মৌলিক পদার্থ ও সৌরজগতে গ্রহের সংখ্যা একেক বইয়ে একেক রকম। জনসংখ্যা বিষয়েরও আছে ভিন্ন ভিন্ন তথ্য। আবিষ্কারের সাল নিয়েও আছে অসংগতি। আছে তথ্য সরলীকরণের নামে মৌলিক ধারণা তৈরিতে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা। রয়েছে ভুল তথ্য।২০১১ সালের জন্য নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রকাশিত তৃতীয় থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের এই হাল। ভুল তথ্য আর অসংগতি রেখেই ১৯৯৬ থেকে পাঠ্যবইগুলো সংশোধিত ও পরিমার্জিত হয়েছে; হয়েছে পুনর্মুদ্রণও। কিন্তু ভুলগুলো থেকে গেছে যেন আপন শক্তিতে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবমতে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় পৌনে দুই কোটি শিক্ষার্থী এসব বই পড়ছে; ভুল শিখছে।বিজ্ঞানের গবেষক আলী আসগর বলেন, বিজ্ঞানের সব তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তবে যে তথ্যই দেওয়া হোক না কেন, তা অবিকৃত রাখতে হবে। যেখানে তথ্য বা উপাত্ত সুনির্দিষ্টভাবে দেওয়া সম্ভব নয়, সেখানে অস্পষ্টতার বিষয়টিও উল্লেখ করতে হবে। এতে শিক্ষার্থীদের উপলব্ধি হবে, পরবর্তী ধাপে সে হয়তো এ বিষয়ে জানতে পারবে।শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমাদের দেশের পাঠ্যক্রম পুরোনো। পাঠ্যবইগুলোও আকর্ষণীয় নয়। বিশেষ করে, বিজ্ঞানের বইগুলোর ভাষা এমন সহজবোধ্য হওয়া চাই, যাতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে না হয়। সে নিজেই যেন এটা বুঝতে পারে। এ ছাড়া বইয়ে প্রচুর উদাহরণ রাখা জরুরি।’পদার্থ ও রসায়নবিজ্ঞানে অসংগতি: অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। কিন্তু সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ‘হাইড্রোজেন’ অধ্যায়ে বলা হয়েছে, ‘বাতাসে হাইড্রোজেন দহনের ফলে পানি উৎপন্ন হয়।’ (পৃষ্ঠা-৩৯) বাতাসে অক্সিজেন না থাকলে সেখানে তো পানি তৈরি সম্ভব নয়। তবে কেউ কেউ মনে করেন, এটা গুরুতর ভুল না। কারণ বাতাসে তো অক্সিজেন থাকেই। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের নাম ‘মহাকর্ষ ও অভিকর্ষ’। এ অধ্যায়ের ৬৮ পৃষ্ঠায় অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত বস্তুর গ্যালিলিও পরীক্ষার উল্লেখ করা হয়েছে। ‘...১৫৮৯ খ্রিষ্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও একটি পরীক্ষা করে দেখান যে একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সব বস্তু, ভারী বা হালকা—একই সময়ে মাটিতে এসে পড়ে।’ পিসার হেলানো টাওয়ার থেকে গ্যালিলিও এ পরীক্ষাটি করেছিলেন বলে পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে।কিন্তু উইকিপিডিয়ার তথ্যমতে, গ্যালিলিও এমন প্রক্রিয়ায় যে ত্বরণ পরিমাপ করেননি, সে ব্যাপারে প্রায় সব বিজ্ঞানী বর্তমানে একমত। হেলানো তলের সাহায্যে তিনি পরীক্ষাটি করেছিলেন। স্টিফেন হকিং তাঁর কালের সংক্ষিপ্ত ইতিহাস বইয়েও বিষয়টি উল্লেখ করে বলেছেন, পিসার হেলানো টাওয়ারের ওই পরীক্ষার ঐতিহাসিক ভিত্তি নেই।‘অতি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও পরমাণু দেখা যায় না।’ অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পাঠ্যবইয়ে পরমাণু সম্পর্কে (পদার্থের গঠন: অণু, পরমাণু, প্রথম অধ্যায়, পৃষ্ঠা-২) এমন তথ্য রয়েছে। একই তথ্য রয়েছে মাধ্যমিক রসায়নে। (পদার্থের গঠন, দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা-১১)তবে ২০০৪ সালে দেওয়া যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির তথ্যমতে, ল্যাবরেটরির গবেষকেরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে (স্ক্যানিং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ) সিলিকন পরমাণুর ছবি তুলেছেন। গত বছর সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বোরন, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর ছবি তোলা হয়েছে বলে জানানো হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. আরশাদ মোমেন প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন বলি, কোনো কিছু দেখা যায় না, তা সাধারণ অর্থে বোঝায় বস্তুটি আলোক দিয়ে দেখা যায় না। কিন্তু চোখের দেখাই তো শেষ কথা নয়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও তো আমরা দেহাভ্যন্তরেও “দেখছি”। যদিও সে ক্ষেত্রে আমরা ব্যবহার করছি শব্দ তরঙ্গ। পরমাণু আলো দিয়ে দেখা সম্ভব নয়। এ জন্য ব্যবহার করতে হয় ইলেকট্রনের তরঙ্গ, যা দিয়ে পরমাণুকে “দেখা” সম্ভব।’নবম-দশম শ্রেণীর মাধ্যমিক সাধারণ বিজ্ঞানের ‘শক্তি’ অধ্যায়ে শক্তির নিত্যতা সম্পর্কে বলা হয়েছে, ‘শক্তির বিনাশ বা সৃষ্টি নেই, শক্তি কেবল মাত্র একরূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত হয় এবং বিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।’ (পৃষ্ঠা-৫৭) উদাহরণ হিসেবে বলা হয়েছে, বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ইত্যাদি। আবার একই অধ্যায়ের একই পৃষ্ঠায় পারমাণবিক শক্তি সম্পর্কে বলা হয়েছে, পরমাণু ভেঙে বিপুল শক্তি বের করা যায়। অর্থাৎ ভর শক্তিতে পরিণত হয়।ভর ও শক্তি সম্পর্কে এমন বর্ণনায় শিক্ষার্থীদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে উল্লেখ করে অধ্যাপক মো. আরশাদ মোমেন বলেন, নিউটনীয় তত্ত্বে বস্তু ও শক্তি আলাদা করে শক্তির নিত্যতা মেনে চলে। কিন্তু আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। এ ক্ষেত্রে ‘ভর এবং শক্তির নিত্যতা’ এভাবে বিষয়টি বর্ণনা করা যেত।মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানের শিক্ষক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিজ্ঞানের পাঠ্যবইগুলো অনেকটা নোট বা গাইড বইয়ের মতো। বিজ্ঞানের মৌলিক ধারণাগুলো স্পষ্ট নয়। অনেক বিষয়ের সর্বশেষ তথ্য নেই। বিস্তৃত আকারে তা বর্ণনা করার দরকার ছিল। আরও বেশি গাণিতিক সমস্যা থাকলে শিক্ষার্থীরা উপকৃত হতো।পাঠ্যবইয়ে তথ্যের গরমিলের অভিজ্ঞতা উল্লেখ করে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জি কে এম কে মডেল পাইলট হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘শহরের শিক্ষকদের বিজ্ঞানের সর্বশেষ তথ্য সম্পর্কে যতটা জানার সুযোগ রয়েছে, গ্রামে ততটা নেই। তাই বিজ্ঞানের পাঠ্যবইয়ে সর্বশেষ তথ্য যুক্ত করা হলে শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষই লাভবান হতো।’সৌরজগতে গ্রহের সংখ্যায় গরমিল: তৃতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের ‘আমাদের বিশ্ব’ অধ্যায়ে গ্রহের সংখ্যা বলা হয়েছে আটটি (পৃষ্ঠা-৫৭)। আবার মাধ্যমিক পদার্থবিজ্ঞানের ‘আধুনিক পদার্থবিজ্ঞান’ অধ্যায়ে সৌরজগতে গ্রহের সংখ্যা নয়টি উল্লেখ করা হয়েছে (পৃষ্ঠা-৩১৪)। বর্তমানে প্লুটোকে গ্রহের স্বীকৃতি দেওয়া হয় না। বিষয়টি তৃতীয় শ্রেণীতে সঠিক লিখলেও নবম-দশম শ্রেণীতে তা না বলে ভুল তথ্য দেওয়া আছে। সংশোধনও করা হয়নি।মৌলিক পদার্থের সংখ্যা কত?: পৃথিবীতে এ পর্যন্ত ১০৯টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে (ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ধাতু ও অধাতু অধ্যায়, পৃষ্ঠা-৩২)। সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানে হাইড্রোজেন অধ্যায়ে (পৃষ্ঠা-৩৭) এ সংখ্যা বলা হয় ১১০টি। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পদার্থের গঠন: অণু, পরমাণু অধ্যায়ের তথ্য ১১১টি।আসলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির ২০০৭ সালের তথ্যমতে, মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে তিন তথ্য: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিজ্ঞানের পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের সচেতন করার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। অথচ ২০০১ সালের আদমশুমারি প্রতিবেদনের বরাত দিয়ে তিন ধরনের তথ্য রয়েছে। চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানে জনসংখ্যা ও পরিবেশ অধ্যায়ের তথ্য হলো, জনসংখ্যা প্রায় ১৩ কোটি ৩০ হাজার (পৃষ্ঠা-১০৯)। আর পঞ্চম শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানে জনসংখ্যা ও পরিবেশ অধ্যায়ে, জনসংখ্যা ১২ কোটি ৯৩ লাখ (পৃষ্ঠা-১৬২)। আবার সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানে জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশ দূষণ অধ্যায়ে বলা হচ্ছে, জনসংখ্যা প্রায় ১৩ কোটি (পৃষ্ঠা-১৬৭)।আবিষ্কারের সাল নিয়ে বিভ্রান্তি: ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ‘ধাতু ও অধাতু’ অধ্যায়ে বলা হয়েছে, ১৭৫৬ সালে ব্রিটিশ বিজ্ঞানী ক্যাভেন্ডিস সর্বপ্রথম হাইড্রোজেন আবিষ্কার করেন (পৃষ্ঠা-৩৪)। একই বিষয়ে সপ্তম শ্রেণীর সাধারণ বিজ্ঞানে হাইড্রোজেন অধ্যায়ের তথ্য হলো, ১৭৬৬ সালে হেনরি ক্যাভেন্ডিস সর্বপ্রথম এ গ্যাসের অস্তিত্ব আছে বলে বুঝতে পারেন। আর ১৭৮৮ সালে বিজ্ঞানী ল্যাভয়সিয়ে প্রমাণ করেন যে হাইড্রোজেন মৌলিক পদার্থ। (পৃষ্ঠা-৩৭) মস্কোর মির প্রকাশনের দ. ন. ত্রিফোনভ, ভ. দ. ত্রিফোনভের রাসায়নিক মৌল: কেমন করে সেগুলো আবিষ্কৃত হয়েছিল বইয়ের তথ্যমতে, ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিস মূলত হাইড্রোজেন গ্যাসটি শনাক্ত করেন ১৭৬৬ সালে। আর উইকিপিডিয়ার তথ্যমতে, ১৭৯৩ সালে অ্যান্টনি ল্যাভয়সিয়ে হাইড্রোজেন নামকরণ করেন। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ‘মহাকর্ষ ও অভিকর্ষ’ অধ্যায়ে লেখা, ‘নিউটন মহাকর্ষ আবিষ্কার করেন ১৬৬৫ খ্রিষ্টাব্দে, যখন তাঁর বয়স মাত্র ২৩ বছর।’ (পৃষ্ঠা-৬৬) বর্তমানে কোনো কিছু আবিষ্কারের সময় নির্ধারণের একটি প্রতিষ্ঠিত নিয়ম রয়েছে। সেটা হলো আবিষ্কার সম্পর্কে তথ্যের প্রকাশকাল। উইকিপিডিয়ার তথ্যমতে, নিউটন তাঁর প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে মহাকর্ষ সূত্রটি প্রকাশ করেন ১৬৮৭ সালে। আর এর আগের বছর তাঁর বইটি রয়েল সোসাইটিতে উপস্থাপন করা হয়। তাই পাঠ্যবইয়ে দুটো সালই উল্লেখ করলে ভালো হতো। নবম-দশম শ্রেণীর মাধ্যমিক পদার্থবিজ্ঞানের ‘পরিমাপ’ অধ্যায়ে এককের আন্তর্জাতিক পদ্ধতি (এসআই) চালুর সালটি ১৯৬০ (পৃষ্ঠা-১৩)। একই বিষয়ে ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানে পরিমাপ অধ্যায়ের তথ্য হলো, বিশ্বের সব দেশের বিজ্ঞানীরা ১৯৬৮ সালে ফ্রান্সের প্যারিস শহরে মিলিত হয়ে সব দেশের জন্য একটিমাত্র এককের পদ্ধতি চালু করার বিষয়ে একমত হন (পৃষ্ঠা-২)। একই অধ্যায়ে বলা হচ্ছে, কতটুকু দৈর্ঘ্য এক মিটারের সমান সেটা ঠিক করেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে বসে ১৮৭৫ সালে (প্লাটিনাম-ইরিডিয়াম মিশ্রিত ধাতুর দণ্ড)।বস্তুত, ওজন ও পরিমাণবিষয়ক আন্তর্জাতিক ব্যুরোর প্রতিবেদন (অষ্টম সংস্করণ, ২০০৬) অনুযায়ী, ১৯৪৮ সালে এসআই পদ্ধতি গৃহীত হওয়ার পর থেকে তা ব্যবহূত হয়ে আসছে। আর ১৯৬০ সালে এককের আন্তর্জাতিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ এসআই ঠিক করা হয়। এক মিটারের দৈর্ঘ্যের বিষয়ে সিদ্ধান্ত হয় ১৮৮৯ সালে।ঘড়ির কাঁটা বিভ্রান্তি: ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞানের ‘পরিমাপ’ অধ্যায়ে (পৃষ্ঠা-৯) বলা হয়েছে, কাঁটা ঘড়িতে কাঁটা আছে। আর ডিজিটাল ঘড়িতে কাঁটা নেই। আবার একই অনুচ্ছেদে পরে বলা হয়েছে, স্টপ ওয়াচ এবং স্টপ ক্লকও ডিজিটাল হতে পারে। বইয়ে দেওয়া এ দুটির ছবিতে কাঁটাও দেখা যাচ্ছে। সরলীকরণের বিপদ: বিজ্ঞানের পাঠ্যবইয়ে নানা তথ্য সরলীকরণের ফলে ছাত্রছাত্রীরা ভুলও শিখছে। যেমন, চাঁদের গতিপথ সম্পর্কে ভুল জানার সুযোগ তৈরি হয়েছে তৃতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের ‘আমাদের বিশ্ব’ অধ্যায়ে। এখানে বলা হচ্ছে, চাঁদের দূরত্ব পৃথিবী থেকে তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার। (পৃষ্ঠা-৫৭) উইকিপিডিয়ার তথ্যমতে, চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবী থেকে এর সর্বনিম্ন দূরত্ব তিন লাখ ৬৩ হাজার ১০৪ কিলোমিটার। পৃথিবী থেকে এর সর্বোচ্চ দূরত্ব চার লাখ পাঁচ হাজার ৬৯৬ কিলোমিটার। পৃথিবী থেকে এর গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০৩ কিলোমিটার। তাই পাঠ্যবইয়ে গড় দূরত্ব লিখলে আর ভুল হতো না। একই বইয়ের ৪৮ পৃষ্ঠায় লেখা হয়েছে, অণুবীক্ষণ যন্ত্র ডাক্তার ও বিজ্ঞানীরা ব্যবহার করেন। বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশের গ্রহ ও নক্ষত্র দেখেন। এতে মনে হতে পারে দূরবীক্ষণ ও অণুবীক্ষণ যন্ত্র আর কেউ ব্যবহার করে না।চতুর্থ শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানের চতুর্থ অধ্যায় ‘বায়ু’। এ অধ্যায়ের ৩৮ পৃষ্ঠায় বলা হচ্ছে, ‘... বাতাস ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি দেখাও যায় না। শুধু এর পরশ অনুভব করা যায়।’ প্রথম বাক্যে ছোঁয়া যায় না, কিন্তু পরের বাক্যে পরশ লাগে কীভাবে? পরশ শব্দের অর্থ তো ছোঁয়া!পঞ্চম শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ‘পদার্থ’ অধ্যায়ে বলা হয়েছে, অত্যন্ত ঠান্ডায় পানি জমিয়ে বরফ তৈরি করা হয়। (পৃষ্ঠা-৭১) ‘অত্যন্ত ঠাণ্ডা’ কথাটি বিজ্ঞান বইয়ে বেমানান। সাধারণত শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় উল্লেখ করার দরকার ছিল। এতে শিক্ষার্থীরা তাপমাত্রার একক সম্পর্কে জানতে পারত।পাঠ্যবইয়ে ভুল তথ্য আর অসংগতি সম্পর্কে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শুধু বিজ্ঞান নয়, সব পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি সংশোধনের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে সাত সদস্যের একটি কমিটি কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর সংশোধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’