বিজয় দিবস-২০১০ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগার রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। মোট চারটি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক বিভাগের জন্য (চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী) এক হাজার শব্দের মধ্যে ‘আমাদের বিজয় দিবস’, খ বিভাগের জন্য (নবম থেকে দ্বাদশ শ্রেণী) এক হাজার ২০০ শব্দের মধ্যে ‘বিজয় দিবসের তাৎপর্য’, গ বিভাগের জন্য (স্নাতক থেকে স্নাতকোত্তর) এক হাজার ৫০০ শব্দের মধ্যে ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ এবং সর্বসাধারণের জন্য (ক থেকে গ গ্রুপ বাদে) দুই হাজার ৫০০ শব্দের মধ্যে ‘দেশব্যাপী পাঠ্য অভাস বৃদ্ধিতে গ্রন্থাগারের ভূমিকা’ শীর্ষক রচনা আহ্বান করা হয়েছে। কনিষ্ঠ গ্রন্থাগারিক আবদুল কুদ্দুস জানান, এ ফোর সাইজের কাগজের এক পৃষ্ঠায় নিজ হাতে রচনা লিখে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে জেলা সরকারি গ্রন্থাগারে জমা দিতে হবে। লেখার সঙ্গে প্রত্যেক প্রতিযোগীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্র এবং ঘ বিভাগের জন্য প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাগরিক সনদ অথবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। প্রয়োজনে ০১৯১৭৮১৩৬৭৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে পদধ্বনি অনুষ্ঠিত: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক স্বরচিত লেখা পাঠের আসর পদধ্বনি গত ১১ ডিসেম্বর পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। পরিষদ সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরচিত কবিতা, ছড়া ও প্রবন্ধ পড়ে শোনান কবি মো. আলাউদ্দিন, আহাদ আলী মোল্লা, মাজিদ মান্না, অশোক দত্ত, চিত্তরঞ্জন সাহা, সুমন রশিদ, ইদ্রিস মণ্ডল, রাজু আনসারী, ময়নুল হাসান, হালিদা হানম, মো. মুরশীদ ও ইউনুস কামাল। আলোচনা করেন, ইকবাল আতাহার, আহাদ আলী মোল্লা, মুন্সি আবু সাইফ ও মো. আলাউদ্দিন।