বিজ্ঞাপনে সালমান পরিবার
এই প্রথম বলিউডের অভিনেতা সালমান খান তাঁর দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যানের জন্য সপরিবারে একটি বিজ্ঞাপনে অংশ নিলেন। বছর কয়েক আগে প্রতিষ্ঠানটি খুলেছিলেন তিনি। প্রতিষ্ঠানটির পক্ষে তৈরি পোশাক ও ঘড়ি বাজারজাতকরণের প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য সপরিবারে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সালমান।বেশ কিছুদিন যাবত্ই বিয়িং হিউম্যানের নামে নকল পণ্য দেদার বিক্রি হয়েছে। এ নকল ঠেকানোর উদ্দেশ্যেই সম্প্রতি এই প্রিন্ট ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ সদস্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে নকল পণ্য কেনা থেকে সবাইকে বিরত থাকতে উদ্বুদ্ধ করা হবে। উল্লেখ্য, বিয়িং হিউম্যান ব্র্যান্ডের পোশাক এবং ঘড়ি বাজারজাতের মাধ্যমে যা আয় হয় তার পুরোটাই দাতব্য কাজে ব্যয় করা হয়ে থাকে। কিছুদিন আগে কিউবা থেকে ‘এক থা টাইগার’ ছবির শুটিং শেষে ভারতে ফিরেছেন সালমান। সম্প্রতি মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে সপরিবারে বিজ্ঞাপনটির জন্য আলোকচিত্রের সেশনে অংশ নিয়েছেন তিনি।