বিজেপির জন্য শাঁখের করাত মোদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত নেতা নরেন্দ্র মোদিকে দলটির পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির উত্থান বিজেপির জন্য শাঁখের করাতের মতো হতে পারে। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই মতামত তুলে ধরা হয়। চলতি মাসের ১৩ ও ১৭ ডিসেম্বর গুজরাট রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে নরেন্দ্র মোদির চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে খুব কম লোকই সন্দেহ পোষণ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ৬২ বছর বয়সী এই বিতর্কিত নেতা ব্যাপক সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। এর মধ্য দিয়ে তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে যাবেন। কেউ কেউ মনে করেন, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের নানা কেলেঙ্কারিকে রাজনৈতিক সুবিধা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে বিজেপি। একমাত্র মোদিই পারেন এই নেতিয়ে পড়া ভাব থেকে বিজেপিকে উজ্জীবিত করতে। বিশ্লেষকদের দৃষ্টিতে মোদি স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নেতা। এক দশক আগে গুজরাট দাঙ্গার সময় তাঁর ভূমিকা মানুষ ভুলে যায়নি। নিজ রাজ্য গুজরাটে তাঁর জনপ্রিয়তা থাকলেও জাতীয় নেতা হিসেবে ভোটারদের কাছে তাঁর ভাবমূর্তি মোটেও ভালো নয়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের কমনওয়েলথ স্টাডিজের অধ্যাপক জেমস ম্যানরের মতে, গুজরাটের বাইরে তাঁর তেমন ভোট নেই। জাতীয় নির্বাচনে ভোটারদের কাছ থেকে তিনি আরও বিচ্ছিন্ন হবেন।২০০২ সালের দাঙ্গায় এক থেকে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশ ছিলেন মুসলিম। ওই দাঙ্গা বন্ধে মোদির ভূমিকা নিয়ে সমালোচনা রয়েছে। অনেকের অভিযোগ, নিশ্চুপ থেকে মোদি বরং ওই দাঙ্গায় উসকানি দিয়েছেন। ওই ঘটনায় অনেক ভারতীয় এখনও মোদিকে ক্ষমা করেনি।এসব অভিযোগ অস্বীকার করে আসছেন মোদি। তদন্তে মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। দাঙ্গার পর নিজের ভাবমূর্তি উদ্ধারে নানা উদ্যোগ নিয়েছেন মোদি। বক্তৃতায় তাঁর উগ্রতা কমে গেছে। ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠায়ও কাজ করছেন তিনি! তাঁর ১০ লাখেরও বেশি টুইটার অনুসারী আছে। ভোটারদের সঙ্গে ওয়েবক্যামে চ্যাট করেন তিনি। কিন্তু দাঙ্গার দায় এড়ানোর জন্য এসব যথেষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষক প্রাণজয়গুহ ঠাকুরতার মতে, দেশের মানুষ এখনো মোদিকে সন্দেহ করে। তিনি যত দিন বেঁচে থাকবেন, ২০০২ সালের দাঙ্গার ঘটনা ততদিন তাঁকে ভোগাবে। শুধু তা-ই নয়, মোদির নেতৃত্ব বিজেপির সঙ্গে মিত্রদের দূরত্বও তৈরি করতে পারে। দেশের বাইরেও মোদির অবস্থান বেশ নাজুক। সম্প্রতি মোদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নবায়ন করেছে ব্রিটেন। কিন্তু যুক্তরাষ্ট্রসহ অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলো চোখে মোদি এখনো এক খলনেতা। ২০০৫ সালে ওয়াশিংটন তাঁকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। গত মাসে একদল মার্কিন আইনপ্রণেতা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছে মোদিকে ভিসা না দেওয়ার ধারা অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন। তাঁরা বলছেন, নেতৃত্বের পদে লড়াইয়ে সফল হওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরের চেষ্টা করতে পারেন তিনি। আর মোদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার অর্থ হবে, ২০০২ সালের দাঙ্গায় তাঁর ভূমিকাকে দায়মুক্তি দেওয়া। তাই দেশ-বিদেশের পরিস্থিতি মিলিয়ে, ২০১৪ সালের সাধারণ নির্বাচনকে সমানে রেখে জাতীয় নেতা হিসেবে মোদির উত্থান বিজেপির জন্য শাঁখের করাত হয়ে উঠতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মত দিয়েছেন।