বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তৈরি করা বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ওই ভবনটি সৌন্দর্য ও মহিমান্বিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো। এই ধ্বংসাত্মক ভবন অচিরেই বিনষ্ট করা না হলে এটা শুধু হাতিরঝিল নয়, গোটা ঢাকা শহরকে সংক্রমিত করবে। সুতরাং সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের ওপর নির্দেশ হলো, ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। ওই জমি জনকল্যাণে ব্যবহার করতে হবে। প্রকাশিত রায়ে আদালত বলেছেন, বিজিএমইএ যাঁদের কাছে ওই ভবনের ফ্ল্যাট বা অংশ বিক্রি করেছে, তাঁদের দাবি পাওয়ার ১২ মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। কারণ, তাঁদের সঙ্গে চুক্তি ছিল বেআইনি। তবে ক্রেতারা নিজেরাও জানতেন বা তাঁদের জানা উচিত ছিল, এই জমির ওপর বিজিএমইএর মালিকানা নেই এবং ভবনটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। আদালতের মত, তাঁরা কোনো সুদ পাওয়ার দাবিদার নন। ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেন। সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, বিবাদীদের আবেদনে এই রায় আপিল বিভাগের আদেশে স্থগিত রয়েছে। ফলে এ মুহূর্তে রায় কার্যকর করা যাচ্ছে না। বিজিএমইএ পক্ষের কৌঁসুলি মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায় ঘোষণার পরপরই অনুলিপির জন্য সংশ্লিষ্ট শাখায় দরখাস্ত করা হয়। অনুলিপি না পাওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার জন্য চেম্বার জজ আদালতে আবেদন করা হয়। আদালত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। শুনেছি পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিরা সই করেছেন। আশা করছি, কয়েক দিনের মধ্যেই অনুলিপি হাতে পাব। এর এক সপ্তাহের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দাখিল করা হবে।’রায়ের অংশবিশেষ: পূর্ণাঙ্গ রায়ে আদালত বলেছেন, ওই ভবনের জমির ওপর বিজিএমইএর কোনো মালিকানা নেই। কেননা, জমিটি অধিগ্রহণ করা হয়েছিল রেলওয়ের জন্য ১৯৬০ সালে। অধিগ্রহণ আইন অনুযায়ী, শুধু জনস্বার্থে কোনো ভূমি অধিগ্রহণ করা যায়। অভিমতে আদালত বলেছেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কোনো ক্রমেই বিজিএমইএকে তার নিজস্ব ভবন তৈরির জন্য প্রদান করতে পারে না। কারণ, নির্মাণের পেছনে কোনো জনস্বার্থ জড়িত নেই। ভবনটি নির্মাণ করা হয়েছে একান্তই বিজিএমইএর সদস্যদের নিজস্ব স্বার্থের খাতিরে। ওই জমি বিজিএমইএকে প্রদান শুধু অনধিকার চর্চাই ছিল না, ভূমি অধিগ্রহণ আইনেরও পরিপন্থী ছিল। আদালত বলেন, সরকারের কাছে দুটি পথ খোলা আছে। হয় এটি আদি মালিকের কাছে ফেরত দিতে হবে অথবা অন্য কোনোভাবে বিকল্প জনস্বার্থে ব্যবহার করতে হবে। এ ছাড়া ভবনটি নির্মাণ করা হয়েছে ঢাকার মাস্টারপ্ল্যান, জলাধার আইন ও রাজউকের অনুমোদন গ্রহণ না করে। এর ফলেও ভবনটি ভেঙে দিতে কর্তৃপক্ষ বাধ্য। ভবনটি নির্মাণ করে বিজিএমইএ তাদের আর্থিক প্রতিপত্তির কারণে বহু প্রত্যাশিত হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখাচ্ছে, যা কোনো অবস্থাতেই আইনের শাসনের আঙ্গিকে গ্রহণযোগ্য হতে পারে না। আদালত বলেছেন, বিজিএমইএর সদস্যরা দেশের অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, দেশের অর্থনীতি চাঙা রাখার জন্য গার্মেন্টস শ্রমিকেরাও তেমনি অবদান রাখছেন। তাঁদের শ্রমের জন্যই গার্মেন্টস কারখানা চলছে। হাজার হাজার প্রবাসী বাঙালিও দেশের অর্থনীতিকে চাঙা করে রাখছেন। দরিদ্র কৃষকদের অবদানও কোনো অবস্থাতেই খাটো করার সুযোগ নেই। তাঁদের শ্রমের বিনিময়ে ফসল উত্পাদন হচ্ছে বলে বিরাট অঙ্কের বৈদেশিক মুদ্রা বেঁচে যাচ্ছে। তাঁদের উত্পন্ন দ্রব্য না থাকলে বিজিএমইএর সদস্যসহ গোটা দেশের জনগণকে উপোস থাকতে হতো। আদালত বলেন, সুতরাং আর্থিক পেশিশক্তির অধিকারী বলে একটি শক্তিশালী মহলকে আইনের ঊর্ধ্বে রাখতে হবে, এমন যুক্তি অগ্রহণযোগ্য। দেশের অন্য দশজনের মতো এই আর্থিক পেশিশক্তির অধিকারী লোকেরাও দেশের সাধারণ আইনের আওতাধীন। সংবিধান অনুযায়ী, ধনী-দরিদ্রের মধ্যে আইনের প্রয়োগের ব্যাপারে কোনো বৈষম্য চলতে পারে না। বস্তুত একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএকে আইনের প্রতি আরও অধিক শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। অথচ তারা তা না করে আইনকে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যবহার করেছে। জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩ অক্টোবর হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে বিজিএমইএ ভবন ভাঙার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের ওপর শুনানি শেষে হাইকোর্টে রায় ঘোষণা করেন। ওই বছরের ৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ দেন। পরে এ সময়সীমা বাড়ানো হয় বলে জানা গেছে।