বিজ্ঞানকে শিক্ষার্থীপ্রিয় করে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়ার পেছনে কিছু কারণ চিহ্নিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিজ্ঞানশিক্ষা বিষয়ে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সভায় তিনি উপস্থিত ছিলেন। ওই সভায় উত্থাপন করা বক্তব্যের আলোকে জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, যারা ছাত্রছাত্রী হিসেবে একটু দুর্বল তারা ভাবে, এত কষ্ট করে বিজ্ঞান পড়ে যদি ভালো চাকরি না জোটে, তাহলে কী হবে? তার চেয়ে তুলনামূলক সহজ কোনো বিষয় পড়ার চিন্তা তাদের মাথায় ভর করে।এক প্রশ্নের জবাবে জাফর ইকবাল বলেন, বিজ্ঞান বিষয়ে ভালো শিক্ষকের অভাব, দুর্বোধ্য ভাষায় লেখা বিজ্ঞান বিষয়ের বই, গ্রামে ব্যবহারিক করানোর মতো পরীক্ষাগার ও ভালো শিক্ষকের অভাব এবং মুখস্থনির্ভর পরীক্ষাপদ্ধতি বিজ্ঞান শাখায় শিক্ষার্থী কমে যাওয়ার কারণ। তাঁর মতে, এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে বিজ্ঞান বিষয়টি শিক্ষার্থীপ্রিয় করে তুলতে হবে। এ জন্য তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিজ্ঞান মেলার আয়োজন, বিটিভিতে আকর্ষণীয় বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান প্রচার, গণিত অলিম্পিয়াডের মতো সরকারি সহযোগিতায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় অলিম্পিয়াড আয়োজনের কথা বলেন।জাফর ইকবাল বলেন, বিজ্ঞানের বইগুলো অত্যন্ত সহজ ভাষায় এবং যথেষ্ট উদাহরণ দিয়ে লেখা উচিত, যেন ছাত্রছাত্রীরা সেগুলো নিজেরা পড়েই বুঝতে পারে। এ ছাড়া তিনি পরীক্ষাপদ্ধতি আধুনিক করা এবং বর্তমান ব্যবহারিক পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, পাস করে বের হওয়ার পর একটি ভালো চাকরি এ দেশের শিক্ষার্থীদের লেখাপড়া করার পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সরকারের পক্ষ থেকে ১০-১৫ বছর পর কোন কোন ক্ষেত্রে কেমন জনশক্তি প্রয়োজন, তার একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা উচিত বলে তিনি মনে করেন।