বিজয় দিবসের ঢাকা
ঘড়ির কাঁটা তখন রাত ১২টায় পড়েছে। পুরান ঢাকার গলি-ঘুপচি আর ঘিঞ্জির ঘেরাটোপ ছাপিয়ে আতশবাজির বর্ণিল আলো-ঝংকারে আকাশ-বাতাস কেঁপে ওঠে। ১৬ ডিসেম্বর প্রথম প্রহরকে এভাবেই বরণ করেন পুরান ঢাকার তরুণেরা। শীতরাতের তোয়াক্কা না করে নারিন্দার শরৎগুপ্ত রোডে সঙ্গী-সাথি নিয়ে বাজি পোড়াচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমন হক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে দেখার কিংবা অংশগ্রহণ করার সৌভাগ্য হয়নি। তাই জ্ঞান হওয়ার পর প্রতিবছরই এই দিনটাকে ভালোভাবে উদ্যাপন করার চেষ্টা করি। ১৬ ডিসেম্বর রাত ১২টা এক মিনিট বাজতেই বন্ধুদের নিয়ে আতশবাজি পোড়াই।’১৬ ডিসেম্বর রাতে আতশবাজির এমন পট পট শব্দ এখন আর শুধু পুরান ঢাকাতেই নেই। নগরের কমবেশি সব এলাকাতেই রাতভর চলে আতশবাজি পোড়ানোর মহোৎসব। আর সেই সঙ্গে মহল্লার দেয়াল ও সড়কে চলে মুক্তিযুদ্ধের ছবি আঁকার কাজ। ছোট ছোট কাগজে তৈরি পতাকা লম্বা রশির সঙ্গে সারি সারি করে বেঁধে টানিয়ে রাখা হয় পাড়া-মহল্লায়। কুয়াশার চাদর সরিয়ে নগরে বুকে আলোর রেখা আঁকিবুঁকি আঁকতেই দল বেঁধে শিশু-কিশোরদের পথে নামতে দেখা গেল যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, শ্যামপুর ও সূত্রাপুরের বিভিন্ন এলাকায়। এদের গা ছিল উদোম। সারা গায়ে মাটিমাখা। হাতে কাঠের বন্দুক। এরা সবাই মুক্তিযোদ্ধা সেজে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল। এদিকে পুরান ঢাকার বেশির ভাগ এলাকায় বিভিন্ন সংগঠনের আয়োজনে চলে নানা অনুষ্ঠান। এসব এলাকায় দেশের গান বেজেছে সারা দিন। ধোলাই খালের প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে আয়োজন করা হয়েছিল একাধিক ফুটবল খেলার আসর। ভালোই জমেছিল সে খেলা। দর্শকেরও কমতি ছিল না সেথায়। রায় সাহেব বাজার মোড়ের পাশেই একটি রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের ছবির প্রদর্শনীর আয়োজন করে। ছোট্ট শিশুকন্যাকে ঘুরিয়ে-ফিরিয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি দেখাচ্ছিলেন পাঁচ ভাই ঘাট লেন থেকে আসা রহমত উল্লাহ। তিনি জানান, তাঁর মেয়েকে মুক্তিযুদ্ধের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এখানে আসা। বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনীর এমন আয়োজন ছিল নগরের অনেক এলাকাতেই।সিদ্দিকবাজারের প্রধান সড়কে এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল শিশুদের মোরগ লড়াই। ঢাকা নগরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনীর আয়োজন করা হয় ওসমানী উদ্যানে। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করা ৯ নম্বর সেক্টরে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা আবদুল জব্বার শরীফ জানান, জাতির বিজয় ছিনিয়ে আনতে অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে তিনি নিজে অংশগ্রহণ করতে পেরে গর্ব অনুভব করেন। শীতের সকালের সোনা রোদ গায়ে মেখে পুরান ঢাকা ও এর আশপাশের বাসিন্দারা বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে হাজির হয়েছিল। এখানে যেন আনন্দের বান ডেকেছে। সোহ্রাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া অনেকেই স্বাধীনতাস্তম্ভের আশপাশে ভিড় করে। কেননা, সেক্টর কমান্ডারস ফোরামের আয়োজনে সারা দিনই এখানে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে চারুকলার ছবির হাটের পূর্ব পাশে মঞ্চায়িত হয় একটি পথনাটক। পথনাটকটির আয়োজন করে আরতি থিয়েটার। টিএসসির আশপাশের ফুটপাতে স্বেচ্ছায় রক্তদানের ক্যাম্পেইন করা হয়েছিল। আর এখানকার ফুটপাতগুলোতে হরেক রকম পসরা সাজিয়ে বসেছিল হকাররা। গ্রাম্য মেলার খানিকটা আবহ ছিল এগুলোকে ঘিরে। টিএসসি, রাজু ভাস্কর্য ও টিএসসির সড়কদ্বীপ তরুণ-তরুণীর সরব আড্ডায় মুখর ছিল। বিশ্ববিদ্যালয়জুড়ে আবহসংগীতের মতো বেজেছে দেশের গান। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরও মানুষের কোলাহলে মুখর ছিল। কেননা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘যাঁদের জন্য আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করি। বিজয় দিবসের আনন্দকে ধরে রাখতে হলে আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে।’নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছিল পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে। সশস্ত্র বাহিনীর আয়োজনে এখানে সমরাস্ত্র প্রদর্শনী ও কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সকাল ১০টায় শুরু হয়ে ১১টা ৩০ মিনিটে শেষ হয়। মিরপুর থেকে সপরিবারে কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী দেখতে এসেছিলেন জুবায়ের ভূঁইয়া। তিনি বলেন, ‘এখানে এসে খুবই ভালো লেগেছে। মুক্তিযুদ্ধের নানা নিদর্শন দেখতে পেরেছি।’অনেকে আবার বেলা সাড়ে ১১টার পরে এসে গ্রাউন্ডের ভেতর ঢুকতে না পেরে আক্ষেপ প্রকাশ করে। অনুষ্ঠান তখন শেষ। তাই এদের অনেকে আবার দুধের স্বাদ ঘোলে মেটাতে বাংলাদেশ সমরাস্ত্র জাদুঘরের দিকে পা বাড়ায়। সমরাস্ত্র জাদুঘরে ইতিহাসদর্পণ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে কথা হয় লন্ডন-প্রবাসী বাঙালি ফাহমিদা চৌধুরীর সঙ্গে। তিনি তাঁর শিশুপুত্রকে মুক্তিযুদ্ধের নানা ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেন। দীপ্র নামের শিশুটি তার মায়ের কাছে বাংলাদেশের সাহসী যোদ্ধাদের অমর কীর্তির কথা শুনে রোমাঞ্চিত হয়। তার মায়ের কাছে জানায়, এ দেশে সে বারবার আসবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের কথা কি ভোলা যায়!