বিজিএমইএ ভবন: ৯০ দিনের মধ্যে না সরালে ভাঙার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ দিনের মধ্যে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে ভবনটি অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। নতুবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনের স্থাপনা ভাঙতে বলেছেন আদালত।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রায়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকার জেলা প্রশাসককে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে। জলাধার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জলাধার আইন লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।রায়ে আদালত বলেন, কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতে পারেন, কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নন। দেশের জন্য বিজিএমইএ অর্থ উপার্জন করে, তবে এ মুদ্রা অর্জন জনকল্যাণে নয়। জানা যায়, গত বছরের ২ অক্টোবর রাজউকের অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে বলে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন। এর পরিপ্রেক্ষিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। তবে ওই আদালতের বিচারিক এখতিয়ার পরিবর্তন হওয়ায় চলতি মাসের শুরুতে বিষয়টি উক্ত আদালতে আইনজীবী উপস্থাপন করলে বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসে। এরপর ২২ ফেব্রুয়ারি আদালত রুলের ওপর চূড়ান্ত শুনানির জন্য ১০ জন অ্যামিকাস কিউরির নাম ঘোষণা করেন। অ্যামিকাস কিউরিরা হলেন এম জহির, ফিদা এম কামাল, আক্তার ইমাম, এ এফ এম মেসবাহউদ্দিন, মুনসুরুল হক চৌধুরী, আনিসুল হক, সারা হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির ও মনজিল মোরসেদ। শুনানিতে অ্যামিকাস কিউরিরা বলেন, ওই ভবন সম্পর্কিত যেসব নথিপত্র রয়েছে তা পর্যালোচনায় দেখা যায়, ভবনের কোন অনুমোদিত নকশা নেই। জলাধারের মধ্যে এই ভবন নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তাই নকশা বহির্ভূতভাবে নির্মিত এই বিজিএমইএ ভবনের ক্ষেত্রে আইনানুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সমীচীন। তাঁরা আরও বলেন, নকশা বহির্ভূতভাবে এই ভবন নির্মাণ করায় রাজউককে জরিমানা দিয়েছে বিজিএমইএ। ১ মার্চ শুনানিতে রাজউক জানায়—নকশা ও ভবন নির্মাণের অনুমোদন ছাড়াই তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন নির্মাণ করেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলে—ভবন নির্মাণের এক পর্যায়ে বিজিএমইএ কর্তৃপক্ষ একটি নকশা রাজউকে দাখিল করে। তবে রাজউক ওই নকশায় অনুমোদন দেয়নি। আরও বলা হয়—অনুমোদনহীন বিজিএমইএ-এর দাখিল করা নকশা অনুযায়ী ভবনটি নির্মিত হয়নি। এটা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৬ এর লঙ্ঘন। নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় রাজউক বিজিএমইকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানাও করে। এছাড়া যেখানে ভবনটি নির্মিত হয়েছে সেই জমি বাংলাদেশ রেলওয়ে অধিগ্রহণ করে। পরবর্তীকালে এই জমি রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) হস্তান্তর করা হয়। এ নিয়ে ইপিবি ও বিজিএমইএ কর্তৃপক্ষের মধ্যে একটা হস্তান্তরের চুক্তি হয়।২৮ মার্চ শুনানিতে বিজিএমইএ-এর পক্ষে বলা হয়—প্রাকৃতিক জলাধারা বা জলাশয়ের মধ্যে কোন ভবন নির্মিত হলে তা অবৈধ হয়ে যায় না। আইন অনুযায়ী প্রাকৃতিক জলাধারা মাস্টার প্ল্যানের মধ্যে থাকতে হবে। বিজিএমইএ মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত প্রাকৃতিক জলাধারের মধ্যে ভবন করেনি। রাজউক সব কিছু খতিয়ে দেখেই সন্তুষ্ট হয়ে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে। ফিরে দেখা: জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে এই ভবন নির্মিত এবং ভবনের নকশার অনুমোদন নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভবনটি ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্কালীন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বেগুনবাড়ি খাল এলাকা পরিদর্শন করে ভবনটি ভাঙার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছিলেন। সর্বশেষ ২০০৯ সালের ১৭ মার্চ রাজউক সেনা সদস্যদের সহায়তায় বিজিএমইএ ভবনের সামনের টিনশেড স্থাপনা ভেঙে দেয়। তারপর আর কিছু করা হয়নি।সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মালিকানাধীন এই জায়গা বিজিএমইএর নিজস্ব ভবন করার জন্য বিক্রি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ডিসেম্বরে বিজিএমইএ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর ২০০০ সালে জলাধার সংরক্ষণ আইন হলেও এই আইনের বলে জমি ফিরিয়ে নেওয়া হয়নি। পরবর্তীতে জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালের অক্টোবরে ভবনটির উদ্বোধন করেন।