বিজিএমইএ ভবন ভাঙার রায় ছয় সপ্তাহ স্থগিত
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙার নির্দেশ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে বিজিএমইএর সভাপতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।আদালত থেকে বেরিয়ে বিজিএমইএর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, স্বতঃপ্রণোদিত রুলে হাইকোর্ট বিজিএমইএ ভবনটি ভাঙার নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএর সভাপতি স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন (সিএমপি) করেছিলেন। চেম্বার বিচারপতি ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিত করেছেন। তিনি জানান, এই সময়ের মধ্যে রায়ের প্রত্যায়িত অনুলিপি পেলে লিভ টু আপিল করা হবে।জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে ৩ এপ্রিল হাইকোর্ট রায় দেন। তবে ভবনটি খালি করতে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ভবনে থাকা কার্যালয় ও স্থাপনা অন্যত্র স্থানান্তর করার এবং এরপর ভবনটি ভেঙে ফেলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওখানকার জলাধারটি (বেগুনবাড়ি খাল) আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে উল্লেখ করে গত বছরের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনির উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিষয়টি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই আইনজীবী উপস্থাপন করলে এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। গত মাসের শুরুতে বেশ কয়েক কার্যদিবস রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। চূড়ান্ত শুনানির জন্য কয়েকজন অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়। এরপর হাইকোর্ট রায় দেন।