বিজ্ঞান শিক্ষা হোক আনন্দের
ক্লাস চলাকালীন মিঠুর গায়ে রং ছিটিয়ে দিল মন্টু মিয়া। সঙ্গে সঙ্গে মিঠুর সাদা শার্টটি রঙিন হয়ে গেল! কাঁদো কাঁদো মিঠু কেউ কিছু বুঝে ওঠার আগেই দৌড় দিয়ে চলে গেল প্রধান শিক্ষকের কক্ষে। পেছন পেছন মন্টুও দৌড়াচ্ছে।‘স্যার। মন্টু আমার শার্টে রং ছিটিয়ে দিয়েছে। আমার শার্টটা নষ্ট করে দিয়েছে!’ দ্রুত অভিযোগ করে মিঠু খেয়াল করল প্রধান শিক্ষক ও সেখানে উপস্থিত অন্য শিক্ষকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রধান শিক্ষকই বললেন, ‘কিন্তু তোমার শার্টে তো কোনো রং নেই? তোমার কী হয়েছে?’স্যারের কথা শুনে মিঠু তার শার্টের দিকে তাকিয়ে দেখল, সেখানে মন্টু মিয়ার ছুড়ে দেওয়া রঙের কিছুই নেই! ততক্ষণে রুমে ঢুকে পড়েছে মন্টু মিয়া।উপস্থিত বিজ্ঞান শিক্ষক মন্টু মিয়ার দিকে তাকিয়ে কী বুঝলেন, তারপর হাসতে শুরু করলেন আর উঠে গিয়ে মন্টুকে রুমের ভেতর নিয়ে এলেন।জানা গেল, কয়েক দিন আগে বিজ্ঞান শিক্ষক মন্টু মিয়াদের ক্লাসে কীভাবে ভ্যানিশিং কালার তৈরি করতে হয়, তা শিখিয়েছেন। রসায়নের তারতম্যে ওই রং কিছুক্ষণের মধ্যে উবে যায়। ফলে সেটি আর দেখা যায় না। মন্টু মিয়া স্যারের কৌশল অবলম্বন করে মিঠুকে তা দেখাতে গিয়েছিল। কিন্তু মিঠু দ্রুত প্রধান শিক্ষকের কাছে চলে যাবে, এমনটি সে ভাবেনি!গশ শতকের আশির দশকের শুরুর দিকের ঘটনা। চট্টগ্রাম মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক একদিন খেয়াল করলেন, ক্লাস নাইনের ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে মাঠে কী যেন করছে। তাদের কেউ লাঠি দিয়ে কী যেন মাপছে, কেউ লাঠির পাশে দাঁড়িয়ে আছে। খবর নিয়ে জানলেন, ছাত্ররা আজ শিখেছে, কীভাবে সদৃশকোণী ত্রিভুজের ধর্ম ব্যবহার করে উঁচু ভবন, গাছ আর লাইটপোস্টের উচ্চতা মাপা যায়। সেটিই তারা হাতে-কলমে প্রয়োগ করছিল!এবার একটি ভিন্ন চিত্র। ঢাকার একটি বিখ্যাত স্কুলে আমি গিয়েছি বিজ্ঞান মেলায়। বিজ্ঞানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বিজ্ঞানের একজন শিক্ষক বললেন, ল্যাবরেটরি নেই বলে তিনি ঠিকমতো শেখাতে পারেন না। আমি অবাক হয়ে জানলাম, তিনি জীববিজ্ঞানের শিক্ষক এবং ক্লাসে কখনো শিক্ষার্থীদের গাছের পাতা ছিঁড়ে দেখতে বলেননি। পাতা বোঝানোর জন্য তিনি সব সময় বোর্ডে পাতার ছবি এঁকেছেন!!!শেষের ঘটনাটি আমাদের দেশের মুখস্থ পদ্ধতি কীভাবে আমাদের ক্লাসরুমগুলোকে নির্জীব, প্রাণহীন এবং নিরস বানিয়ে ফেলছে তার প্রকৃষ্ট উদাহরণ।বিজ্ঞানের কাজকারবার হলো প্রকৃতিকে নিয়ে। প্রকৃতির নানা ঘটনা ব্যাখ্যা করাই তার কাজ। সেই বিষয়ের শিক্ষা তাই আনন্দের হওয়ার কথা। কারণ, হাত দিয়ে কোনো ঢিল ওপরে ছুড়ে দিলে সেটি আবার মাটিতে নেমে আসে। এই নেমে আসার কারণটি যখন একজন শিক্ষার্থী বুঝতে পারে, তখন তার শেখাটি হয়ে ওঠে তাৎপর্যময়।শ্রেণীকক্ষে আনন্দের ব্যাপারকে তাই মুখ্য করে তুলতে হয় সবাইকে মিলে। মহাকাশ, পরমাণুর ভেতরের খবর, চুম্বক, জীববিজ্ঞানসহ বিজ্ঞানের সব শাখার পাঠদানই নানাভাবে আনন্দময় করে তোলা যায় শ্রেণীকক্ষে। ইদানীং কম্পিউটার ব্যবহার করেও সেটি করা যায়। তবে আমাদের মতো গরিব দেশে কম্পিউটারভিত্তিক শিক্ষাও শেষ পর্যন্ত মুখস্থ বিদ্যার সহায়ক হয়ে উঠতে পারে। কাজেই যা পাওয়া যায় তা দিয়েই একজন শিক্ষার্থীর বিজ্ঞান জগৎকে উন্মোচিত করে দেওয়া দরকার। মাত্র ৫০ টাকায় একটি আতশ কাচ জোগাড় করা যায়, যার বিবর্ধন ক্ষমতা ২০ থেকে ৫০ গুণ পর্যন্ত হতে পারে। এ রকম একটি আতশ কাচ শিক্ষার্থীর চারপাশের ক্ষুদ্রাতিক্ষুদ্রের জগৎটাকে একেবারে পাল্টে দিতে পারে!আবার পানির গ্লাস, সাধারণ কার্ডবোর্ড দিয়েও বায়ুর চাপের নানা পরীক্ষা করা যায়। যেমনটি করা যায় পেনসিল ব্যাটারি, তামার তার দিয়ে মাইকেল ফ্যারাডের বিদ্যুৎ- চুম্বকত্বের পরীক্ষা।রংধনুর সাতটি রংকে মেলালে সেটি আসলে সাদা রংই হয় তার একটি চমৎকার পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এটি নিউটনের বর্ণ চাকতি নামে পরিচিত। এ রকম একটি চাকতি বানাতে কোনো টাকাই খরচ হওয়ার কথা নয়!শ্রেণীকক্ষের বাইরেকেবল শ্রেণীকক্ষের মধ্যে নয়, বিজ্ঞান শিক্ষাকে সম্প্রসারিত করা যায় শ্রেণীকক্ষের বাইরেও। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গড়ে তোলা যায়। ক্লাবের শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন রকম প্রকল্প তৈরি করতে পারে। আমাদের দেশে আর দশটা কাজের মতো বিজ্ঞান মেলাটাও একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এটিকে আবার মূল শিক্ষাস্রোতে ফিরিয়ে দেওয়া দরকার। কেননা কেবল বিজ্ঞান মেলার জন্য প্রজেক্ট বানালে সেটিতে সৃজনশীলতার পরিবর্তে পুরস্কার প্রাপ্তির ব্যাপারটা মুখ্য হয়ে উঠতে পারে। এখন অনেক শিক্ষার্থীকে দেখা যায়, বড়দের বা শিক্ষকদের কাছ থেকে ‘শিখে’ নিয়ে সে প্রকল্প মেলায় প্রদর্শন করতে। অথচ বিজ্ঞান প্রকল্পটির ব্যাপারটি বছরজুড়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতে পারে। ইচ্ছে করলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ‘বছরের শ্রেষ্ঠ স্কুলবিজ্ঞানী’ ধারণার প্রচলন করতে পারে। প্রতিবছর একজন স্কুলপড়ুয়াকে এই পুরস্কার দেওয়া হবে।আমাদের স্কুলগুলোতে দলীয় কাজের ধারণাটা বিকশিত নয়। কিন্তু বিজ্ঞান একা একা চলে না। ফলে বিজ্ঞানের সতীর্থ জ্ঞানান্বেষণের বিষয়টি উপেক্ষিত হচ্ছে সেখানে। বিজ্ঞান ক্লাবগুলোকে সক্রিয় করা, তাদের সহযোগিতা করার মাধ্যমে এখানে কিছুটা অগ্রগতি করা যেতে পারে। বিজ্ঞানই আসলআমাদের দেশে এখন আশঙ্কাজনকভাবে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। অথচ একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজে বিজ্ঞানই মুখ্য। কারণ, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রসদ, তার পরিবর্তনের যে হাতিয়ার সবই বিজ্ঞানের প্রয়োগেই পাওয়া যায়। বিজ্ঞানের কৌশলই প্রযুক্তি। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে হলে বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে। সবার জন্য বিজ্ঞান শিক্ষা তাই আনন্দময় হোক।