বিজ্ঞাপন ও সাইনবোর্ড অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন এবং এ সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধভাবে মাটি ভরাট-কার্যক্রম অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ নির্দেশ দেন। আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে।গত বছরের জুলাই মাসে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) এ রিট আবেদন করে। এতে রাজউকের অনুমোদনহীন আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন প্রচার ও অবৈধভাবে মাটি ভরাটসহ তাদের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৭ জুলাই আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত আবেদনটি নিষ্পত্তি করে রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ইকবাল কবির ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, অননুমোদিত এ ধরনের ৫৬টির বেশি প্রকল্প রয়েছে। আইনের শাসন, পরিবেশ রক্ষা ও পানিপ্রবাহ এলাকাগুলোকে সঠিকভাবে রক্ষার জন্যই রিট আবেদনটি করা হয়।গতকাল বেলার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অননুমোদিত আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে বিজ্ঞাপন প্রচার করা যায় না। সেই সঙ্গে বন্যাপ্রবাহ এলাকা ও পুকুর ভরাট করা বৈধ নয়। এসব কাজ ঢাকা শহরের মাস্টার প্ল্যান; নগর উন্নয়ন আইন-১৯৫৩; পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫; পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭; মহানগর, বিভাগ, জেলা শহর ও পৌর এলাকায় অবস্থিত খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০; বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪-এর সঙ্গে সাংঘর্ষিক। আইনে এর শাস্তির বিধান থাকলেও বেসরকারি আবাসিক কোম্পানিগুলো এসব অপরাধ করে যাচ্ছে। রাজউক আবাসিক প্রকল্প কোম্পানিগুলোর এ ধরনের আইনবিরোধী কার্যক্রম বন্ধে ব্যর্থতার পরিচয় দেওয়ার পাশাপাশি সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণেও ব্যর্থ হয়েছে।