বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু বুধবার
সীমান্তে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যা ও অবৈধ অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধমূলক তত্পরতা রোধ নিয়ে আলোচনায় বসছেন দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীরা। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনের এ বৈঠক আগামী বুধবার ঢাকায় শুরু হচ্ছে। পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠেয় এ বৈঠকে স্বাগতিক দলের ২৫ সদস্যের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন। ২২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক ইউ কে বানসাল। বৈঠকে যোগ দিতে ভারতীয় প্রতিনিধিদল কাল মঙ্গলবার ঢাকায় আসার কথা।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যা পুরোপুরি বন্ধ ও অনুপ্রবেশ রোধের মতো বিষয়গুলো জোরালোভাবে তোলা হবে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে অনুপ্রবেশ বন্ধে করণীয় পদক্ষেপের বিষয়গুলো তোলা হতে পারে। এ ছাড়া দুই পক্ষ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) আওতায় কতটা কাজ হয়েছে, তা নিয়ে কথা বলবে। সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড দূর করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে সই হয় সিবিএমপি। ওই পরিকল্পনা অনুযায়ী, দুই পক্ষের পাঁচজন করে ১০ জন কর্মকর্তা সদর দপ্তর ও সীমান্ত এলাকায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন। তাঁদের কাজের পরিধি প্রসঙ্গে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে তাঁরা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন; কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দিলে এক পক্ষ অন্য পক্ষকে বিষয়টি জানাবে; আন্তর্জাতিক সীমান্তের দেড় শ গজের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড যথাসময়ে শেষ করার নিশ্চয়তা প্রদান; বড় ধরনের কোনো প্রসঙ্গ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। গত কয়েক বছরের তুলনায় সীমান্ত হত্যাকাণ্ডের সংখ্যা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। তাই বুধবার থেকে অনুষ্ঠেয় বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামানোর কথা বলবে বাংলাদেশ। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিএসএফ ২৩ জন বাংলাদেশিকে হত্যা করেছে। ২০১১, ২০১০ ও ২০০৯ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ৯৮, ৭৪ ও ৩১। বিজিবি আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করা, হত্যা করা, আহত করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশি নাগরিকদের অপহরণের প্রসঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া সীমান্তের অন্য প্রান্ত থেকে ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় ও মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান বন্ধ, সীমান্তরেখার দেড় শ গজের মধ্যে যেকোনো ধরনের সামরিক স্থাপনা নির্মাণ বন্ধ, সীমান্ত এলাকায় নিয়মিত উন্নয়ন ও মেরামতকাজ বাধাহীনভাবে শেষ করা, দুষ্কৃতকারী-সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও তত্পরতা বন্ধে উদ্যোগ গ্রহণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে।