বিজিএমইএর প্রতিবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ যে প্রতিবেদন দিয়েছে, তা প্রত্যাখ্যান করা হয়েছে। প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এটাকে ‘কাণ্ডজ্ঞানহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা’ বলে মন্তব্য করেছেন।আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সাংসদ ইসরাফিল আলম এ কথা বলেন। তাজরীন ফ্যাশনসে সরেজমিন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকী রেজওয়ানা এতে সভাপতিত্ব করেন।সরকারি দল আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলম আক্ষেপের সুরে বলেন, ‘গার্মেন্টস শিল্পমালিকেরা এখনো মানুষ হতে পারেননি। তাঁরা গার্মেন্টস মালিকই রয়ে গেছেন। তাঁরা যে প্রতিবেদন দিয়েছেন, সেটি একপেশে ও মালিককে রক্ষার জন্য। নিজের সদস্যকে রক্ষার জন্য সেখানে ইচ্ছেমতো নাশকতার কথা বলা হয়েছে।’ তিনি বলেন, তাঁরা যেহেতু নাশকতার কথা বলেছেন; তাই সেই নাশকতার সঙ্গে কারা জড়িত—তাঁরা তা বলতে পারবেন। তিনি এ ব্যাপারে তাঁদের জিজ্ঞাসাবাদ করার দাবি জানান।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অভিযোগ করেন, নাশকতার কথা বলে তাঁরা দৃষ্টি অন্যত্র ঘোরানোর চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আপনাদের বাড়িতে, বিজিএমইএ ভবনে তো কখনো নাশকতার ঘটনা ঘটে না? সব নাশকতা শুধু কারখানাতেই ঘটে? বাড়ি ও বিজিএমইএ সুরক্ষিত করতে পারেন, শুধু কারখানাটাই সুরক্ষিত করতে পারেন না? তাঁরা সেখানে শ্রমিকদের সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে পারেন না। দুর্ঘটনার পর মন্ত্রী-প্রধানমন্ত্রী-শ্রমিক নেতা সবাইকে নিয়ে লম্ফঝম্ফ করেন।’