বিজয়
১৯৭১ সালের জুন মাসে কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের এক অফিসে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে। তাঁদের মধ্যে যিনি জ্যেষ্ঠ, তিনি আমার কাছে জানতে চাইলেন, বাংলাদেশ স্বাধীন হতে কত দিন লাগবে বলে আমি মনে করি। বলেছিলাম, ‘তিন থেকে পাঁচ বছর।’ ‘এত দিন সাসটেইন করতে পারবেন?’ ভদ্রলোকের প্রশ্ন। আমার উত্তর: ‘করতেই হবে, আমাদের কোনো বিকল্প পথ নেই।’আমার উপাচার্য ড. এ আর মল্লিক কিন্তু প্রথমাবধি বলে আসছিলেন, বছর শেষ হওয়ার আগেই আমরা স্বাধীনতা পেয়ে যাব। আশাভঙ্গের বেদনা সহ্য করার জন্য কীভাবে তাঁকে তৈরি করা যায়, তা ছিল আমার একটা বড় চিন্তা।নভেম্বরের শেষে আমার ভাবনায় একটু পরিবর্তন আসতে শুরু হলো। আমি দ্রুত স্বাধীন হওয়ার স্বপ্ন দেখতে লাগলাম।২১ নভেম্বরে বয়রা-চৌগাছা সীমান্তে স্থলপথ ও আকাশপথে ভারত ও পাকিস্তানের মধ্যে বড়রকম সংঘর্ষ ঘটে। মুক্তিযোদ্ধারা যাতে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে সমর্থ হয়, সেজন্যে অনেক সময় ভারতীয় বাহিনীর কামান থেকে গোলাবর্ষণ করে তাদের কভার দেওয়া হতো। অনেক সময় পাকিস্তানিরা পাল্টা আঘাত হানত। এমনি করে ঘটনার সূত্রপাত। সীমান্ত-সংঘর্ষের সূত্র ধরে পাকিস্তানিদের পশ্চাদ্ধাবন করে কয়েকটি ভারতীয় ট্যাংক বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়ে এবং জলাভূমিতে আটকে যায়। পাকিস্তান দাবি করে, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত প্রকৃতপক্ষে পাকিস্তান আক্রমণ করেছে এবং এই সুবাদে তারা সারা পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনাকে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা বলে গণ্য করে।তখন থেকে সীমান্তের নানা এলাকায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের সংঘর্ষ বৃদ্ধি পেতে থাকে এবং সেই সুযোগে মুক্তিবাহিনীও দেশের মধ্যে ব্যাপক হারে প্রবেশ করে শত্রুকে আঘাত করতে সমর্থ হয়। মুক্তিযোদ্ধাদের সাফল্যে মুক্ত অঞ্চলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর ভারতে আক্রমণ চালায় পাকিস্তান। ভারত একে দুই দেশের মধ্যে যুদ্ধ বলে গণ্য করে এবং দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। ৬ ডিসেম্বরে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত, পরদিন দেয় ভুটান। মুক্তিবাহিনী ও সামরিক বাহিনী একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা মুক্ত করতে থাকে। ছোট বিমান নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী চট্টগ্রাম ও গোদনাইলে হানা দেয়, ভারতীয় বিমানবাহিনী ঢাকা ও যশোরে পাকিস্তানি বিমানবাহিনীর সম্পূর্ণ শক্তি নষ্ট করে দেয়, ক্ষতিগ্রস্ত করে কক্সবাজার বিমানবন্দর। কোথাও মুক্তিবাহিনী নিজের শক্তিতে অধিকৃত এলাকা মুক্ত করেছে, কোথাও আমাদের গেরিলারা অসম সাহসিকতার পরিচয় দিয়ে শত্রুকে বিপর্যস্ত করেছে। কোথাও ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে যুদ্ধ করেছে, কোথাও ভারতীয় বাহিনী গ্রহণ করেছে একক ভূমিকা। পাকিস্তান বাহিনীর সমাবেশের পেছনে হেলিকপ্টার থেকে ভারতীয় সেনা নামে, আবার বিমান থেকে নামে ভারতীয় ছত্রীসেনারা। বিমান থেকে ফেলে দেওয়া তাদের অস্ত্রশস্ত্র দ্রুত সংগ্রহ করে এবং পথ দেখিয়ে তাদের সাহায্য করে বেসামরিক বাঙালিরা। ভারতীয় উভচর ট্যাংক নদী অতিক্রম করে নিজের শক্তিতে, কিন্তু তাদের পথ দেখিয়ে অন্য পারে ঠিক জায়গায় নিয়ে যায় বাংলাদেশের পতাকাবাহী শত শত নৌকা। ভারতীয় সেনারা নদী পার হয় হেলিকপ্টারে, স্টিমারে ও নৌকায়, সেসব স্টিমার ও নৌকা চালায় এ-দেশের সাধারণ মানুষ। খালবিলজলাভূমির বাধা অতিক্রম করে সাধারণ মানুষই সাহায্য করে মিত্রবাহিনীকে, কাঁধে করে তারাই বয়ে নিয়ে যায় মিত্রবাহিনীর কামানবন্দুক গোলাবারুদ। ভারতীয় সেনা-কর্মকর্তার চরমপত্র পায়ে হেঁটে পৌঁছে দেয় এ-দেশেরই অকুতোভয় মানুষ। তাদের কাছে সেদিন কিছুই অসাধ্য ছিল না, কিছুই অদেয় ছিল না, কেননা মুক্তি-লাভের স্বপ্ন ছিল তাদের চোখে।কলকাতায় আমাদের দিন কাটছে পাগলের মতো। তীব্র উত্তেজনা, অসম্ভব স্নায়বিক চাপ; মনে হয়, ঘুমের মধ্যে চলাফেরা করছি। খবর আসছে একটার পর একটা—কোনটা খবর আর কোনটা গুজব, তা বলার উপায় নেই। ১১ ডিসেম্বরে মুক্ত যশোরে জনসভায় বক্তৃতা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আমরা উল্লসিত, গর্বিত। অন্যদিকে জেনারেল নিয়াজি বলেছেন, ঢাকায় যুদ্ধ হবে রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে। স্বজন হারানোর আশঙ্কায় আমাদের বুক কাঁপে।ডিসেম্বরের ১২ তারিখে তিনটি বিমানযোগে বিদেশিরা ঢাকা ত্যাগ করে। ১৪ তারিখে গভর্নর মালিক ও তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করে। ৮ তারিখ থেকে ভারতের প্রধান সেনাপতি মানেক্শ পাকিস্তানি সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছিলেন। ১৫ তারিখে জেনারেল নিয়াজি জানালেন, তাঁরা আত্মসমর্পণ করবেন। ১৬ তারিখ সকালে আত্মসমর্পণের অনুষ্ঠান ঘটবে বলে জানা গিয়েছিল। সকাল যায়, দুপুর যায়, তার আর খবর নেই। আমি বসে আছি আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে। তাঁর ঘরে দর্শনার্থী আছেন বলে প্রবেশ করছি না। আমার চারপাশে লোকজন চলাফেরা করছে। তাদের বিরুদেবগ ভাব দেখে বিরক্ত বোধ করছি। এক সময় খোঁজ করি গ্রুপ ক্যাপ্টেন এ কে খোন্দকারের। ‘উনি তো ঢাকায় গেছেন সারেন্ডার সেরেমনিতে যোগ দিতে’—জবাব পাই। ‘কখন হচ্ছে সারেন্ডার?’—আমি জানতে চাই। ‘সে তো হয়ে গেছে ঘণ্টাখানেক আগে।’ তখন আমি আর অপেক্ষা না করে প্রধানমন্ত্রীর কক্ষে ঢুকে যাই। উনি বলেন, ‘এতক্ষণে এলেন!’স্বাধীনতালাভের যে কী আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। ষোলোই ডিসেম্বর, ষোলোই ডিসেম্বর, ষোলোই ডিসেম্বর—রক্তে রাঙানো দিন, জপ করার মতো তারিখ।তবে ষোলোই ডিসেম্বরে দেশের সর্বত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী অস্ত্রত্যাগ করেনি। অনেক স্থানেই নিয়ন্ত্রণ হারিয়েও পাকিস্তানি বাহিনীর স্থানীয় কম্যান্ডাররা আত্মসমর্পণ করতে বিলম্ব করে। সম্ভবত রংপুর, খুলনা, সিলেট ও চট্টগ্রামে তারা আত্মসমর্পণ করে ১৭ তারিখে, বগুড়ায় ১৮ তারিখে, নাটোর ও ঈশ্বরদীতে ২১ তারিখে। তবে ১৬ তারিখের মধ্যেই দেশের সর্বত্র বাংলাদেশ সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।সব গুছিয়ে দেশে ফিরতে কয়েক দিন দেরি হয় আমার। তার মধ্যে অবশ্য একবার যশোর-খুলনা ঘুরে গেছি।সড়কপথে ফিরে আসছি দেশে। সীমান্তের যত কাছে আসছি, ততই প্রত্যাবর্তনকারী শরণার্থীর দল ভারী হচ্ছে। নানা যানবাহনে আসছে তারা। সামান্যমাত্র জিনিস নিয়ে অনেকে ফিরছে পায়ে হেঁটে। বৃদ্ধবালকবনিতা। সব হারিয়েও তাদের চোখেমুখে অনেক কিছু পাওয়ার ঔজ্জ্বল্য। কারো সঙ্গে দেখা হলেই ‘জয় বাংলা’ ধ্বনি।দেশের মাটি মেখে নিয়েছি মাথায়। কী আনন্দ, কী আনন্দ!তার মধ্যে বিষাদও আছে। ইতিমধ্যে খবর পেয়েছি বুদ্ধিজীবী নিধনযজ্ঞের। বিজয়লাভের আনন্দ তাতে অনেকখানি ম্লান হয়ে গেছে।বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী। কবে হবে তাঁর মুক্তি?প্রধান সেনাপতির আদেশক্রমে সেক্টর কম্যান্ডার মেজর জলিল গ্রেপ্তার হয়েছেন। এ কী অশুভ সূচনা!মুজিব বাহিনী তো মুক্তিযুদ্ধের পুরো সময়টাই বাংলাদেশ সরকারকে অস্বীকার করেছে। তাদের ভূমিকা এখন কী হবে?খোন্দকার মোশতাকের ষড়যন্ত্র ধরা পড়ে যাওয়ায় তিনি শাস্তি পেয়েছেন একরকম। তিনি এবং তাঁর সঙ্গীসাথী অনুচরেরা কী করবে এখন?এসব চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয়। কিন্তু সব ছাপিয়ে আশা জাগে। এত রক্ত, এত অশ্রু, এত স্বেদ বৃথা যেতে পারে না। এই যে এত মানুষের ঢল, তারাই তো পারে অসাধ্য সাধন করতে! পারে শুধু নয়, পেরেছে।পৃথিবীর বুকে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটেছে।আনিসুজ্জামান: শিক্ষাবিদ।