বিজ্ঞান-প্রযুক্তির ভিত গড়বে গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার স্কুলের মাঠে সবুজ ঘাস নেই। গণিতকে ভালোবেসে এখানে আসা শিক্ষার্থীদের সবার গায়ে সবুজ গেঞ্জি। মনে হচ্ছে সবুজ সতেজ ঘাসে ভরে গেছে মাঠ। এ সবুজেরাই দেশের ভবিষ্যত্।’ জাতীয় গণিত উৎসব-২০১০ ও অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করতে গিয়ে এভাবেই গণিতপ্রেমীদের নিজ স্কুলে স্বাগত জানালেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা। শিক্ষার্থীরা তুমুল করতালি দিয়ে সবাইকে জানিয়ে দিল, গণিতকে ভালোবেসে দেশকে সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চায় তারা।দুই দিনব্যাপী এ উৎসবের গতকাল শুক্রবার ছিল প্রথম দিন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উত্সবের আয়োজন করেছে। উৎসবে সহযোগিতা করছে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও দৈনিক প্রথম আলো। দেশের ১৩টি শহরে আয়োজিত আঞ্চলিক গণিত উত্সবে অংশগ্রহণকারী ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ৮৪০ জন শিক্ষার্থী এ উত্সবে অংশগ্রহণ করেছে। ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া পাঁচ সদস্যও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে গণিত ক্যাম্প। ওই ক্যাম্পে বাছাই করা ছয় সদস্য কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নেবে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক—এ চার ভাগে অংশগ্রহণ করে। উৎসব উপলক্ষে গতকাল সেন্ট যোসেফ স্কুল সেজেছিল বর্ণিল সাজে। সকাল থেকেই ভিড় জমতে থাকে স্কুল প্রাঙ্গণে। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের দেওয়া সবুজ গেঞ্জি এনে দেয় নতুন বৈচিত্র্য। সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর ঢাকা বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘গণিত অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি তৈরি করা। দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির শক্ত ভিত্তি প্রয়োজন। এ জন্য তোমাদের অবদান রাখতে হবে। ২০২১ সালে বাংলাদেশ পালন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। দেশের জন্য গৌরব বয়ে আনবে সে, প্রত্যাশাই আমরা করছি।’ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড অনেক মর্যাদাকর আসর। যারা এ আসরে সফল হবে, তারা ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেবে। সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল।’ তিনি আরও বলেন, উন্নত সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের পাশাপাশি দেশের প্রতিটি প্রতিষ্ঠানের অবদান রাখা প্রয়োজন। শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সারা বছর এ দিনটির জন্য আমরা অপেক্ষা করি। তোমরা জানো, এ মাস মাতৃভাষার দাবি আদায়ের মাস। এ চেতনাকে সামনে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি আলোকিত দেশ হিসেবে দেখতে চাই। সে জন্য আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা নিজ নিজ ক্রম অনুসারে শ্রেণীকক্ষে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। ১২টার দিকে খুদে গণিতবিদদের পরীক্ষা শেষ হয়। শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আঞ্চলিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করা ফেনী শিশু নিকেতনের আজরাফ শাহরিয়ার প্রথম আলোকে বলে, ‘ভালোই হয়েছে পরীক্ষা। কষ্ট করে সমাধান বের করার পর অনেক মজা পেয়েছি।’ সিলেট ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিশাত সালসাবিল বলে, ‘অনেক ভালো লাগে গণিত করতে। এখানে যত প্রশ্ন আছে তত উত্তরও আছে।’ কুষ্টিয়ার স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর আকরাম হোসেন বলে, ‘যখন গণিতের সমাধান খুঁজে পাই তখন অনেক আনন্দ পাই।’অলিম্পিয়াডে অংশ নিতে এসে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও কলেজের নুরাইয়াত নাফিজ, আবদুল্লাহ আল আকিব ও ঋত্বিক বসাকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কিরীটি মুখার্জির। সবার মুখে একই কথা, ‘গণিত করতে ভালোবাসি বলেই এখানে এসেছি। গণিত বুদ্ধির খেলা। আর নতুন নতুন খেলা আর নিয়ম জানতেই আমরা এসেছি।’ ওরা সবাই জানাল, বড় হয়ে ওরা প্রকৌশলী হবে। আর দেশের জন্য কাজ করবে। বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরাও সংগীত পরিবেশন করে। শিক্ষার্থীরা কাছে পেল ভাষাসৈনিকদের: শেষ বিকেলে স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, মুস্তাফা নূরউল ইসলাম, মুর্তজা বশীর, আহমদ রফিক ও রওশন আরা। তাঁরা সবাই ভাষাসৈনিক। খুদে গণিতবিদেরা দাঁড়িয়ে তুমুল করতালিতে তাঁদের স্বাগত জানায়। মাতৃভাষার দাবি আদায়ের মাসে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা তাঁদের সরাসরি সম্মান জানানোর সুযোগ পায়। শিক্ষার্থীরা ভাষা আন্দোলন ও বাংলা ভাষা বিষয়ে অতিথিদের কাছে প্রশ্ন করে। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘এ যুগে বিজ্ঞান ও গণিতে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি মাতৃভাষার প্রতিও যত্নবান হতে হবে। আশা করি, তোমরা দেশের জন্য অলিম্পিয়াড থেকে ভালো ফলাফল নিয়ে আসবে।’মুস্তাফা নূরউল ইসলাম বলেন, প্রত্যেক মানুষের কাছে বড় অবলম্বন মা, মাতৃভূমি ও মাতৃভাষা। এর চেয়ে বড় কিছু নেই। এ ব্যাপারটি বিশ্বাস করা প্রয়োজন। আহমদ রফিক বলেন, সত্যকে প্রতিষ্ঠার দৃঢ়তাই ছিল আন্দোলনের প্রধান শক্তি। নতুন প্রজন্মকে সত্য ও গণতান্ত্রিক চেতনাকে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, সর্বস্তরে এখনো বাংলা ভাষা চালু করা যায়নি। এ ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতে হবে। মুর্তজা বশীর বলেন, ‘ভাষাশহীদেরা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছেন, সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। একুশের চেতনা সমুজ্জ্বল রাখার কোনো প্রচেষ্টা রাজনীতিবিদেরা করেননি।’ রওশন আরা বলেন, নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও নারীরা ভাষা আন্দোলনে অংশ নিয়েছে। এ চেতনাকে সামনে ধরে এগিয়ে যেতে হবে। গণিত ও বিজ্ঞানের ভাষা দিয়ে নিজেকে তৈরি করতে হবে। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে খাবার ও পানীয় বিতরণ করেছে নেসেল, প্রাণ গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপ।