বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর (ভিডিও)
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেছেন কয়েক শ পোশাকশ্রমিক। আজ বৃহস্পতিবার শোকের দিনে সব পোশাক কারখানা বন্ধ রাখা ও রানা প্লাজার মালিকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। র্যাবের লাঠিপেটায় দুজন শ্রমিক আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রামপুরা, হাজিপাড়া, মালিবাগ চৌধুরীপাড়া, রেলক্রসিং ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালান ক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা বিজিএমইএ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ভবনের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। ক্ষুব্ধ শ্রমিকেরা ওই ভবনের সামনের সড়ক ও আশপাশে অবস্থান নিয়ে ভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। বেলা একটার দিকে বিজিএমইএ ভবনের সামনের সড়কে একটি প্রাইভেট কারে ভাঙচুর চালান তাঁরা। পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় র্যাবের লাঠিপেটায় দুজন শ্রমিক আহত হন। আহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রুবেল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিএমইএ ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ।এর আগে কারওয়ান বাজারে একটি মার্কেটের নিচতলায় ভাঙচুর চালান ক্ষুব্ধ শ্রমিকেরা। তাঁরা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।এ ব্যাপারে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘বেশ কিছু শ্রমিক বিজিএমইএ ভবনের সামনে জড়ো হন। তাঁরা একটি প্রাইভেট কার ভাঙচুর করলে আমরা তাঁদের সরিয়ে দিই।’ এ সময় পুলিশ ও আশপাশের লোকজনের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান তিনি।