বিজিবির দোকান পরিচালনা করবে সমবায় বিভাগ
রাজধানীর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ন্যায্যমূল্যের বিপণনকেন্দ্র এখন থেকে পরিচালনা করবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রথম পর্যায়ে রাজধানীর আটটি বিপণনকেন্দ্রের দায়িত্ব নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের ১০০টি বিপণনকেন্দ্র পরিচালিত হবে সমবায় বিভাগের মাধ্যমে। পবিত্র রমজানের আগে এসব বিপণনকেন্দ্র পরিচালনার দায়িত্ব সমবায় অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হবে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারি নির্দেশে বিজিবি (সাবেক বিডিআর) দীর্ঘদিন ‘অপারেশন ডাল-ভাত’ কার্যক্রম পরিচালনা করে। ২০০৭ সালের ৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বিপণনকেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে তিনটি পরে বন্ধ হয়ে যায়।জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, বাজার-ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের বিপণনকেন্দ্রের দায়িত্ব সমবায় বিভাগ নেবে। এ ছাড়া রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একটি করে বিপণনকেন্দ্র ও ভ্রাম্যমাণ বিপণনকেন্দ্র চালু করারও চিন্তা রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সমবায় সমিতির মাধ্যমে এ দোকানগুলো পরিচালিত হলে উৎপাদক ও ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। সমবায়ীদের উৎপাদিত কৃষিপণ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসব দোকানে ন্যায্যমূল্যে বিক্রি হবে।সূত্র জানায়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর তৎকালীন বিডিআর সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, তারা আর এ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় আগ্রহী নয়। বাংলাদেশ রাইফেলস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত এসব দোকান হস্তান্তরের দিকনির্দেশনা চায় তারা। গত বছরের জানুয়ারিতেই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ওই বিপণনকেন্দ্র পরিচালনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আগ্রহ প্রকাশ করে। বিডিআর বিদ্রোহের পর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিডিআরের ন্যায্যমূল্যের বিপণনকেন্দ্রে বাড়তি দায়িত্ব পালনের জন্য রাইফেলস সদস্যদের অতিরিক্ত অর্থ দেওয়া হতো না। এসব দোকানের লাভের কোনো অংশও তারা পেত না। এ নিয়ে বিডিআর সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল।যে আটটি দোকান নেওয়া হচ্ছে: সমবায় অধিদপ্তর পরিচালনা করবে যাত্রাবাড়ী পাইকারি বাজার, উত্তরা পাইকারি বাজার, দারুসসালাম সরকারি কলোনি এলাকা, মহাখালী টিঅ্যান্ডটি কলোনির পাশে, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ পাশে, শাহিনবাগ কলোনির পাশে, শ্যামলী ক্লাব মাঠের পাশে, আজিমপুর কলোনি কমিউনিটি সেন্টারের পাশের বিপণনকেন্দ্রগুলো। এসব বিপণনকেন্দ্রের নির্মাণ খরচ তিন কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা। বর্তমান অবস্থা: ২০০৮ সালের ৭ মে রাইফেলস কল্যাণ ট্রাস্ট এবং নির্মল উদ্যোগ লিমিটেডের মধ্যে চুক্তি অনুযায়ী বিপণনকেন্দ্রগুলো নির্মল উদ্যোগ কর্তৃক পরিচালিত হচ্ছিল। পরে গত ৯ জুন বিপণনকেন্দ্রগুলো থেকে নির্মল উদ্যোগ লিমিটেডকে বাদ দেওয়া হয়। সমঝোতার ভিত্তিতে শ্যামলী এবং আজিমপুরের বিপণিকেন্দ্র দুটির জমির মালিকানা ছাড়া শুধু অবকাঠামোগত স্থাপনার মূল্য প্রতিটি সাড়ে চার লাখ টাকায় শ্যামলী ক্লাব ও আজিমপুর গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া পিলখানার দোকানটি সংস্থার নিজস্ব প্রয়োজনে ব্যবহার হচ্ছে। সরেজমিনে: শ্যামলী বাসস্ট্যান্ড থেকে রিংরোড হয়ে যাওয়ার পথে হাতের বাঁয়ে শ্যামলী ক্লাব মাঠের পাশে গড়ে উঠেছিল বিডিআরের (বর্তমান বিজিবি) দোকান। গতকাল রোববার সরেজমিনে ঘুরে দেখা যায়, বিডিআরের দোকানের স্থাপনাটি এখনো আছে। শুধু বদলেছে নামফলক। স্থাপনাটিতে শ্যামলী ক্লাবের নামফলক ঝোলানো হয়েছে।ক্লাব কর্মকর্তারা জানান, সেখানে ক্লাবের ব্যায়ামাগার করা হবে। ব্যায়ামাগার তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।নাম প্রকাশ না করে ক্লাবের এক কর্মকর্তা বলেন, তাঁরা সাড়ে চার লাখ টাকা দিয়ে বিডিআর শপের স্থাপনাটি কিনে নিয়েছেন। জায়গাটি মূলত হাউজিংয়ের। বিডিআর শপ হওয়ার আগে সেটি শ্যামলী ক্লাবই ব্যবহার করত। আজিমপুর পুলিশ ফাঁড়ির সামনের মাঠে বিডিআরের যে দোকানটি ছিল, সেটিও এখন পরিত্যক্ত অবস্থায় আছে। বিডিআর সিনেমা হলের পাশে বিডিআরের দোকানটি এখনো চালু। সেখানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে, শুধু নামবদল হয়েছে। এখন সেটি ‘অন্তরঙ্গ ডিপার্টমেন্টাল স্টোর’। স্থানীয়রা এখনো মনে করেন, সেটি বিডিআরেরই দোকান।