যা বেআইনি ও অপরাধমূলকভাবে ভরাট করা হয়েছে। জমির মালিক বিজিএমইএ হলেও জলাধার আইন অনুসারে ভবন নির্মাণ করতে পারত না। জলাশয় ভরাট করে বিজিএমইএ কর্তৃপক্ষ জলাধার আইন লঙ্ঘন করেছে। এটা ফৌজদারি অপরাধ। বিজিএমইএ রাজউকের অনুমোদন পাওয়ার কথা যে দলিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে, তা আসলে ভবনের নকশার অনুমোদন নয়। ওই পত্র দ্বারা রাজউক শুধু ভবন নির্মাণের অনাপত্তি জানিয়েছে মাত্র। অনাপত্তি ও নকশার অনুমোদন সম্পূর্ণ ভিন্ন তত্ত্ব। এটা স্পষ্টভাবে বলা যায়, রাজউক আদৌ কোনো ভবনের নকশায় অনুমোদন করেনি। তথ্য পর্যালোচনা করে রায়ে আরও বলা হয়, দৃশ্যত বিজিএমইএ অর্থনৈতিকভাবে একটি প্রভাবশালী প্রতিষ্ঠান। তারা অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে অবৈধ সুবিধা আদায় ও দায়মুক্তির জন্য। এ ধরনের দায়মুক্তির সংস্কৃতি অনুমোদন করা হলে এটা বিপর্যয় সৃষ্টি করবে। ধনী ও দরিদ্রের মধ্যে আইনগত বিভেদ তৈরি করবে।রায়ে বলা হয়, রাজউক নকশা অনুমোদন করতে পারত না। কারণ, ওই জমির মালিক বিজিএমইএ নয়। এ ছাড়া জলাধার আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করা হয়েছে। বলা হয়েছে, ইমারত নির্মাণ আইন অনুসারে নকশা ছাড়া ভবন নির্মাণ করলে জরিমানা দিলেই তা বৈধ করা যায় না। অতীতে যমুনা ফিউচার পার্ক ও র‌্যাংগস ভবন মামলায় দেখা যায়, ক্ষতিপূরণ দিয়ে ভবন নির্মাণ বৈধ করা যায়নি। এ কারণে কয়েক দফা নির্দেশনা দিয়ে রুল মঞ্জুর (রুল অ্যাবসলিউট) করা হলো।প্রতিক্রিয়া: বিজিএমইএর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘শুনেছি, ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’ রায়ের পর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও অ্যামিকাস কিউরি সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, বিজিএমইএর ওই জায়গার মালিকানা নেই। অধিগ্রহণ করা জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। সরকারেরও এই ক্ষমতা নেই। জলাশয় ভরাট করে ভবনটি নির্মাণ করা হয়েছে। তাই ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, নির্মিত ভবনের জায়গায় বিজিএমইএর কোনো স্বত্ব নেই। তাই রাজউক এখানে কোনো নকশা অনুমোদন দিতে পারে না। অনুমোদন দিলেও তা অবৈধ। জমি হস্তান্তর-প্রক্রিয়া অবৈধ। অধিগ্রহণ করা জমি জনকল্যাণমূলক কাজ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানকে হস্তান্তর করা যায় না। এ ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এ বিষয়টি তদন্ত করতে পুলিশের মহাপরিদর্শক ও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে বিজিএমইএ ভবনে থাকা সব অবকাঠামো স্থানান্তর ও ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।