বিজিবির গাড়ি ভাঙচুর, সাতক্ষীরায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় হরতাল চলাকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত দুটি গাড়ি ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। এ সময় বিজিবির গুলিতে মাহবুবুর রহমান (২৮) নামের একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। এদিকে সকাল থেকে রাস্তা কেটে ও গাছের গুঁড়ি ফেলে সাতক্ষীরার সঙ্গে খুলনা ও উপজেলা শহরগুলোর যোগাযোগ বন্ধ করে দিয়েছেন হরতালের সমর্থনকারী জামায়াত-শিবিরের কর্মীরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর থেকে শহরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী কয়েকটি উপজেলা সড়কের আলীপুর, ছনকা, ঘোনা, ছয়ঘরিয়া, বাবুলিয়া, তালতলা, রামচন্দ্রপুর, ফিংড়ি, বদরতলাসহ কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করে রাখা হয়। সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকায় মহাসড়ক কেটে দেওয়া হয়। বেলা ১১টার দিকে শহরতলির রইছপুরে টহলরত বিজিবির দুটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা। এ সময় বিজিবির সদস্যরা গুলি চালান। এতে মাহবুবুর রহমান নামের এক যুবক নিহত হন বলে এলাকাবাসী জানান।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহীম জানান, সোহাগ (১২), নাজির হোসেন (৩০), ইনসুর আলী (৪৫) ও জাকির হোসেন (৪৫) নামের চারজন গুলিবিদ্ধ হয়েছেন।সাতক্ষীরার পুলিশ সুপার আসাদুজ্জাসান জানান, একজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে লাশ উদ্ধার করতে না পারায় কে মারা গেছে, তা জানা যায়নি।সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আরিফ দাবি করেন, হামলায় বিজিবির তিনজন সদস্য আহত হয়েছেন।এ ছাড়া সাতক্ষীরা সদরের আগরদাড়িতে জামায়াত-শিবিরের কর্মীরা ব্র্যাক অফিস, গাজিরহাটে কয়েকটি দোকান এবং আশাশুনি উপজেলার বাক্রা এলাকায় একটি দোকান ভাঙচুর করেন। শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।জামায়াত নেতা সাঈদীরা ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়ত-শিবিরের সহিংসতায় নয়জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা পৌরসভা ও আশাশুনি উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে।