বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এই রুল জারি করেন। গণপূর্তসচিব, রাজউক, বিজিএমইএর সভাপতি, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা যায়, ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে বলে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি গতকাল সকালে আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন। মধ্যাহ্ন বিরতির পর আদালত রুল জারি করেন।আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ১৩ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবনটি হাতিরঝিল-বেগুনবাড়ি এলাকার সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য হুমকিস্বরূপ। ভবনটি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাঁড়িয়ে আছে। অনুমোদনহীন এই ভবন ভাঙার বিষয়ে সরকারের শিগগিরই কোনো সিদ্ধান্তও নেই বলে প্রতিবেদনে প্রকাশ পায়। বিষয়টি আদালতের নজরে আনা হয়। ভবনটি কেন ভাঙা হয়নি এবং ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না আদালত তা জানতে চেয়ে সরকারের প্রতি সুয়োমোটো রুল জারি করেছেন।প্রসঙ্গত, জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এই ভবন নির্মাণ এবং ভবনের নকশার অনুমোদন নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বেগুনবাড়ি খাল এলাকা পরিদর্শন করে ভবনটি ভাঙার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছিলেন। সর্বশেষ ২০০৯ সালের ১৭ মার্চ রাজউক সেনাসদস্যদের সহায়তায় বিজিএমইএ ভবনের সামনের টিনশেড স্থাপনা ভেঙে দেয়। তারপর আর কিছু করা হয়নি।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানাধীন এই জায়গা বিজিএমইএর নিজস্ব ভবন করার জন্য বিক্রি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ডিসেম্বরে বিজিএমইএ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০০০ সালে জলাধার সংরক্ষণ আইন হলেও এই আইনের বলে জমি ফিরিয়ে নেওয়া হয়নি। পরবর্তী সময়ে জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালের অক্টোবরে ভবনটির উদ্বোধন করেন।