বিজ্ঞাপন প্রচার অবৈধ, আইনি ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আবাসন কোম্পানির অননুমোদিত প্রকল্পের বিজ্ঞাপন প্রচার অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব আবাসন প্রকল্পের বিজ্ঞাপন ও সব ধরনের কার্যক্রম বন্ধে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ জুন থেকে আবাসন মেলা শুরু হয়। ১৯ জুন পর্যন্ত মেলা চলে। ওই মেলায় যাতে কোনো অননুমোদিত আবাসন কোম্পানি ও প্রকল্প অংশগ্রহণ এবং বিজ্ঞাপন প্রচার করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হাইকোর্টে রিট আবেদন করে।এরই পরিপ্রেক্ষিতে ১৬ জুন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আজ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রিহ্যাবের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।প্রসঙ্গত, গত ৮ জুন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আদেশ দেন। ওই রায়ে অননুমোদিত বেসরকারি এসব আবাসন প্রকল্পের প্ল¬ট ও ফ্ল্যাট বিক্রয়ের লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন ও এ-সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটিভরাট কার্যক্রম অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে আইনগতসহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতেও বলা হয়। আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের বলা হয়। অননুমোদিত প্রকল্পের বিজ্ঞাপন প্রচার নিয়ে গত বছরের জুলাইতে পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত ওই দিন এ রায় দেন।