রাঙামাটি থেকে অপহূত জেএসএসের ৫২ সমর্থক ও কর্মীকে ৫২ দিনেও উদ্ধার করা যায়নি
বিজু নেই ৫২ পরিবারে
পার্বত্য চট্টগ্রামজুড়ে এখন পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে আহ্বানের উৎসবের প্রস্তুতি চলছে। পাহাড়ের বড় জাতিগোষ্ঠী চাকমাদের ‘বিজু’ উৎসব, শুরু হচ্ছে ১২ এপ্রিল থেকে। এ সময় পাহাড়ি গ্রামগুলোতে চলে ঐতিহ্যবাহী খেলা, আনন্দে মেতে ওঠে সব বয়সের মানুষ। কিন্তু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর খাগড়াছড়ি গ্রামের মৃগসোনা চাকমার (৪৪) বাড়িতে শোকের ছায়া। শুধু এই বাড়ি নয়, ওই গ্রামের নয়টি পরিবারসহ মোট ৫২ পরিবারে এবার বিজু উৎসব নেই। কারণ এসব পরিবারের কারও স্বামী, কারও সন্তান, কারও ভাই অপহূত হয়ে ৫২ দিন ধরে নিখোঁজ।৫ এপ্রিল বিজু উপলক্ষে উত্তর খাগড়াছড়ি গ্রামে খেলাধুলা ও নাচগানের আয়োজন করা হয়। উৎসব ও নাচগানের শব্দ শুনে অপহূত পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে গ্রামের জ্যেষ্ঠ ব্যক্তিরা বৈঠক করে বিজু উৎসব পালন না করার সিদ্ধান্ত নেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোনারাম চাকমা বলেন, অপহূত পরিবারের সদস্যরা খেয়ে না-খেয়ে কোনো রকমে বেঁচে আছেন। তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে এ বছর উত্তর খাগড়াছড়ি গ্রামে বিজু উৎসব পালন করা হবে না। গত ১৬ ফেব্রুয়ারি রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ইঞ্জিন নৌকায় ফেরার পথে লংগদু উপজেলার কাট্টলীর জোড়টিলা থেকে জেএসএসের ৬২ জন কর্মী ও সমর্থক অপহূত হন। পরবর্তী সময়ে নারী-শিশু-বৃদ্ধসহ ১০ জনকে ছেড়ে দেয় অপহরণকারীরা। বাকি ৫২ জনকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটাকে ‘হূদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন চাকমা সার্কেলের প্রধান দেবাশীষ রায়। তিনি প্রথম আলোকে বলেন, পার্বত্য এলাকায় আদিবাসীদের কোনো সমস্যা হলে প্রশাসন তা গায়ে লাগায় না।অপহরণের এ ঘটনার জন্য পিসিজেএসএস দায়ী করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ)। অবশ্য ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করে আসছে।এরই মধ্যে অপহূত মৃগসোনা চাকমার স্ত্রী রীনা চাকমা স্বামীর চিন্তায় অসুস্থ হয়ে ১৫ মার্চ মারা গেছেন। রেখে গেছেন তাঁর দুই ছেলে—সপ্তম শ্রেণীতে পড়ুয়া নয়ন বিকাশ চাকমা ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া চয়ন বিকাশ চাকমা। পরিবারে অভিভাবক বলতে ছিলেন তাদের দাদা মঙ্গলচান চাকমা (৬৫)। তিনিও ৬ এপ্রিল রাতে মারা যান।গত সোমবার উত্তর খাগড়াছড়ি গ্রামে গিয়ে কথা হয় মিতালি চাকমা ও কানঙ্গিনী চাকমার সঙ্গে। তাঁদের দুজনেরই স্বামী অপহূত হয়েছেন। মিতালি জানান, পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিটি না থাকায় তিনি চার সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। তাঁর ছেলেটাও অসুস্থ। এরই মধ্যে এসেছে প্রধান উৎসব বিজু।মিতালি চাকমা বলেন, ‘পেতে ভাত নেই, বিজু পালন করব কীভাবে? ছেলেমেয়েরা প্রায় সময় বলছে, “মা, বিজুর দিনে কী আয়োজন করবা।” তাদের মিথ্যা আশ্বাস দিয়ে রাখছি। বলছি, তোমাদের বাবা সব কিছু নিয়ে আসবেন।’অপহূতদের মধ্যে ২৬ জন লংগদু উপজেলার এবং বাকি ২৬ জন বাঘাইছড়ি উপজেলা বিভিন্ন গ্রামের। এর মধ্যে লংগদু উপজেলার ২৬টি পরিবারকে গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ কেজি করে চাল ও এক হাজার টাকা করে বিতরণ করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুখময় চাকমা। বাঘাইছড়ি উপজেলার পরিবারের সংখ্যা নির্ণয় করে তাদেরও শিগগির ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। তিনি বলেন, যত দিন অপহূত ব্যক্তিরা ফিরে না আসে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে সাহায্য দেওয়া হবে। এদিকে অপহরণের পর ৫২ দিন পার হলেও গতকাল পর্যন্ত এ ঘটনাসংক্রান্ত কোনো তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি বলে মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। অপহরণের ঘটনায় কোনো মামলা না হওয়ায় রাঙামাটি জেলা পুলিশ এ ব্যাপারে মন্ত্রণালয়ে লিখিত কোনো তথ্য পাঠায়নি বলে ওই সূত্রটি জানায়।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহেমদ বলেন, ‘এতগুলো মানুষ যদি অপহূত হন, তবে নিঃসন্দেহে তা বিরাট ঘটনা। তবে বিষয়টি আমাদের জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’‘রাঙামাটিতে পিসিজেএসএসের ৫২ সদস্য অপহরণ ৩৮ দিনেও তৎপরতা নেই’ শিরোনামে গত ২৭ মার্চ প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। তখন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, উদ্ধারের চেষ্টা চলছে। সর্বশেষ গতকালও জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেছেন, স্থানীয় দুই দলের সমঝোতার মাধ্যমে অপহূতদের উদ্ধারের চেষ্টা চলছে। আর জেলা প্রশাসক বলেছেন, অপহূতদের উদ্ধার করতে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে এত দিনেও এতগুলো মানুষ উদ্ধার না হওয়াটাকে আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।