বিজয় দিবসে সংসদ ভবনে আতশবাজি উৎসব হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো আতশবাজি উৎসবের আয়োজন করা হবে। স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে এ বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ রোববার সংসদ ভবনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। আতশবাজি উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, ওয়ারেসাত হোসেন বেলাল, এ কে এম এ আউয়াল, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মুক্তিযুদ্ধ চলাকালে যেসব স্থানে সম্মুখ যুদ্ধ হয়েছিল সেগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশের ১০টি জেলার ১৪টি স্থানে সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু হয়েছে। এগুলো হচ্ছে জামালপুরের ধনুয়া কামালপুর, চট্টগ্রামের কুমিরা ও কালুরঘাট, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও আশুগঞ্জ, কুড়িগ্রামের চিলমারি, মৌলভীবাজারের শমসেরনগর, গোপালগঞ্জের কাশিয়ানী, ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া, খুলনার শিরোমনি, দিনাজপুরের হিলি এবং টাঙ্গাইলের জাহাজমারা। এ প্রকল্প বাস্তবায়নে পাঁচ কোটি ১১ লাখ ২২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সভায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের আবেদনগুলো যাচাই-বাছাইয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতার ৪০ বছরে পদার্পণ করছে বাংলাদেশ। সে কারণে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আতশবাজি উৎসব করা হবে।