বিজয় উৎসবে মুখর শিল্পকলা একাডেমী
মুক্তিযুদ্ধের বিজয়ের উৎসবেমুখর হয়ে উঠেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান বিজয় দিবস সামনে রেখে কর্মসূচি হাতে নিয়েছে। শিল্পকলা একাডেমী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে আরম্ভ হলো বিজয় উৎসব।উৎসবের স্লোগান ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বপ্নের স্বদেশ বিনির্মাণে সংস্কৃতির প্রত্যয়ী যাত্রা’। উৎসবের পর্বটি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক নাটক, চলচ্চিত্র ও গান দিয়ে। সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনের আট দিনের এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেন একাডেমীর সচিব মুশফিক আহমেদ।অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের নাটক সময়ের প্রয়োজনে এবং পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গনের (বাংলাদেশ) সেইসব দিনগুলি। উন্মুক্ত প্রাঙ্গণে পরিবেশিত হয় সময় নাট্যদলের পথনাটক জননী বীরাঙ্গনা এবং বড়পর্দায় দেখানো হয় মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র একাত্তরের যীশু।জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক, লোক, রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করেন। ছিল সমবেত নৃত্য, আবৃত্তি ও জাদু প্রদর্শনী। একক সংগীত পরিবেশন করেন কল্পনা আনাম, আবদুল ওয়াদুদ, শামসুল হুদা, অঞ্জলি রানী সরকার প্রমুখ। দলীয় পরিবেশনায় অংশ নেয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও রত্না শিল্পীগোষ্ঠী। একক আবৃত্তি করেন ফয়জুল আলম এবং বৃন্দ আবৃত্তি করে প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দলীয় নৃত্যে নৃত্যানন্দন ও ভাবনা। জাদু প্রদর্শন করে বাংলাদেশ আওয়ামী জাদুশিল্পী পরিষদ। এই সাংস্কৃতিক উৎসব চলবে একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন এবং উন্মুক্ত প্রাঙ্গণে। উৎসবে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক ২৬টি মঞ্চনাটক, পথনাটক। এছাড়া থাকবে সংগীত, শিশুতোষ পরিবেশনা, প্রতিবন্ধী শিশুদের গান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, আবৃত্তি, জাদু ও মূকাভিনয়।