পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজে শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। ১৯৬৯ সালে এলাকার কয়েকজন শিক্ষানুরাগীর চেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত এবং ১৯৮৪ সালে সরকারি করা হয়। কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষকের ৩৬টি পদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ পদই খালি। কলেজের প্রশাসনিক শাখা থেকে জানা গেছে, বাংলায় তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন দুজন, ইংরেজিতে তিনজন শিক্ষকের পদে আছেন দুজন, অর্থনীতিতে তিনজন শিক্ষকের স্থলে আছেন একজন, রাষ্ট্রবিজ্ঞানে তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন, ইতিহাসে তিনটি পদ থাকলেও আছেন একজন, দর্শনে তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন, ইসলামের ইতিহাসে দুজন শিক্ষকের পদে আছেন একজন, হিসাববিজ্ঞানে তিনজনের স্থলে আছেন একজন ও ব্যবস্থাপনায় তিনজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন। তৃতীয় শ্রেণীর পাঁচটি পদের পাঁচটি পদই শূন্য। এ ছাড়া প্রধান সহকারী, ক্যাশিয়ার ও অ্যাকাউনটেন্ট, ভান্ডার রক্ষক, হিসাব সহকারীর পদও শূন্য।অধ্যক্ষ মো. সেকান্দার আলী শরিফ জানান, কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৮৫০ জন, বিজ্ঞান ও গণিতে দুজন শিক্ষকের পদ থাকলেও আছেন একজন, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞানে দুজন করে শিক্ষকরের পদ থাকলেও দীর্ঘদিন থেকে তা শূন্য। শিক্ষক না থাকার কারণে এসব বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি হয় না। এই কলেজে এবার মাত্র আটজন শিক্ষার্থী এইচএসসিতে বিজ্ঞানে ভর্তি হয়েছে। অবস্থা এমন যে, একসময় বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাবে। কলেজের একাডেমিক ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সীমানাপ্রাচীরের বেশির ভাগ ভাঙা থাকার কারণে রাতে কলেজ থাকে অরক্ষিত।মঠবাড়িয়ার পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, জেলার সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। আগে এ এলাকাসহ পাশের এলাকা থেকে শিক্ষার্থীরা এই কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতো। কিন্তু শিক্ষক না থাকার কারণে অনেককে দুর্ভোগ সহ্য করে দূরের কলেজে গিয়ে বিজ্ঞানে ভর্তি হতে হচ্ছে।পিরোজপুর-৩ (মঠবাড়িয়া-তেলীখালি) আসনের সাংসদ আনোয়ার হোসেন বলেন, ‘এই কলেজে বিজ্ঞানে শিক্ষক না থাকার কারণে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না—এটা আমাদের জন্য কষ্টের। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করব, যাতে মঠবাড়িয়া সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে শিক্ষক পদস্থ করা হয়।’