বিজিএমইএ ভবনের সামনে পোশাকশ্রমিকদের অবস্থান
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পদ্মা গার্মেন্টসের কয়েক শ শ্রমিক আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিজিএমইএ ভবনের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে ১০টার দিকে পুলিশ বিষয়টি নিয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে, এমন আশ্বাস দিয়ে শ্রমিকদের সরিয়ে নেয়। কারখানার বন্ধ হয়ে যাওয়া সুইং ইউনিট চালু এবং ওই ইউনিটের শ্রমিকদের সাড়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা এ অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি তাদের সুইং ইউনিটটি বন্ধ করে দেয়। এতে ওই ইউনিটের শ্রমিকদের চাকরি চলে যায়। সাড়ে তিন মাসের বেতনও বকেয়া আছে। শ্রমিকেরা আজ সকাল আটটার দিকে সুইং ইউনিট চালু করে তাঁদেরকে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে পদ্মা গার্মেন্টসের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আধঘণ্টা পর তাঁরা একই দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন। পরে ১০টার দিকে পুলিশ বিষয়টি নিয়ে বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে, এমন আশ্বাস দিয়ে শ্রমিকদের সরিয়ে নেয়। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শ্রমিকেরা কয়েকটি দাবিতে বিক্ষোভ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।