বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম চলে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতজ্ঞ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম আর নেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।ইমেরিটাস অধ্যাপক জামাল নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ আসর নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গরীবুল্লাহ শাহ (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য তিনি বিশেষ খ্যাতি লাভ করেন। তাঁর লেখা বই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত। একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী কেবল বিজ্ঞানের জগতেই নিজেকে গণ্ডিবদ্ধ রাখেননি। তাঁর চিন্তার অনেকখানি জুড়ে ছিল দেশ ও সমাজের উন্নতি এবং দারিদ্র্য দূরীকরণ। আজন্ম দেশপ্রেমিক এই বিজ্ঞানী স্বাধীনতাযুদ্ধেও বিশেষ অবদান রাখেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে চিঠিও লিখেছিলেন। গতকাল শনিবার সকালে এই বিজ্ঞানীর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা সাড়ে ১১টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জামাল নজরুল ইসলামের মরদেহ নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা। গতকাল শহীদ মিনারে জামাল নজরুল ইসলামের বড় মেয়ে সাদাফ বাবার স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘চট্টগ্রাম ছিল বাবার প্রিয় জায়গা। তিনি মনেপ্রাণে বাংলাদেশকে ভালোবাসতেন।’ মাতৃভাষায় বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান রাখার জন্য তাঁকে ২০০১ সালে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৮৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদকও পান তিনি। ১৯৯৮ সালে ইতালির আবদুস সালাম সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিকস থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স অনুষ্ঠানে তাঁকে মেডেল লেকচার পদক দেওয়া হয়। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্জাক-শামসুন আজীবন সম্মাননা পদক দেওয়া হয় তাঁকে। জামাল নজরুল ইসলাম ১৯৩৯ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরে জন্মগ্রহণ করেন। বাবা ঝিনাইদহের মুন্সেফ (সহকারী জজ) ছিলেন। জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও পরে পাকিস্তান লরেন্স কলেজ থেকে ‘ও লেভেল’ এবং ‘এ লেভেল’ শেষ করেন। স্নাতক পর্যায়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। সেখান থেকে বিএসসি ডিগ্রি নেন। জামাল নজরুল ইসলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে এসসিডি (ডক্টর অব সায়েন্সেস) ডিগ্রি নেন। কর্ম ও শিক্ষাজীবন জামাল নজরুল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে ডক্টরাল-উত্তর ফেলো হিসেবে কর্মরত ছিলেন। তিনি কেমব্রিজের ইনস্টিটিউট অব থিওরেটিক্যাল অ্যাস্ট্রোনমিতে (বর্তমানে ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি) কাজ করেন ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত। ১৯৭১ থেকে ১৯৭২ পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভিজিটিং সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের প্রভাষক ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ, কার্ডিফের (বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়) সায়েন্সের রিসার্চ কাউন্সিলে ফেলো ছিলেন। ১৯৭৮ সালে তিনি লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দেন এবং পরে রিডার পদে উন্নীত হন। এ বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৮৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে অবস্থিত ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে ১৯৬৮, ১৯৭৩ ও ১৯৮৪ সালে ভিজিটিং সদস্য হিসেবে কাজ করেন। পরে ১৯৮৪ সালে তিনি দেশে ফিরে আসেন। ওই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ‘প্রফেসর’ হিসেবে যোগ দেন। ১৯৮৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। ২০০৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে অধ্যাপক ইমেরিটাস হিসেবে কর্মরত ছিলেন। গণিত ও ভৌত বিজ্ঞান বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জার্নালে জামাল নজরুল ইসলামের অসংখ্য প্রকাশনা রয়েছে। ব্যক্তিগত জীবনে সহজ-সরল জীবনযাপনের অধিকারী এই মহান বিজ্ঞানী বই পড়তে ও গান শুনতে ভালোবাসতেন। সময় পেলে বসে পড়তেন ছবি আঁকার কাজে। রবীন্দ্রসংগীতের প্রতি ছিল তাঁর ঝোঁক। পাঠ্যবইআলটিমেট ফেইম অব দি ইউনিভার্স বইটি ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়। সাড়া জাগানো এই বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়। এ ছাড়া তাঁর লিখিত অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো রোটেটিং ফিল্ডার্স ইন জেনারেল রিলেটিভিটি, অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, স্কাই অ্যান্ড টেলিস্কোপ, দ্য ফার ফিউচার অব দি ইউনিভার্স, কৃষ্ণ বিবর, মাতৃভাষা ও বিজ্ঞান চর্চা এবং অন্যান্য প্রবন্ধ, শিল্প সাহিত্য ও সমাজ। বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বিজ্ঞানের ক্ষেত্রে জামালের অবদানের কথা স্মরণ করে বলেছেন, তাঁর মৃত্যু জাতির জন্য একটি বিরাট ক্ষতি। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এ ছাড়া বিজ্ঞানী জামালের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, রবীন্দ্র একাডেমি ও চট্টগ্রাম কলেজ।