বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ ছয় সপ্তাহ স্থগিত
পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনটি ভাঙার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ ছয় সপ্তাহ স্থগিত করেছেন। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে বিজিএমইএর প্রেসিডেন্টের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। আদালত থেকে বেরিয়ে বিজিএমইএর পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, স্বতঃপ্রণোদিত রুলের প্ররিপ্রেক্ষিতে হাইকোর্ট বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমই প্রেসিডেন্ট আপিল বিভাগে আবেদন করেছিলেন। চেম্বার বিচারপতি ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিত করেছেন। রায়ের প্রত্যায়িত অনুলিপি পেলে লিভ টু আপিল করা হবে বলেও তিনি জানান। জমির স্বত্ব না থাকা ও জলধার আইন লঙ্ঘন করে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় নির্মিত বিজিএমইএ ভবনটি ভাঙার নির্দেশ দিয়ে গত ৩ এপ্রিল হাইকোর্ট রায় দিয়েছিলেন। তবে ভবনটি খালি করতে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ওখানে থাকা কার্যালয় ও স্থাপনা অন্যত্র স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়। এরপর ভবনটি ভেঙে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওখানকার জলাধারটি (বেগুনবাড়ী খাল) আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, গত বছরের ২ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে বলে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনির উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ওই আদালতের বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ায় ফেব্রুয়ারিতে বিষয়টি ওই আদালতে আইনজীবী উপস্থাপন করলে এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। গত মাসের শুরুতে বেশ কয়েক কার্যদিবস রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। রুলের চূড়ান্ত শুনানির জন্য কয়েকজন অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়। এরপর আদালত রায় দেন।