বিজিবির সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি
রেলের মহাপরিচালক ও টাকা উদ্ধারের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান আবু তাহের জানিয়েছেন, অর্থ কেলেঙ্কারির ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হককে আগামীকাল বুধবার দুর্নীতি দমন কমিশনে জবানবন্দি দিতে ডাকা হয়েছে।রেলের মহাপরিচালক জানান, সাবেক রেলমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার ও এপিএসের গাড়ির চালক আলী আজমকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি।রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আজ সকাল ১১টার দিকে তদন্ত কমিটির সামনে হাজিরা দিয়েছেন। সাংবাদিকরা ওই দিনের ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনামুল হক দাবি করেন, ‘ওই দিন কোথায় যাচ্ছিলাম, তা আমি জানি না। রাত নয়টার দিকে জিএম আমাকে ফোন করে তাঁর বাসায় যেতে বলেন। বাসায় আসার পর তিনি তাঁর সঙ্গে আমাকে বাইরে যেতে হবে বলে জানান। জিএমের গাড়িতে চড়ে আমরা সাইন্সল্যাব পর্যন্ত যাই। এরপর আমরা ফারুকের গাড়িতে উঠি। গাড়িটি বিজিবির সদর দপ্তরের ফটকের কাছে এসে হঠাত্ করে ভেতরে ঢুকে যায়। গাড়িটি ভেতরে অনেক দূর পর্যন্ত চলে যায়। এরপর চালক আজম গাড়িতে অনেক টাকা আছে বলে চ্যাঁচামেচি শুরু করলে বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করে। পরদিন সকাল নয়টার দিকে গাড়িচালক আলী আজমকে রেখে পিলখানা থেকে আমাদের দুজনকে ছেড়ে দেয় বিজিবি। ফারুকের গাড়িতে করেই আমরা পিলখানা ত্যাগ করি।’ রেলের মহাপরিচালক জানান, রেলের নিয়োগ বাণিজ্য তদন্তে দুটি কমিটি হয়েছে। এর মধ্যে একটি রেলপথ মন্ত্রণালয় এবং অন্যটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।