বিজয় উল্লাস দেশজুড়ে
উচ্ছ্বাস-উল্লাস-আনন্দ এখন সারা দেশে। এ আনন্দ ক্রিকেটের। এ আনন্দ প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার।এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে অসাধারণ এক জয় এনে দিয়েছেন বাংলাদেশের টাইগাররা। কাল রাতেই শেরেবাংলা স্টেডিয়াম থেকে আনন্দের এই বার্তা ছড়িয়ে পড়ে ঢাকার সব রাস্তায়। সর্বশেষ রানটি আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে ছাত্ররা বেরিয়ে আসেন রাজপথে। টিএসসি হয়ে উঠল উৎসবের মিলনমেলা। লাল-সবুজের পতাকা জড়িয়ে স্লোগানে স্লোগানে কেবল একটাই শব্দ—বাংলাদেশ।টিএসসিতে আনন্দরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের ছাত্র মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘লঙ্কান সিংহদের দেখিয়ে দিয়েছে টাইগাররা। ফাইনালে দেখবে পাকিস্তানিরা। বাংলার দামাল ছেলেরা পৃথিবীর সব দলকেই দেখিয়ে দেবে।’কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আনন্দের এই উৎসব ছিল ঢাকার বিভিন্ন এলাকায়। সন্ধ্যার পর ঘরে ঘরে টিভি পর্দার সামনে ছিল তীব্র উত্তেজনা। সবার মনে একটাই প্রশ্ন—বাংলাদেশ জিতবে তো? রাত নয়টার পর এক একটি রান আসে আর উল্লাস ভেসে আসে বাসাবাড়ি থেকে। আর চার বা ছক্কা হলে তো কথাই নেই। সর্বশেষ রানটি আসার পর বিভিন্ন এলাকায় বাসা ছেড়ে বেরিয়ে আসে কিশোর-তরুণেরা।