বিজয় নগরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় নগরে আজ শনিবার ভোরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে।নিহতেরা হলেন—ভবনটির ষষ্ঠ তলার বেসরকারি স্টেট মিডিয়া কার্যালয়ের কর্মচারী মিনারুল ইসলাম (২৫), ইয়াকুব আলী (২৫) ও রাহাত (৩০)। এঁদের মধ্যে ইয়াকুবের বাড়ি সিরাজগঞ্জে ও রাহাতের বাড়ি জামালপুরে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজ ভোর পাঁচটার দিকে ২৪/এ, বিজয় নগরে একটি ১২ তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ছয় তলায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভবনের সাত তলায়ও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভবনের ছয় তলা থেকে আগুনে পোড়া ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিহতেরা ছয়তলায় ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা বের হতে পারেননি। আগুনে ভবনের ছয় ও সাত তালায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে আর কেউ অগ্নিকাণ্ডে আহত হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।