বিজ্ঞাপন প্রচার ও বেআইনি কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন প্রচারসহ সব ধরনের বেআইনি কার্যক্রম বন্ধ করতে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গত ১৫ জুন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন মেলা শুরু হয়। ওই মেলায় যাতে কোনো অননুমোদিত আবাসন প্রকল্প অংশ নিতে এবং বিজ্ঞাপন প্রচার করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল পরিবেশবাদী তিনটি সংগঠন। এগুলো হলো: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। এই আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ১৬ জুন আদালত রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় দেওয়া হয়।বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, সর্বোচ্চ আদালতের এ রায় কার্যকর করতে সংশ্লিষ্ট সবারই এগিয়ে আসা উচিত। দীর্ঘদিন রাজউকের তদারকির দুর্বলতার সুযোগে উন্নয়নের নামে এ ধরনের নগরবিধ্বংসী কর্মকাণ্ড চলছে। আদালতের রায় কার্যকর করার মাধ্যমে এ ধারা বন্ধ করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। রায় কার্যকর করার ক্ষেত্রে রাজউক উদ্যোগ নিলে জনমতেরও সমর্থন পাবে।বাপার নেতা স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘আমরা এত দিন আদালতের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় ছিলাম। রায় হওয়ায় এখন রাজউকের কার্যক্রমকে চ্যালেঞ্জ করা যাবে। আশা করি, সরকারও সর্বোচ্চ আদালতের এ রায় কার্যকর করতে সহায়ক ভূমিকা নেবে।’ আদালতে আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির মামলা পরিচালনা করেন। রিহ্যাবের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট অননুমোদিত আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন প্রচার অবৈধ ঘোষণা করেছেন এবং এসব প্রকল্পের কার্যক্রম বন্ধ করতে আইনি পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন।মেহেদী হাসান চৌধুরী বলেন, রিহ্যাবও অনুমোদনহীন আবাসন প্রকল্প চালানোর পক্ষে নয়। এ বিষয়ে সদস্যদের অবহিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।এর আগে গত বছরের জুলাইতে রাজউকের অনুমোদনহীন আবাসন প্রকল্পগুলোর বিজ্ঞাপন প্রচার ও অবৈধভাবে মাটি ভরাটসহ তাদের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে বেলা, আইন ও সালিশ কেন্দ্র, বাপা, পবা এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) একটি রিট আবেদন করে। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত বছর ২৭ জুলাই আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৮ জুন আদালত আদেশ দেন।আদেশে অননুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বিক্রির লক্ষ্যে প্রচারিত সব বিজ্ঞাপন ও এ-সংক্রান্ত সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি ভরাট কার্যক্রম অব্যাহত রাখা প্রকল্পগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতেও বলা হয়। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ঢাকা ও আশপাশ এলাকায় বিভিন্ন কোম্পানি এ পর্যন্ত ২০০টির মতো প্রকল্পের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে অনুমোদিত মাত্র ৩১টি। বাকি প্রকল্পগুলোর অনুমোদন নেই। রাজউকের পাঁচটি দল এ নিয়ে কাজ করছে। হাইকোর্টের রায় অনুযায়ী রাজউক অনুমোদনহীন প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।