বিজিবিতে নতুন সাড়ে ১২ হাজার নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আগামী পাঁচ বছরে ১২ হাজার ৪১২ লোকবল নিয়োগ করা হবে। নতুন এ নিয়োগের জন্য বাড়তি ব্যয় হবে এক হাজার কোটি টাকা।গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি জনবল বাড়ানোর এ প্রস্তাব অনুমোদন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে এ প্রস্তাবে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিজিবিতে বর্তমানে জনবলসংকট রয়েছে। সুন্দরবন ও পার্বত্য সীমান্তের ৫৩৯ কিলোমিটার এলাকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ার পরও জনবলের অভাবে সেখানে কোনো নিরাপত্তা স্থাপনা নির্মাণ বা কার্যক্রম গ্রহণ করতে পারেনি বিজিবি। প্রকট জনবল-সংকটের কারণে শুরু থেকেই সীমান্ত এলাকায় প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করা যায়নি। প্রতিবেশী ভারতের বিএসএফের তুলনায় বাংলাদেশের বিজিবির নিরাপত্তা চৌকির হার ২: ১।বিজিবির জনবল বাড়ানোর প্রয়োজনীয়তা জানিয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সম্মতির জন্য পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমদ ২৬ জুলাই এ প্রস্তাব পাঠান। গতকাল এতে সম্মতি দেওয়া হলো।জানা গেছে, সার্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিজিবির বিদ্যমান সাংগঠনিক কাঠামোর ৪৪ হাজার ২২৯টি পদ থেকে অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত পাঁচ হাজার ৯৪৩টি পদ বিলুপ্ত করা হচ্ছে। সূত্র জানায়, প্রথম পর্যায়ে ২০১২-১৩ অর্থবছরে চারটি অঞ্চল, চারটি সেক্টর, চারটি অঞ্চল ইন্টেলিজেন্স ব্যুরো এবং তিনটি বর্ডার গার্ড ব্যাটালিয়নের জন্য (বিয়ানীবাজার, রুমা ও বাবুছড়া) মোট ছয় হাজার ৩১৬টি পদের বিপরীতে লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২০১৩-১৪ অর্থবছরে বাগাইহাট এবং কুলাউড়া বর্ডার গার্ড ব্যাটালিয়নের জন্য এক হাজার ৫২৪টি পদে লোক নিয়োগ করা হবে। ২০১৪-১৫ অর্থবছরে নীলফামারী ও আলীকদম ব্যাটালিয়নে এক হাজার ৫২৪টি, ২০১৫-১৬ অর্থবছরে ঝিনাইদহ ও নওগাঁ ব্যাটালিয়নে এক হাজার ৫২৪টি এবং ২০১৬-১৭ অর্থবছরে সরাইল রিজার্ভ বর্ডার গার্ড ও পিলখানার জন্য এক হাজার ৫২৪টি পদে নিয়োগ দেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল প্রথম আলোকে বলেন, ‘কমিটিতে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, আমরা এতে ইতিবাচক সুপারিশ করেছি।’১৯৭৮ সালে সাবেক বিডিআরের জন্য ২২ হাজার ৯৩০টি পদসংবলিত জনবল কাঠামো অনুমোদন করা হয়েছিল। ১৯৮২ সালে আট হাজারের কিছু বেশি পদ যুক্ত হয়ে তা ৩০ হাজার ১৭৬তে উন্নীত হয়। পরে ধাপে ধাপে আরও তিন হাজার ৭২৪টি পদ বাড়ানো হয়। তবে এবারই প্রথম এত বেশি সংখ্যক পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা সূত্রে জানা গেছে, বিজিবি পুনর্গঠনের সিদ্ধান্ত অনুযায়ী ১৩, ২৪, ৩৬ ও ৪৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিলুপ্ত করে সেখানে নতুন নামের চারটি ব্যাটালিয়ন সৃষ্টি করা হবে।জানা গেছে, ৯৬ ক্যাটাগরির নতুন জনবলের মধ্যে থাকবে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অতিরিক্ত মহাপরিচালকের চারটি, কর্নেল পদমর্যাদার উপমহাপরিচালকের পাঁচটি, লে. কর্নেল পদমর্যাদার পরিচালকের ২৯টি, মেজর পদমর্যাদার অতিরিক্ত পরিচালকের ১১৮টি, ক্যাপ্টেন পদমর্যাদার উপপরিচালকের ১০৪টি, সহকারী পরিচালক/ক্যাপ্টেনের ৪০টি, সব ক্যাটাগরিতে সুবেদার মেজরের ২২টি, সুবেদারের ১১১টি, নায়েব সুবেদারের ২৩১টি, হাবিলদারের এক হাজার ৪৯টি, নায়েকের এক হাজার ৯৪৮টি, ল্যান্স নায়েকের দুই হাজার ৩১টি, সিপাহির চার হাজার ৯২৪টি, অফিস সহকারী ক্যাটাগরির ল্যান্স নায়েকের ১২০টি ও সিপাহির ২৪২টি পদ।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর এ বাহিনীর পুনর্গঠন করে নাম বদলে বিজিবি করা হয়। একই সঙ্গে এর জনবল কাঠামো সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়।