বিজেপির ওপর সাধারণ মানুষ বিরক্ত: আদভানি
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি বলেছেন, কংগ্রেসের পাশাপাশি কোনোভাবে বিজেপির ওপরও সাধারণ মানুষ বিরক্ত। তিনি যুক্তরাষ্ট্রের একটি সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন।আদভানি বলেন, ‘কয়েক বছর ধরে দেখছি, জনগণ দেশের শাসক দলের ওপর ক্ষেপে উঠলে সমানভাবে বিজেপির ওপরও অসন্তুষ্ট হয়। এতে আমি খুব হতাশ।’বর্ষীয়ান এই নেতা এর সঙ্গে যোগ করলেন, কয়েক বছর ধরেই দেশজুড়ে যে হারে দুর্নীতি বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষ রাজনৈতিক দলের ওপর মারাত্মকভাবে বিরক্ত হয়ে উঠছে, বিশেষ করে এখন যারা ক্ষমতায় রয়েছে, তাদের নিয়ে তো সাধারণ মানুষ রীতিমতো হতাশ। এমনকি বিজেপির ব্যাপারেও মানুষের মোহভঙ্গ হয়েছে। দুর্নীতির ব্যাপারে বিজেপি যেন কোনো রকম আপস না করে—সাধারণ মানুষ সেটাই চায়।আগামী বছর অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন লালকৃষ্ণ আদভানি। তিনি বলেন, এই কয়েক বছরে কংগ্রেসের বিরুদ্ধে যে হাওয়া উঠেছে, তা বিজেপি কাজে লাগাতে পারেনি; বরং কোথাও কোথাও কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে।