বিজিবির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘কাটা পড়ছে ৪০ হাজার একর বন; কক্সবাজারের রামুতে বিজিবির ব্যাটালিয়ন’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সংস্থার মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘প্রতিবেদনে রামু ব্যাটালিয়নের জন্য ৪০ একর বন কাটা পড়ছে। এর মধ্যে ৩৬ একর সংরক্ষিত বনাঞ্চল। কাটা হয়েছে দুটি বড় পাহাড়’ উল্লেখ করে অতিরঞ্জিত সংবাদ প্রকাশিত হয়েছে, যা বিভ্রান্তিকর।তবে প্রতিবাদের চতুর্থ প্যারায় বলা হয়েছে, বিজিবির জন্য নির্বাচিত স্থানের জন্য গাছ কাটা কিংবা বড় পাহাড় কাটার ঘটনা অবাস্তব। জেলা প্রশাসনের মতামতের ভিত্তিতে বিজিবির জন্য যে স্থানটি নির্বাচন করা হয়েছে, তার অংশবিশেষ সংরক্ষিত বনাঞ্চল হলেও বিজিবির জন্য নির্ধারিত অংশে কোনো ধরনের বড় গাছ কিংবা বড় পাহাড়ের কোনো অস্তিত্ব ছিল না। রামুতে সাম্প্রতিক সময়ের সহিংস ঘটনার পর ওই অঞ্চলের বৌদ্ধপল্লির বাসিন্দাদের পুনর্বাসন, মন্দির সংস্কার ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিজিবি সরাসরি সম্পৃক্ত থাকায় ওই স্থানে বিজিবি সদস্যদের অস্থায়ী আবাসন স্থাপন করার জন্য স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনে কিছু ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে।প্রতিবাদে বলা হয়, প্রকৃতপক্ষে কক্সবাজারের ঝুঁকিপূর্ণ সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে এবং রামুতে সাম্প্রতিককালে সংঘটিত সহিংসতার পুনরাবৃত্তি রোধে বিজিবির ব্যাটালিয়ন স্থাপনের জন্য রামুতে বিজিবির জন্য কৌশলগতভাবে সুবিধাজনক স্থান নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভাগীয় বন কর্মকর্তা ও বনবিভাগের বিট কর্মকর্তাসহ স্থানীয় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে সমন্বিত একটি দল নিয়ে রামু উপজেলার রাজারকুল সম্ভাব্য স্থাপন পরিদর্শন করা হয়।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের প্রায় সব তথ্য ও উপাত্ত বন বিভাগের আপত্তিপত্র থেকে নেওয়া। ব্যাটালিয়ন স্থাপনের স্থানটি সংরক্ষিত বনের অংশ তা বিজিবির প্রতিবাদেই স্বীকার করা হয়েছে। আর বন আইন অনুযায়ী, সংরক্ষিত বনে কোনো ধরনের স্থাপনা করা ও গাছ কাটতে হলে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হয়। জেলা প্রশাসন ও বনবিভাগ এ বিষয়ে অনুমতি দেওয়ার এখতিয়ার রাখে না।এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের পরিদর্শনে রাজারকুলে দুটি পাহাড় কাটার প্রমাণ মেলে। সরকারি নথিতেও ওই এলাকায় দুটি পাহাড়ের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে। ওই স্থানে বনভূমি কাটার অভিযোগ বন বিভাগ থেকে করা হয়েছে। সেখানে বনভূমি কাটা ও পরিষ্কার করার একটি আলোকচিত্রও প্রতিবেদনের সঙ্গে প্রকাশ করা হয়েছে।