বিজ্ঞান ও প্রযুক্তির ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কোনটি? এ নিয়ে বিতর্ক হতেই পারে, তবে নিশ্চিতভাবে অন্যতম অর্জনটি এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে। আর তা হলো, আমাদের সোনালি আঁশ পাটের জিন নকশার উন্মোচন। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও প্রকৌশলীদের একটি কর্মঠ দল সেই ইতিহাসটি গড়েছে, জিন নকশা উন্মোচনের ঘোষণা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, সংসদে। এখন উন্মোচিত জিন নকশা ব্যবহার করে পাটের বৈশিষ্ট্য বদলে দিয়ে নতুন জাতের পাট উদ্ভাবন করা হয়েছে, যেটি বন্যার পানিতে পচবে এবং খরাতে কম পানি নিয়েও বেঁচে থাকবে অনেক দিন। পাটের সুতার মানও বৃদ্ধি পাবে বলে গবেষকদের ধারণা। আর এই বিশাল কর্মযজ্ঞের পুরোটাই হচ্ছে সরকারি অর্থায়নে।পাটের জিন নকশা উদ্ভাবন ছাড়া আরও কিছু আবিষ্কার ও উদ্ভাবনের আনন্দ আমাদের দিয়েছে ২০১০। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আইসিসিডিআরবির বিজ্ঞানী শাহ এম ফারুকের কলেরা ভাইরাসের জীবাণু এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী শুভ রায়ের প্রথম কৃত্রিম কিডনি উদ্ভাবন। লোডশেডিংয়ের অত্যাচার এখনো মানুষের মনে দাগ কেটে আছে। এর মধ্যেই প্রয়োজন যে উদ্ভাবনের জনক, তা প্রমাণ করে দিয়েছে সৌরশক্তি। বিদ্যুতের চাহিদা মেটাতে দেশের বিভিন্ন স্তরের গ্রাহকেরা সৌরশক্তি ব্যবহার শুরু করেছেন। ব্যক্তি বা পরিবার থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সৌরশক্তি সম্প্রসারণের সঙ্গে যুক্ত হয়েছে। সরকারও বিদ্যুতের নতুন সংযোগ পাওয়ার জন্য সৌরবিদ্যুৎ থাকাটা বাধ্যতামূলক করে দিয়েছে। এ ছাড়া একটি বিশেষ তারিখের কারণেও এ বছরটা স্মরণীয় হয়ে থাকবে। তারিখটা হলো ১০.১০.১০। তারিখটা পর্যায়ক্রমিক ১ ও ০ দিয়ে তৈরি বলে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটা পালিত হয়েছে ডিজিটাল ডে বা বাইনারি মুহূর্ত হিসেবে। বাংলাদেশে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইনারি মুহূর্ত উদযাপন করে।এসব ঘটনার পাশাপাশি বিজ্ঞান মেলা, বিজ্ঞান উৎসব, প্রকল্প প্রদর্শনী ইত্যাদি নিয়ে জমজমাট ছিল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিজ্ঞান ক্লাব ও সংগঠন। এ ছাড়া প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক বেশ কিছু বই। যেমন—একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান, ন্যানো, সবার জন্য পদার্থ বিদ্যা ১, ২ ইত্যাদি।গণিত অলিম্পিয়াডের জন্য এ বছরটাও ছিল সাফল্যমণ্ডিত। যথারীতি অষ্টম গণিত উৎসব ও অলিম্পিয়াড বছরের শুরুতে অনুষ্ঠিত হয়। বছরের মধ্যভাগে কাজাখস্তানে অনুষ্ঠিত ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ গণিত দলের সদস্য তারিক আদনান মুন ব্রোঞ্জ পদক অর্জন করেন। এ ছাড়া আরও তিনজন সদস্য অর্জন করেন সম্মানজনক স্বীকৃতি। এ বছর বিজ্ঞানে আন্তর্জাতিক অঙ্গনও ছিল ঘটনাবহুল। গত বছরের শেষভাগে শুরু হওয়া সার্ন গবেষণাগারের লার্জ হার্ডন কোলাইডার পরীক্ষা এ বছরও চলছে। বিজ্ঞানীরা আশা করছেন, আগামী বছরই তাঁরা এই মহা আয়োজনের ফলাফল পেয়ে যাবেন।এ ছাড়া ভূমিকম্পে এবার বাংলাদেশ, হাইতিসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্প প্রতিরোধ ও প্রতিকারে বিজ্ঞানকর্মীরা কাজ করে যাচ্ছেন। দেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য দেখেছে সৌরশক্তি। সৌরশক্তিচালিত প্রথম বিমান ২৬ ঘণ্টা আকাশে বিচরণ করে।চিলির উদ্ধার অভিযানের জন্যও ২০১০ সাল বিজ্ঞানের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। চিলিতে সোনার খনিতে আটকে পড়েছিলেন ৩৩ জন শ্রমিক, প্রায় দুই মাস পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। বিজ্ঞানী, পদার্থবিদ, চিকিৎসক, প্রকৌশলী, নাসার নভোচারী, চিলির রাষ্ট্রপতি—অনেকেই যুক্ত ছিলেন এ উদ্ধারকাজে। সবাইকে সঙ্গে নিয়ে বিজ্ঞানকে কাজে লাগিয়ে জিততে পারার আনন্দটা ভালোভাবেই দেখেছে ২০১০। বিদায় তোমায়...গণিত অলিম্পিয়াড ডেস্ক