বিজ্ঞাপন নিয়ে বিপত্তি!
স্তন ক্যান্সার সম্বন্ধে সচেতনতা তৈরির উদ্দেশে চিলিতে প্রচারিত একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। সমালোচকেরা মনে করছেন, বিজ্ঞাপনটিতে নারীদেরকে যেভাবে প্রদর্শন করা হয়েছে তাতে করে তাদের পণ্যায়িত করা হয়েছে। ‘ফর দ্য লাভ অব টি**এস’ নামে সচেতনতামূলক ওই ভিডিওটি মূলত পুরুষদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। পুরুষেরা তাদের স্ত্রী বা সঙ্গীদের স্তন পরীক্ষায় উদ্বুদ্ধ করেন, সেজন্যই তৈরি ওই বিজ্ঞাপনটি।তবে সমালোচকেরা বলেছেন, ওই বিজ্ঞাপনের বিভিন্ন দৃশ্যে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর একটিতে এক জোড়া জুটিকে দৃশ্যত শারীরিক সংসর্গে লিপ্ত বলে মনে হচ্ছে। অপরটিতে নিজ শিশুকে বুকের দুধ পান করাতে দেখা গেছে এক নারীকে।ডেইলি মেইলের খবরে বলা হয়, ৪৫ সেকেন্ডের ওই ভিডিওটি ইন্টারনেটে ইতিমধ্যেই চার লক্ষাধিক মানুষ দেখেছে। এতে কর্মক্ষেত্র, বাড়ি, সুইমিং পুল, ঝরনা এমনকি শোবারঘরে নারীদের বিভিন্নভাবে চিত্রায়িত করা হয়েছে।ভিডিওটি শেষ হয়েছে ‘আমরা যদি এগুলোকে (স্তন) বেশি পছন্দ করি তাহলে আমাদের উচিত এগুলোর যত্ন করা’ শীর্ষক একটি বার্তার মাধ্যমে। ওই বার্তাটির মাধ্যমে নারীদের স্তন পরীক্ষায় উদ্বুদ্ধ করতে পুরুষদের প্রতি আহবান জানানো হয়েছে।বিজ্ঞাপন নির্মাতা কোম্পানি লোয়ি পোর্তার সৃজনশীল (ক্রিয়েটিভ) বিভাগের পরিচালক গনজালো বায়েজা বলেন, পুরুষেরা যাতে তাদের স্ত্রী, বান্ধবী ও আত্মীয়দের স্তন পরীক্ষা করাতে উদ্বুদ্ধ হন সে জন্যই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। তবে স্তন ক্যান্সারবিরোধী সংগঠন ‘ইয়ো মুজার’ (আমি নারী) এর অন্যতম কর্নধার অ্যানা কক্স এ বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁদের সংগঠনের লোগো ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল বিজ্ঞাপনে। কিন্তু ভিডিওটি দেখে তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞাপনটি নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে। তবে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা এ বিজ্ঞাপনের প্রচারণার সঙ্গে যুক্ত নয়।