বিজ্ঞাপনচিত্রে জুটি হলেন শুভ-মীম
আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মীম জুটি হয়ে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। অবশ্য তাঁরা এখনো কোনো চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেননি। সম্প্রতি এ দুজন নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। এ বিজ্ঞাপনচিত্রের কাজের মাধ্যমেই শুভ ও মীম জুটি হয়ে প্রথম কোনো বিজ্ঞাপনচিত্রে অংশ নিলেন। কোমল পানীয়ের এ বিজ্ঞাপনচিত্রটির শুটিং সম্প্রতি বান্দরবানের নীলগিরি ও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শেষ হয়েছে বলেই জানিয়েছেন মীম। মীম জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ করেই তাঁরা চলে যান সেন্টমার্টিনে। সেখানে তিনি যোগ দেন খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রের শুটিংয়ে। এ প্রসঙ্গে মীম বলেন, ‘অনেক দিন পর অনেক সুন্দর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করলাম। তিন দিন ধরে শুটিং হওয়া এ বিজ্ঞাপনচিত্রটিতে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে বলে জানান মীম।শুভ ও মীম জুটিকে নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন নাফিজ মুনীর।এদিকে চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে মীম বলেন, ‘খুবই দারুণ। আসলে “আমার প্রাণের প্রিয়া” ছবির পর অনেক দিন ধরে ভালো গল্পের ছবির জন্য অপেক্ষা করছিলাম। জোনাকীর আলোর গল্পটি শুনে ভালো লেগেছে। এ ছবিতে কাজ করে অন্য রকম অভিজ্ঞতা হচ্ছে।’