বিশ্ব এইডস দিবস উপলক্ষে এনটিভিতে আজ সন্ধ্যায় প্রচারিত হবে টকশো সবার জন্য সুযোগ ও মানবাধিকার। এটি উপস্থাপনা করেছেন আফরোজা বীথি। অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ছিলেন আফজাল হোসেন। কথা হলো তাঁর সঙ্গে। কিছুদিন আগে আপনার অসুস্থতার খবর শুনেছিলাম। এখন কেমন আছেন?তখন আমার হার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। এখন সম্পূর্ণ ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। শুরুতে তো আমার শুভাকাঙ্ক্ষীরা বেশ ঘাবড়ে গিয়েছিলেন। ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’ অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।এখানে যাঁরা আলোচক হিসেবে ছিলেন, তাঁরা সবাই নিজ নিজ জায়গা থেকে এইডস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। এবারের বিশ্ব এইডস দিবসের মূল প্রতিপাদ্য ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’। তাই আলোচনায় এ বিষয়টাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আমি সাধারণত জনসংযোগের কাজ করি। মানুষকে বিজ্ঞাপনের মাধ্যমে এইডস সম্পর্কে সচেতন করে তোলার চেষ্টা করি। তা আমার জায়গা থেকে ব্যাখ্যা করেছি। কীভাবে এইডস রোগের ব্যাপারে আরও বেশি মানুষকে সচেতন করা যায়, সেটাই এখানে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আপনি এইডস নিয়ে বেশ কিছু জনসচেতনতামূলক কাজ করেছেন। সামনে এ নিয়ে নতুন কিছু ভেবেছেন?একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ভোগ্যপণ্যের প্রচারের জন্য যেভাবে কাজ করে, আমাদেরটা কিন্তু সেভাবে হয় না। এটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, তাই এর পূর্বনির্ধারিত একটা ছক থাকে। আর সেই ছক অনুযায়ী আমরা যখন যে পদ্ধতি গ্রহণ করি, তা কতটা কার্যকর হবে, সেটা আগে জরিপের মাধ্যমে যাচাই করি। এ কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকটি সংগঠনও জড়িত। তারাও এইডস নিয়ে নানাভাবে কাজ করে। তাদের কাছ থেকেও আমরা কিছুটা ধারণা পাই। সামনে আরও বেশ কিছু নতুন চিন্তা-ভাবনা আছে।কিছুদিন আগে শুনেছিলাম, আপনি একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করবেন। ওটার কী খবর?সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত নামটাও চূড়ান্ত হয়নি। চ্যানেলের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেই এ বিষয়ে ঘোষণা দেব। আশা করছি, নতুন বছরের শুরুতেই অনুষ্ঠানটির শুটিংয়ের কাজ শুরু করতে পারব।