বিজ্ঞাপনী সংস্থায় পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে, প্রচারেই প্রসার। তাই তো পণ্যকে আকর্ষণীয় করে, যথাযথ ভোক্তার কাছে এর চাহিদা সৃষ্টি করাই বিজ্ঞাপনের উদ্দেশ্য। ভোক্তা যেন মনে করেন, এই পণ্যটিই তাঁর প্রয়োজন। এমন চাহিদা সৃষ্টি করাটাই আসলে বিজ্ঞাপনের প্রধান কাজ। যত বেশি প্রচার হয়, তত বাড়তে থাকে পণ্যের প্রসার। পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ বাড়াতে কাজ করে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন তৈরি এবং তা ভোক্তার চিন্তার সঙ্গে মিলন ঘটানো একটি কঠিন কাজ। আর এই কঠিন কাজটি করে বিজ্ঞাপনী সংস্থা। পণ্যের পরিচিতি এবং বাজারে অবস্থান তৈরির ক্ষেত্রে যা যা প্রয়োজন, তা-ই করে বিজ্ঞাপনী সংস্থার লোকজন। বাংলাদেশে বিজ্ঞাপনী সংস্থার ব্যাপক প্রসার ঘটেছে। এটি একটি বৃহৎ শিল্প হিসেবে রূপ নিয়েছে। তাই এখানে বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগও অনেক। দেশে নির্মিত বিজ্ঞাপনগুলোর জনপ্রিয়তা তৈরি হয়েছে চমৎকার নির্মাণশৈলী বা ডিজাইনের কারণে। অনেক বিজ্ঞাপনই দর্শকপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে আমাদের দেশে গড়ে উঠেছে বহু বিজ্ঞাপনী সংস্থা। সেই সঙ্গে বেড়েছে এ পেশায় কাজের সুযোগ। আর এখন বিজ্ঞাপন নিয়ে দেশে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে। কাজের ধরন বিজ্ঞাপনী সংস্থার কর্মীদের প্রধান কাজ হচ্ছে গ্রাহকদের পণ্যের বাজার প্রতিষ্ঠা করে দেওয়া। ক্রেতার আকর্ষণ যেন সৃষ্টি করতে পারে, বিজ্ঞাপনচিত্র নির্মাণ ও প্রচারের সময় এ বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। আবার মুদ্রিত বিজ্ঞাপনের ডিজাইনের ব্যাপারেও এ বিষয়টায় খেয়াল রাখতে হবে।তাই এ কাজে সৃজনশীলতার বিকাশ ঘটানো জরুরি। একটি বিজ্ঞাপনচিত্র সফল হওয়ার পেছনে স্ক্রিপ্ট রাইটার, বিজ্ঞাপন নির্মাতা, ডিজাইনার থেকে শুরু করে এ কাজে জড়িত সবাইকে ভূমিকা রাখতে হয়। প্রধানত পাঁচটি শাখায় বিজ্ঞাপনী সংস্থার কাজ পরিচালিত হয়। এগুলো হচ্ছে—ক্রিয়েটিভ বিভাগ, গ্রাহকসেবা বিভাগ, মিডিয়া বিভাগ, নির্মাণ বিভাগ ও প্রশাসনিক বিভাগ। আপনার যোগ্যতা অনুসারে কাজ পেতে পারেন এর যেকোনো একটিতে। মূলত ক্রিয়েটিভ বিভাগ মূল বিজ্ঞাপনটি তৈরি করে থাকে। এদের কাজ সৃজনশীল পরিকল্পনা করা। ক্রিয়েটিভ বিভাগে বেশ কিছু ধাপে কাজ করা যায়।এগুলো হলো—চিফ ক্রিয়েটিভ অফিসার, ক্রিয়েটিভ ডিরেক্টর, কপি রাইটার, আর্ট ডিরেক্টর, ভিজুয়ালাইজার, ডিটিপি অপারেটর। আর্ট ও কপি—দুই মাধ্যমেই কাজ করার সুযোগ রয়েছে সৃজনশীল বিভাগে। যাঁদের লেখালেখি করার অভ্যাস আছে, তাঁরা কপি রাইটারের কাজ করতে পারেন। পণ্যের ধরন অনুযায়ী স্ক্রিপ্ট লেখাই হচ্ছে কপি রাইটারের প্রধান কাজ। মূল স্ক্রিপ্টের ওপর নির্ভর করে একটি বিজ্ঞাপনচিত্রের গ্রহণযোগ্যতা।গ্রাহকসেবা বিভাগের প্রধান কাজ হচ্ছে পণ্য-সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করা এবং পণ্যের পূর্ণাঙ্গ বিবরণ ক্রিয়েটিভ বিভাগে পাঠানো। গ্রাহকসেবা বিভাগে থাকে হেড অব ক্লায়েন্ট ডিরেক্টর, অ্যাকাউন্ট ডিরেক্টর, সহকারী অ্যাকাউন্ট ডিরেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্ট সুপারভাইজার এবং এক্সিকিউটিভ। এ বিভাগে কাজ করতে হলে বিপণনে বিবিএ বা এমবিএ করা প্রার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। তবে অবশ্যই তাঁকে সৃজনশীল হতে হবে। গ্রাহকের সংখ্যা বাড়ানো এবং গ্রাহকের চাহিদা অনুপাতে সেবা নিশ্চিত করাই হলো এ বিভাগের কাজ। প্রচারমাধ্যমে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মিডিয়া বিভাগের প্রধান কাজ। সংবাদপত্র, টিভি ও রেডিওতে বিজ্ঞাপনের জন্য জায়গা বরাদ্দ নেওয়া এবং কোন বিজ্ঞাপন কবে যাবে তা নির্ধারণ করা এ বিভাগের দায়িত্ব। সব প্রতিষ্ঠানের মতো বিজ্ঞাপনী সংস্থায়ও রয়েছে প্রশাসনিক বিভাগ। এ বিভাগটি ছোট বলে একটি বিভাগের আওতায় মানবসম্পদ এবং হিসাব বিভাগ থাকে।কারা আসবেনযাঁদের পূর্ব অভিজ্ঞতা নেই, তাঁরাও আসতে পারেন এ পেশায়। আত্মবিশ্বাস, পরিশ্রম করার মানসিকতা, ধৈর্য, উদ্ভাবনীশক্তি, কাজের প্রতি স্পৃহা, সৃজনশীলতা—এসব গুণের সমন্বয় ঘটাতে পারলে অবশ্যই এ পেশায় সফল হতে পারবেন। শিক্ষাজীবনে অনেকে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (এক্সট্রা কারিকুলাম) অংশ নিতে বেশি পছন্দ করে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কাজ করতে যাদের আগ্রহ বেশি; কবিতা, গান, ছোটগল্প লেখা, ছবি তোলা, ছবি আঁকা, পোস্টার তৈরি এবং অনেক শিক্ষার্থী রয়েছে, যারা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করে—এমন ছেলেমেয়েরা এ পেশায় এলে খুব দ্রুত ভালো করতে পারে। সর্বোপরি যাদের মধ্যে সৃজনশীল চিন্তা রয়েছে, তারা সব সময় এ পেশায় ভালো করবে বলে জানালেন ইন্টারস্পিড অ্যাডভার্টাইজিং লিমিটেডের মহাব্যবস্থাপক ইশতিয়াক হোসেন। তিনি আরও বলেন, ‘আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের প্রতি তাদের আস্থা প্রকাশ করছে। ফলে দিনে দিনে বিজ্ঞাপনী সংস্থায় কাজের পরিসর যাচ্ছে বেড়ে। বর্তমানে বাংলাদেশে বিজ্ঞাপনী সংস্থার বার্ষিক বাজার দেড় হাজার কোটি টাকার; যা পাঁচ বছর আগে ছিল এক হাজার কোটি টাকা।’ বিজ্ঞাপনী সংস্থায় কাজ পেতেসবার আগে প্রয়োজন বেশি বেশি বিজ্ঞাপন দেখা। আর বিজ্ঞাপনী সংস্থায় কাজ পেতে হলে আপনাকে যোগাযোগ রাখতে হবে বিজ্ঞাপনী সংস্থাগুলোতে। আগে থেকে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেওয়াটাও দরকার। এ জন্য বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থাগুলোর ওয়েবসাইট দেখতে পারেন। টিভিতে প্রচারিত ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। বিজ্ঞাপন-সম্পর্কিত নানা তথ্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নিতে হবে। বিজ্ঞাপনের স্ক্রিপ্ট, আইডিয়া, থিমসহ খুঁটিনাটি বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে নেওয়াটাও একটি বড় যোগ্যতা।এ ব্যাপারে কথা হলো বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সব সময় নতুন ছেলেমেয়েদের গুরুত্ব দিয়ে থাকি। নতুনদের নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে কাজ করি। যাঁরা এ পেশায় আসবেন, তাঁদের জন্য আমি বলব, এটা সাধারণ চাকরির মতো নয়। এটি খেলতে খেলতে কাজ করার মতো একটি জায়গা। এখানে কাজ করাকে আমি বলব একটি থিয়েটারে কাজ করার মতো। যেখানে কেউ একা কোনো কাজ করতে পারে না। কাজ সম্পন্ন হয় দলগত কাজের মাধ্যমে। এ জন্য দলে কাজ করার মানসিকতা অবশ্যই থাকতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন কাজের প্রতি ভালোবাসা। নিয়োগের ক্ষেত্রে আমরা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকি।’ বিজ্ঞাপন নিয়ে পড়াশোনাবিজ্ঞাপনী সংস্থায় পেশা গড়তে আমাদের দেশে বর্তমানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। চার বছর মেয়াদি বিএ (অনার্স) ইন অ্যাডভার্টাইজিং কোর্সটি শেষ করতে প্রয়োজন হবে প্রায় ছয় লাখ টাকা। ‘বিজ্ঞাপনী সংস্থার ক্রিয়েটিভ কাজ থেকে শুরু করে গ্রাহক বাড়ানোর কৌশল এবং পিবণন—সব ধরনের কাজের শিক্ষা আমরা হাতে-কলমে দিয়ে থাকি। বিজ্ঞাপন বিভাগের পড়াশোনা অনেকটা আড্ডানির্ভর। ক্লাসে আলোচনার মাধ্যমে সুন্দর সুন্দর চিন্তা তৈরি হয়, বিকশিত হয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা।’ বললেন এআইইউবির অ্যাডভার্টাইজিং বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ মজুমদার। তিনি আরও বলেন, ‘আর্ট, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ফটো ও ভিডিও সম্পাদনা, যোগাযোগ, কপিরাইটিং, ডিজিটাল ইমেজিং, বিজ্ঞাপনের পরিকল্পনা, সৃজনশীলতা ও ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদের প্রস্তুত করছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে এজেন্সি করে দিয়ে এখন থেকেই হাতে-কলমে কাজের সুযোগ করে দিয়েছি।’আপনার উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার ওপর নির্ভর করবে আয়রোজগার। যাঁরা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন, তাঁদের বেতনের অঙ্কটা ভালো হয়ে থাকে। ফ্রি ল্যান্সার বা খণ্ডকালীন কাজ করেও ভালো আয় করা সম্ভব। নিজের প্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলে বিজ্ঞাপনী সংস্থা হতে পারে অনন্য। এটা একটা প্রাণবন্ত ও সৃজনশীলতা দিয়ে কাজ করার উন্মুক্ত জায়গা। বর্তমান বাজারে যে কেউ বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চাইলে বিজ্ঞাপনের নানা ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ রয়েছে।