বিজিবি সদস্যকে ফেরত দেয়নি বিএসএফ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বৌয়ারা বাজারসংলগ্ন ডলপিয়া গ্রামে ভারতের চোরাকারবারিরা বিজিবির এক সদস্যকে ধরে নিয়ে বিএসএফের হাতে তুলে দিয়েছে। তাঁকে ফেরত আনতে বিকেলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। আগামী দুই দিনের মধ্যে ভারত ও বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর পুনরায় পতাকা বৈঠক করে আটক হাবিলদারকে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ৩৩ বিজিবির কর্মকর্তা মেজর ইশতেয়াগ।আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে গোলাগুলিতে শাহ আলম নামের ভারতের এক চোরাকারবারি নিহত হয়। এ ঘটনার পর চোরাকারবারিরা বিজিবির টহল দলে থাকা হাবিলদার লুত্ফুর রহমানকে ধরে নিয়ে যায়। মেজর ইশতেয়াগ বলেন, আজ সকাল পৌনে সাতটার দিকে চোরাকারবারিরা ভারতীয় সীমান্তবর্তী ডলপিয়া গ্রামে ঢুকে ফেনসিডিল পাচার করছিল। ওই সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা ৫০০ বোতল ফেনসিডিল আটক করে। কিন্তু চোরাকারবারিরা এগুলো ছিনিয়ে নেওয়ার জন্য বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা ছয়টি গুলি ছোড়ে। এতে শাহ আলম মারা যায়। পরে চোরাকারবারিরা হাবিলদার লুত্ফুরকে ধরে নিয়ে যায়। মেজর ইশতেয়াগ আরও জানান, তাঁকে ফিরিয়ে আনতে আজ বেলা একটা থেকে তিনটা পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আখতারুজ্জামান এবং বিএসএফের পক্ষে ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে হেল বরাক।