বিজ্ঞানীদের রংবেরং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সন্দেহ নেই, আমাদের এই পৃথিবীটাকে বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম, গবেষণা, নিষ্ঠা ও মেধা দিয়ে ক্রমাগত সুন্দর করে তুলছেন। তবে তাঁরা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ। তাঁরাও আমাদের মতো খেলতেন, ভ্রমণ করতেন এবং বিশেষ ধরনের খাবার পছন্দ করেন। সময় পেলেই গান নিয়ে মেতে থাকেন, কখনো আড্ডাবাজিতে হারিয়ে যান আবার কখনো বা পুরোনো স্মৃতি রোমন্থনে। এই যেমন, টাইম ম্যাগাজিন-এর দৃষ্টিতে গত শতকের ‘ম্যান অব দ্য সেঞ্চুরি’ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের বেহালা এবং পিয়ানোর প্রতি ভালোবাসা ছিল বিশাল। গবেষণার ফাঁকে সময় পেলেই তিনি বেহালায় মোৎসার্টের সুর তুলতেন। তাঁর সহকর্মীদের ভাষায়, ভায়োলিন ছিল তাঁর বিশ্রাম ও উৎসাহ। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানেও আইনস্টাইন ভায়োলিন বাজাতেন। এ ছাড়া তাঁর প্রিয় আরেকটি শখ ছিল, সাইকেল। সাইকেলে করেই তিনি চলাফেরা করতেন। মাঝেমধ্যে সাইকেলে করে দূরে কোথাও বেড়াতে যেতেন।তবে সাইকেলে চড়ার আসল আনন্দটা উপভোগ করেছিলেন কুরি দম্পতি। তেজস্ক্রিয়তায় গবেষণার জন্য ১৯০৩ সালে নোবেল পুরস্কার পাওয়া পিয়েরে এবং মেরি কুরি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে থিসিস করার সময় প্রায়ই সাইকেলে চড়ে দূরের কোনো স্থানে ঘুরতে যেতেন। ঐতিহাসিকেরা বলেন, এই আনন্দ ভ্রমণের ভেতর দিয়েই তাঁদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং পরবর্তী সময়ে তাঁরা বিয়ে করেন। উল্লেখ্য, মেরি কুরি কিন্তু ছিলেন খুবই রোমান্টিক। কৈশোরেই তিনি গণিতবিদ জোরস্কির প্রেমে পড়েছিলেন। কিন্তু পরিবার রাজি হয়নি বলে সে প্রেম বিয়েতে গড়ায়নি।মেরি ও পিয়েরে কুরির মতোই রোমান্টিক ছিলেন রসায়নবিদ অ্যান্তোয়ান ল্যাভয়সিয়ে ও তাঁর স্ত্রী মেরি অ্যান। ইংরেজি ভাষা জানতেন না বলে ল্যাভয়সিয়ের জন্য মেরি অ্যান ব্রিটিশ বিজ্ঞানীদের গবেষণা ফরাসি ভাষায় অনুবাদ করে দিতেন। তবে সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আইজ্যাক নিউটন ছিলেন বড়ই বেরসিক! তিনি বিয়েথা কিছুই করেননি জীবনে। উল্টো বন্ধুদের পরামর্শ দিতেন মেয়েদের হাত থেকে দূরে থাকতে। সারা জীবন তিনি শুধু বিজ্ঞান আর গবেষণা নিয়েই ব্যস্ত ছিলেন।আইনস্টাইনের মতোই পিয়ানো বাজাতে ভালোবাসতেন অনিশ্চয়তার নীতি আবিষ্কারের জন্য বিখ্যাত ওয়ার্নার হাইজেনবার্গ। তাঁর আবিষ্কৃত অনিশ্চয়তার নীতিটি হলো, একই সঙ্গে একটি ইলেকট্রনের গতি এবং অবস্থান নির্ণয় করা সম্ভব নয়। তো একদিন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হাইজেনবার্গ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হাইজেনবার্গ বললেন, এটা অনিশ্চিত!এক বিজ্ঞানী কিন্তু অন্য বিজ্ঞানীর তত্ত্ব নিয়ে হাসিঠাট্টাও করেন। আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের পর রাশিয়ার বিজ্ঞানী ইভান ইভানোভিচ একদিন চারতলা থেকে একটি বাল্ব, একটি মোমবাতি ও একটি থার্মোমিটার নিচে ফেলে দিলেন। তারপর তিনি ডায়েরিতে লিখলেন, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রানুসারে থার্মোমিটার আলোর বেগে মাটিতে পড়ে! উল্টো ঘটনাও কিন্তু আছে, যেমন আইনস্টাইন তাঁর পড়ার ঘরে তিনজন বিজ্ঞানীর ছবি টাঙিয়ে রেখেছিলেন, আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে ও জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। একজন বিজ্ঞানী পরবর্তী বিজ্ঞানীদের জন্য একজন আদর্শ এবং অনুসরণীয়ও বটে।বিজ্ঞানীরা যখন কোনো আবিষ্কার প্রকাশ করেন, তখন সেটা গ্রহণ করতে একটু তো সময় লেগেই যায়। সে সময় তাঁকে নিয়ে মাঝেমধ্যে নানা গল্প ও কৌতুকের উদ্ভব হয়। যেমন, হাস্যরসের সবচেয়ে বড় শিকার নিঃসন্দেহে চার্লস ডারউইন। বিবর্তনের মাধ্যমে সব প্রাণী ও উদ্ভিদের উৎপত্তি—এ কথা বলে তিনি বিশাল বিতর্কের ঝড় তোলেন। ডারউইনের বিবর্তনবাদ বর্তমানে চিকিৎসাশাস্ত্র, রসায়ন এমনকি অর্থনীতিতেও ব্যবহূত হচ্ছে, তবু সে ঝড় এখনো থামেনি। তাঁকে নিয়ে প্রচুর ব্যঙ্গচিত্র, কৌতুক, গল্প রচিত হয়েছে। যেমন, একদিন চিড়িয়াখানার একজন রক্ষক খেয়াল করলেন, খাঁচার মধ্যে ওরাং ওটাং ডারউইনের প্রজাতির উদ্ভব বইটি পড়ছে, পাশে বাইবেল রাখা আছে। এগুলো কেন পড়ছে, জিজ্ঞেস করলে ওরাং ওটাংটি উত্তর দিল, ‘আমি বোঝার চেষ্টা করছি, আমি কি আমার ভাইয়ের রক্ষক, নাকি আমি রক্ষকের ভাই!’ডারউইন ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। তিনি বিভিন্ন ধরনের জীবিত পোকামাকড় সংগ্রহ করতেন। একদিন তিনি একটি জায়গায় নতুন ধরনের অনেক পোকা দেখতে পেলেন। ডারউইন দুই হাতে দুটি পোকা নিলেন। এমন সময় তৃতীয় একটি পোকা উড়তে শুরু করল। তিনি তখন ডান হাতের পোকাটি মুখে নিয়ে ওই পোকাটি ডান হাতে নিলেন। দুর্ভাগ্যবশত, পোকাটি মুখের ভেতরে বিষ ছেড়ে দেয় এবং ডারউইনকে তিনটি পোকাই হারাতে হয়।বিজ্ঞানীদের আরেকটি কৌতুক শোনা যাক। মৃত্যুর পর সব বিজ্ঞানী ও গণিতবিদ স্বর্গে একসঙ্গে আছেন। স্বর্গে তো কোনো জ্বালাযন্ত্রণা নেই, তাই আবিষ্কারের কোনো ঝামেলাও নেই। বিজ্ঞানীরা তো আর আরাম করে বসে থাকতে পারেন না! তখন হঠাৎ বিখ্যাত গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস বললেন, ‘ছোটবেলায় আমাদের পাশের বাড়িতে মেয়েগুলোকে দেখতাম চোর-পুলিশ খেলত। কিন্তু বাসা থেকে নিষেধ করার কারণে আমি ইচ্ছা থাকলেও ওদের সঙ্গে মিশতে পারতাম না। চলো, এবার আমরা চোর-পুলিশ খেলি।’ সবাই রাজি হলেন। প্রথম চোর নির্বাচিত হলেন মাইকেল ফ্যারাডে। তিনি একটি গাছের পেছনে লুকালেন এবং এক থেকে ১০ গুনতে থাকলেন। এর মধ্যে সব বিজ্ঞানী লুকিয়ে পড়লেও নিউটন লুকানোর জায়গা পাচ্ছিলেন না। হঠাৎ করে তাঁর মাথায় কি এল, তিনি মাটিতে এক মিটার দৈর্ঘ্যের চারটি দাগ টেনে একটি বর্গক্ষেত্র বানালেন। তারপর বর্গটির মাঝে সোজা দাঁড়িয়ে থাকলেন। ১০ গোনা শেষ করে গাছের আড়াল থেকে বের হয়ে এসেই তো ফ্যারাডের চক্ষু চড়কগাছ! নিউটন সামনে দাঁড়িয়ে আছেন। তিনি চিৎকার শুরু করলেন, ‘নিউটনকে দেখেছি, নিউটন এখন চোর, নিউটন এখন চোর।’ ফ্যারাডের হর্ষধ্বনি শুনে বাকি বিজ্ঞানী ও গণিতবিদেরাও চলে এলেন। নিউটন বললেন, ‘না, আমি চোর না।’ সবাই তো হতবাক! স্বর্গে তো কেউ মিথ্যা কথা বলে না। সবাই নিউটনকে চোর হয়ে খেলা চালিয়ে যেতে বললেন। নিউটন বললেন, ‘না, আমি চোর না, এই যে প্রমাণ দেখাচ্ছি। আপনারা বলছেন, আমার নাম নিউটন। তাহলে নিউটন এখন দাঁড়িয়ে আছে এক বর্গমিটার ক্ষেত্রফল জায়গার ওপর। তার মানে তো আমি নিউটন না, আমি আসলে প্যাস্কেল!’ (প্যাস্কেল হলো চাপের একক। এক বর্গমিটার ক্ষেত্রফলের ওপর এক নিউটন বল প্রয়োগ করা হলে তাকে বলা হয় এক প্যাস্কেল চাপ)। এবার তো ফ্যারাডের মাথা চড়কগাছ!আইনস্টাইনের একটি গল্প দিয়েই লেখাটা শেষ করা যাক। আইনস্টাইন বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়ান আর সেগুলো শুনতে শুনতে তাঁর চালকের সব বক্তব্য মুখস্থ হয়ে গেছে। একদিন চালক আইনস্টাইনকে বললেন, ‘স্যার, আগামীকাল আমি বক্তব্য দেব, আপনি আমার জায়গায় থাকবেন।’ যেই কথা সেই কাজ, পরের দিন চালক বক্তব্য দিলেন, আইনস্টাইন দর্শক সারিতে বসে রইলেন। বক্তব্য শেষে একজন দর্শক এমন একটি প্রশ্ন করলেন, যার উত্তর চালক জানেন না। তখন তিনি বললেন, ‘এত সহজ প্রশ্নের উত্তর জানেন না! এটা তো আমার চালকই জানেন। ওই যে ওখানে আমার চালক বসে আছেন, আপনি বরং প্রশ্নটি তাঁকেই করুন!’