বিজিবি কার্যকর ইতিহাসের আশ্রয়ে বিডিআর
দুই বছর আগে বিডিআরের সদর দপ্তর পিলখানায় এক নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু সে অনুষ্ঠানে তাঁর যাওয়া হয়নি। এর আগেই ভয়াবহ এক বিদ্রোহে লন্ডভন্ড হয়ে যায় পুরো বাহিনী। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের নির্মম মৃত্যু পাল্টে দেয় সবকিছু। তার পরের ঘটনার সবই জানা।সেই হত্যাকাণ্ডের দুই বছর পর গতকাল রোববারই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলেন পিলখানায়। সেখানে পতাকা তুলে বিডিআরের নতুন নাম—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যকর করার আনুষ্ঠানিকতা সারলেন। এ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় বন্দী হয়ে গেল বাংলাদেশ রাইফেলস-বিডিআর নামটি। এর আগেই বদল হয়েছে বাহিনীর পোশাক ও আইন। বিদ্রোহ তো দূরের কথা, এখন সামান্য ত্রুটি-বিচ্যুতিতেই পেতে হবে কঠোর শাস্তি। তবে এখনো বড় প্রশ্ন হয়ে আছে বাহিনী পুনর্গঠনের বিষয়টি।প্রধানমন্ত্রী সেই বিদ্রোহের কথা উল্লেখ করে বললেন, ‘এই ঘটনা পুঁজি করে একটি মহল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল। সেদিন আমাদের সিদ্ধান্ত নিতে সামান্য ভুল হলে সারা দেশে লাশের স্তূপ পড়ে যেত। সর্বত্র শোক আর হাহাকার শোনা যেত। আমাদের সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ বিদ্রোহে দেশের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।’ তিনি বিদ্রোহে যোগ না দেওয়া বিডিআরের সদস্যদের ধন্যবাদ জানান। বিজিবির পতাকা উত্তোলনের অনুষ্ঠানটি ছিল সংক্ষিপ্ত ও সাদামাটা। তবে নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথিদের ভেতরে ঢোকার অনুমতি মিলেছে পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে। সবারই স্থায়ী ও অস্থায়ী ঠিকানার খোঁজ করেছে পুলিশ ও বিডিআরের নিজস্ব নিরাপত্তা বাহিনী। তার পরেও পিলখানায় ঢোকার মুখে কড়া তল্লাশি হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া ভেতরে কারও যানবাহন প্রবেশের অনুমতি ছিল না। অনুষ্ঠানের পুরো সময় পিলখানার সব কার্যলায় ও আবাসিক ভবনের দরজা বন্ধ ছিল।এমন পরিবেশে সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন পিলখানায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম তাঁকে স্বাগত জানান। একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেছে। এরপর প্রধানমন্ত্রী নতুন নামফলক উন্মোচন ও পতাকা উত্তোলন করেন। নতুন নামে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পাল্টে দেওয়া হয় সদর দপ্তরের নামফলকও। কর্মকর্তারা জানালেন, একই সঙ্গে দেশের সব স্থানে বিডিআর বাহিনীর নাম ও লোগো বদলে গেছে।মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ বাহিনী পুনর্গঠনের জন্য একটি নতুন আইন করেছি। সে আইনের আওতায় এ বাহিনীর নবযাত্রা শুরু হলো। নতুন আইনের উদ্দেশ্য হলো বাহিনীর বিকেন্দ্রীকরণ, এলাকাভিত্তিক চোরাচালান দমন এবং কার্যকর অপারেশন পরিচালনা করা। এ জন্য বাহিনীতে নতুন চারটি অঞ্চল, চারটি সেক্টর, ১১টি ব্যাটালিয়ন তৈরি করা হবে। আগামী বছর থেকে এসব কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে।’বিডিআর বিদ্রোহের ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো বাহিনী চলে তার আইন দিয়ে। এর ব্যত্যয় ঘটলে কী অপূরণীয় ক্ষতি হয়, তা আপনারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে সে জন্য যাঁরা এর সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সব বাহিনীর সমস্যা চিহ্নিত করে সমাধান করে। এ বাহিনীর ক্ষেত্রেও করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর সব সদস্যের পারিবারিক রেশনসুবিধা, জওয়ানদের জন্য নতুন ইউনিফর্ম প্রদান ও বিওপিতে টহল-কার্যক্রম পরিচালনার জন্য মোটরসাইকেল বরাদ্দ দিয়েছে। নৌপথে টহল বাড়ানোর জন্য ভাসমান বিওপি গঠনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই এর বাস্তবায়ন শুরু হবে।তিনি বলেন, এ বাহিনীর সদস্যদের চিকিৎসা-সুবিধা বাড়াতে সাতকানিয়ায় একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে আরও তিনটি আধুনিক হাসপাতাল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। সব সদস্যের জন্য পারিবারিক রেশনে ডাল অন্তর্ভুক্তিরও অনুমোদন দেওয়া হয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তারা নিহত হওয়ার পর নামবদলসহ পুরো বাহিনীকে ঢেলে সাজানোর দাবি ওঠে। সে দাবির কারণেই বাহিনীর নতুন নামকরণ করা হয়। গতকালের অনুষ্ঠানে বিদ্রোহে নিহত কর্মকর্তাদের পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। দোয়া করি, আপনারা যেন স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেন।’