‘কাপুরুষ, মারো, গুলি মারো, তোমাদের গুলিতে মরবে শুধু মানুষটি।’ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন উক্তি উচ্চারণের সাহস খুব কম মানুষেরই হয়। সেই বিরল মানুষদের একজন আরনেস্তো চে গুয়েভারা, বিশ্বজুড়ে যাঁর নাম হয়ে উঠেছে বিপ্লবের প্রতিশব্দ।গতকাল ৯ অক্টোবর ছিল বিপ্লবের স্বপ্ন দেখা অগণন মানুষ, বিশেষ করে তরুণদের অনুপ্রেরণা চে গুয়েভারার ৪৩তম মৃত্যু দিবস। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ‘চে সংহতি’ এ উপলক্ষে আয়োজন করেছিল স্মরণ অনুষ্ঠানের।১৯২৮ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী এই বিপ্লবীকে ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার জঙ্গলে গুলি করে হত্যা করে সরকারি বাহিনী। চে’কে হত্যা করা হয়। কারণ, তিনি যে দিনবদলের স্বপ্ন দেখছিলেন, তা কায়েমি স্বার্থবাদীদের পছন্দ ছিল না। বলিভিয়ার সরকার আর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চে’র বিচার না করে তাঁকে বন্দী অবস্থায়ই হত্যার নির্দেশ দিয়েছিল।রবীন্দ্রসরোবরে দুপুর থেকেই ছিল তরুণদের ভিড়। সবার দৃষ্টিই মঞ্চের দিকে। সেখানে প্রতীকে পরিণত হওয়া চে গুয়েভারার সেই অমর ছবি। দেশ-কালের সীমানা ভেঙে অন্যায়-নিপীড়ন আর শোষণবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে যে ছবিটি। সমবেত অনেকের পরনের টি-শার্টেও সেই বিপ্লবীর মুখ। কেবল বাইরে নয়, অন্তরেও সবাই তাঁকে ঠাঁই দিয়েছেন, তার প্রমাণ মিলল তারুণ্যের উচ্ছ্বাসে।বিকেল চারটার কিছুক্ষণ পরই শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে আয়োজক চে সংহতির পক্ষে কথা বলেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু। তিনি বলেন, ‘চে শুধু ছবি নয়। চের সময়কালে শ্রেণীবিভক্ত সমাজ ছিল। পুঁজিবাদের শোষণ ছিল। এখনো সেই সময়। আমাদের তারুণ্যের সামনে একটি উজ্জ্বল দিকনির্দেশনা দিতেই চে’কে নিয়ে এমন আয়োজন।’এরপর ছিল মাহমুদুজ্জামান বাবুর গানের দল মৃত্তিকার পরিবেশনা। তারা গেয়ে শোনায়, ‘হূদয়ের পথে যাও অনাদিকাল, হাস্তা লা ভিক্তোরিয়া সিয়েম্প্রে’ গানটি। ‘হাস্তা লা ভিক্তোরিয়া সিয়েম্প্রে’ কথার অর্থ ‘বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’। এরপর অনুষ্ঠান সঞ্চালনা করতে এসে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান বললেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক।’জাহীদ রেজা নূর আবৃত্তি করেন ‘গিটারে বিলাপের সুর’ কবিতাটি। কিউবার জাতীয় কবি নিকোলাস গিয়েনের লেখা কবিতাটি অনুবাদ করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আবৃত্তির পর শিল্পী তানভীর আলম গেয়ে ওঠেন, ‘ঐ সে মুক্ত পাখিটা উড়ছে/ ডানায় ডানায় ভাসছে/ বিপন্ন যত মানুষের উজ্জ্বল দিন ডাকছে/ আমায় চে গুয়েভারা ডাকছে’ এবং ‘ফিরে এলাম জন্মভূমি আজ তোমারই কোলে’। এরপর মঞ্চে আসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘চে যে দর্শন, চিন্তায় বা বিশ্বাসে জীবন দিয়েছেন, তার সঙ্গে অনেকে একমত না-ও হতে পারেন। কিন্তু যে কারণে তিনি মহান হয়ে ওঠেন, সেই সততা, সাহস ও নিপীড়িত মানুষের প্রতি গভীর ভালোবাসা অস্বীকার করবেন কী করে?’নূর আবৃত্তি করেন পারভেজ চৌধুরীর অনুবাদে স্প্যানিশ কবির ‘জেগে উঠো হে আমার সন্তানেরা, চে আসছে’ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘চে গুয়েভারার প্রতি’ কবিতা দুটি। শিমুল মুস্তাফা আবৃত্তি করেন নাজিম হিকমতের কবিতা ‘জেলখানার চিঠি’। এরপর প্রথম আলো ঢাকা বন্ধুসভা সংগীত দল পরিবেশন করে ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ এবং ‘হেই সামালো ধান হে’। সবশেষে আবারও মৃত্তিকার গান।চে ডাক্তারি পড়েছিলেন। ছাত্রাবস্থায়ই পুরো লাতিন আমেরিকা ঘুরে বেড়াতে গিয়ে তাঁর অন্তরের চোখে ধরা পড়েছিল ঘুণেধরা রাষ্ট্রব্যবস্থার গভীর অসুখটি, যা দেশে দেশে বঞ্চিত-লাঞ্ছিত মানুষকে তিলে তিলে মারছিল। সেই থেকে ব্যক্তির শরীরের বদলে গোটা সমাজ আর রাষ্ট্রের রোগ সারানোই হয়ে ওঠে তাঁর আরাধ্য। কিউবার বিপ্লবে সহায়তার পর চে পাড়ি দেন বলিভিয়ায়। ভাগ্যের ফেরে সেখানেই তাঁর সংক্ষিপ্ত কিন্তু অসম্ভব সফল জীবনের পরিসমাপ্তি ঘটে।