বিজিবির পুনর্গঠন কত দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারিয়ে গেছে বিডিআর। লোকের মুখে মুখে ফেরা সেই নাম বদলে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। বদলে গেছে বাহিনীর পোশাক ও আইন। বিদ্রোহ তো দূরের কথা, এখন সামান্য ত্রুটি-বিচ্যুতিতেই পেতে হবে কঠোর শাস্তি। তবে এত কিছুর পরও বড় হয়ে উঠেছে বাহিনীর পুনর্গঠন।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের প্রচেষ্টার কমতি নেই। এ বাহিনীকে কীভাবে আরও আধুনিক করা যায়, সে প্রচেষ্টা অব্যাহত আছে।’বিজিবির কর্মকর্তারা বলছেন, পিলখানা বিদ্রোহের পর বাহিনীর ছয় হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিচারে তাঁদের সাজা হতে পারে। ফলে এই আধা সামরিক বাহিনীতে একটি বিরাট শূন্যতা দেখা দেবে। আর এর বিপরীতে যুক্ত হবে নতুন নতুন লোক। ফলে বলতে গেলে পুরো বাহিনীই ঢেলে সাজানোর মতো হয়ে যাবে।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ বিদ্রোহের ঘটনার পর বাহিনীকে ঢেলে সাজাতে তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই বছরের ১ মার্চ এ সংক্রান্ত খসড়া আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর গত ১২ জুলাই ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়। গত ৮ ডিসেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০’ জাতীয় সংসদে পাস হয়। এ আইন অনুসারে বাহিনীর নাম, পোশাক ও আইন পরিবর্তন করা হয়। বাহিনীর আঙ্গিকেও পরিবর্তন আসে। গত বছরের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী বাহিনীর নতুন পতাকা উত্তোলন করেন।নতুন আইন এলেই কি বাহিনীর ভেতরের সব সংকট মিটে যাবে—এ প্রশ্নের জবাবে বিজিবির মহাপরিচালক বলেন, আগের আইনের যেসব দুর্বলতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়েছে। জনবলও বাড়ানো হচ্ছে। এখন নতুন চারটি সেক্টর হবে। এতে সদর দপ্তরের প্রশাসনিক চাপও কমে যাবে। নতুন বাহিনীকে আরও কার্যকর করবে, সেক্টর ও অঞ্চলগুলোর মধ্যে সমন্বয় বাড়াবে। এতে সবকিছুর ভারসাম্য থাকবে। এটি অন্য সব বাহিনী থেকে একেবারেই স্বতন্ত্র আইন।বিজিবির কর্মকর্তারা বলছেন, তাঁদের কাছে এখন বড় চ্যালেঞ্জ বিডিআর বিদ্রোহের বিচার। দেশের আর কোনো ঘটনায় একসঙ্গে এত লোকের বিচারের নজির নেই। শুধু একটি বাহিনীতেই এখন ছয় হাজার লোকের বিচার হচ্ছে। বাহিনীর নিজস্ব আইনে বিচারের তিন হাজার লোকের শাস্তি দেওয়া হয়েছে। এ তিন হাজার লোকের পদ এখনো পূরণ হয়নি। আরও প্রায় তিন হাজার জওয়ানের বিচার চলছে।কর্মকর্তারা বলেন, বিডিআর বিদ্রোহে একটি অভিযোগ ছিল গোয়েন্দা ব্যর্থতার। জাতীয় পর্যায়ের তদন্ত কমিটির সুপারিশেও তা উল্লেখ করা হয়েছিল। ওই ঘটনার পর বর্তমানে বাহিনীর প্রতিটি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে। পিলখানাসহ সব সেক্টর সদরে অস্ত্র ও গোলাবারুদ স্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিটের (বিজিএসইউ) কার্যক্রমে গতি আনা হয়েছে। এ ছাড়া দুই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তর) ও এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সঙ্গে সব সময় সমন্বয় করা হচ্ছে। উপরন্তু যেকোনো আকস্মিক ঘটনা মোকাবিলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সব বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল করার প্রস্তাব আছে। সরকার এটা বিবেচনা করছে। এটি কার্যকর হলে সব বাহিনীর নিজস্ব গোয়েন্দা কার্যক্রমের বাইরে থেকে এটা কাজ করতে পারবে।অধুনালুপ্ত বিডিআর ও নবগঠিত বিজিবির মধ্যে পার্থক্য কোথায়—জানতে চাইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিজিবি আইন অনুযায়ী সাংগঠনিক কাঠামোর পরিবর্তন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অপরাধের মাত্রা অনুযায়ী উপযুক্ত শাস্তির বিধান হয়েছে। এ ছাড়া মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থাসহ অনেক যুগোপযোগী পরিবর্তন হচ্ছে। নতুন আইন অনুযায়ী প্রস্তাবিত রিজিয়ন সদর দপ্তরগুলো সীমান্তে অপরাধ দমন, সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করছে। সদর দপ্তর উচ্চ পর্যায়ের উন্নয়ন ও পরিকল্পনা তৈরি করছে। আঞ্চলিক সদর দপ্তরগুলো বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) ফ্রন্টিয়ার সদর দপ্তরগুলোর প্রতিপক্ষ হিসেবে কার্যক্রম সমন্বয় করছে।