বিজ্ঞান গবেষণায় ভারতকে ছাড়িয়ে গেছে চীন: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে বিশ্বে আমরা ক্রমেই পিছিয়ে পড়ছি এবং চীনের মতো প্রতিবেশী দেশগুলো এ ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে গেছে।’ ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের ৯৯তম সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সম্পদের সীমাবদ্ধতার কারণে ভারতে জিডিপির যে অংশ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করা হয়, তা খুবই সামান্য। দ্বাদশ পরিকল্পনার মেয়াদকালের শেষ নাগাদ এই খাতে বর্তমানে ব্যবহূত জিডিপির প্রায় ০.৯ শতাংশকে বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করতে হবে।’ তিনি বলেন, গবেষণা ব্যয়ের এক-চতুর্থাংশ বেসরকারি সংস্থা থেকে আসছে। এই অংশগ্রহণ তিনি আরও বাড়ানোর পরামর্শ দেন।প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘অত্যন্ত পরিহাসের বিষয় হলো জিই এবং মটোরোলার মতো বিশ্বমানের কোম্পানিগুলো ভারতে তাদের বিরাট প্রযুক্তিপল্লি তৈরি করেছে। অন্যদিকে ওষুধশিল্প ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যেটা আমরা তা পারিনি।’ তিনি ভারতের বিজ্ঞাননীতির সমালোচনা করলেও মনে করিয়ে দেন, গবেষণা জার্নাল প্রকাশের ক্ষেত্রে ২০০৩ সালে থাকা ১৫তম অবস্থান থেকে ভারত ২০১০ সালে নবম স্থানে আসতে সক্ষম হয়েছে।মনমোহন সিং বিজ্ঞানের ছাত্রদের অন্য পেশায় চলে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অদূরদর্শী পরিকল্পনার কারণে আমাদের সেরা শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করলেও কর্মক্ষেত্রে তারা অন্য পেশাকে বেছে নিচ্ছে।’২০০০ সালে বিজ্ঞানে পিএইচডিধারী ভারতীয় নারীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই ডিগ্রিধারীদের ৬০ শতাংশই ছিলেন বেকার।সায়েন্স কংগ্রেসের সভাপতি এবং কর্নাটক স্টেট উইমেন ইউনিভার্সিটির উপাচার্য গীতা বালি বলেন, উচ্চতর প্রাতিষ্ঠানিক গবেষণার ক্ষেত্রে ভারতে মেয়েদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমে গেছে।