বিজয় মিছিল নিয়ে শঙ্কিত পশ্চিমবঙ্গ
কড়া নিরাপত্তার মধ্যে আজ একযোগে ভারতের পাঁচ রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। তবে দিল্লিসহ সবারই নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকে।পশ্চিমবঙ্গে আজ ভোটের ফল প্রকাশ ও বিজয় মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা-পরিস্থিতির অবনতির বড় শঙ্কা আছে। গতকাল সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশন এ বিষয়ে সহযোগিতা চেয়েছে। বিজয় মিছিল করা নিয়ে কমিশন সতর্ক। পুলিশের অনুমতিসাপেক্ষ বিজয় মিছিলকে পুলিশের বাতলে দেওয়া রুটেই পরিভ্রমণ করতে হবে। মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল কুমার গুপ্তা রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রাজ্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিয়ে গতকাল রাজ্যপাল বৈঠক করেন রাজ্য ভবনে।টানা ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটলে রাজ্যের বহু স্থানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সহিংসতা ছড়াতে পারে। পরিবর্তনের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সতর্ক। তিনি দলীয় নেতা-কর্মীদের মন্ত্র দিয়েছেন। প্রার্থীরা এলাকায় থাকবেন। প্রয়োজনে কর্মীদের নিয়ে রাত জেগে পাহারা দিন। ফল প্রকাশের পর কমিশনের দেওয়া বিজয় সনদ হাতে নিয়ে তবেই তাঁরা রাস্তায় নামবেন। তবে এর জন্য তাঁর সম্মতি লাগবে। এমনকি তাঁর অনুমতি ছাড়া তাঁর কালীঘাটের বাসভবন বা টিভি চ্যানেলে যাওয়া যাবে না। আজ মিষ্টি বৈধ, মদ নয়। বিরোধী দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় শান্তি বজায় রাখতে মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আবাসনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘আমরাই সরকার গড়ছি। ফল প্রকাশের পর সবাইকে শান্ত থাকতে বলেছি।’এক প্রশ্নের জবাবে যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিক দিব্যেন্দু সরকার বলেন, কমিশন তাদের অনুমতি ছাড়া ১৮ মে পর্যন্ত বিজয় মিছিল করতে দেবে না। দিব্যেন্দু স্বীকার করেন, আইনে এ বিষয়ে তাদের অধিকার না থাকলেও দলগুলো তাদের কথা মেনে চলবে।মহাকরণের আসনসংখ্যা দাবি করার ক্ষেত্রে বামদের অবস্থানে গতকাল একটা পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মিত্ররা তাঁদের আসনপ্রাপ্তির সম্ভাব্য সংখ্যা বরাবর ২০০-এর বেশিই বলেছেন। ভোট শেষে তাঁরা নীরব। মমতা বলেন, ফলের আগে আর কথা নয়। অন্যদিকে বামরা হঠাৎ এ বিষয়ে সরব। গতকাল আলিমুদ্দিনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেবসহ বাম শরিকেরা জরুরি বৈঠকে বসেন। এরপর বিমান বসু জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রচণ্ড আস্থার সঙ্গে গণমাধ্যমের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ করেন। বিমানের কথায়, প্রধান নির্বাচন কমিশনার কুরেশি এর আগে বলেন, টাকা দিয়ে জনমত জরিপ ছাপে মিডিয়া। বুথ-ফেরত জরিপও টাকা দিয়ে ছাপানো হতে পারে। আমরা তাঁর কথায় সায় দিচ্ছি। এসব নিষিদ্ধ হোক। এগুলো টাকার চুক্তির জরিপ। আজগুবি বুথ-ফেরত জরিপ ছাপিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ করা হচ্ছে।তবে বিমান গতকালই প্রথম সম্ভাব্য আসনসংখ্যার প্রাপ্তি সম্পর্কে নির্দিষ্ট ও স্পষ্ট ইঙ্গিত দেন। তাঁকে প্রশ্ন করা হয়, কটি আসন পাবেন? বিমান এড়াননি। বলেন, ‘২০০১ সালের আসনসংখ্যার কাছাকাছি।’ ওই সময় বাম দল ১৯৯ আসন পায়। ‘তাহলে তো আপনারা একটা হার মানছেন।’ প্রশ্ন শুনে সবেগে চেয়ার থেকে উঠে দাঁড়ান বিমান। বলেন, ফলের আগে এ আলোচনা অর্থহীন। অর্থহীন শব্দটি অন্তত তিনবার বলেন।নির্বাচন কমিশনের বৈঠক সেরে আলিমুদ্দিনে ফেরেন বিশিষ্ট বাম নেতা রবিন দেব। ‘২০০৬-এ পান ২৩৫। এবারে ১৯৯-এর ‘কাছাকাছি’ স্বীকার করা কি একটা বিপর্যয় মেনে নেওয়া নয়?’ এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে রবিন দেব বললেন, ‘আমরা ২৩১ পেয়ে শুরু করেছিলাম। সর্বোচ্চ পাই ২৫১। এরপর তা ১৯৯-তে নেমে ২৩৫-এ উন্নীত হয়। সুতরাং আপনাকে চড়াই-উতরাই দেখতে হবে।’আনন্দবাজার পত্রিকা এর আগে মমতার মন্ত্রিসভা ছাপে। বুধবার তাদেরই করা বুথ-ফেরত জরিপে ফ্রন্টকে মাত্র ৬০ আসন দেওয়া হয়। গতকাল পত্রিকাটির প্রথম পাতায় চার কলামজুড়ে শিরোনাম ছিল: ‘১৫৫ আসন নিয়ে প্রত্যাবর্তনের আশা আঁকড়ে আছে আলিমুদ্দিন।’উল্লেখ্য, আজ কেরালা, আসাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত পন্ডিচেরি বিধানসভারও ফল বেরোবে। আসামে মমতার নেতৃত্বাধীন তৃণমূল ইন্দিরা কংগ্রেসের বিরুদ্ধে প্রতি আসনে প্রার্থী দিয়েছে। এক বামফ্রন্ট নেতা জানালেন, আসামে তাঁদের দল অল্প কয়েকটি আসন লাভের আশা করছে। সেখানে কংগ্রেস জয়ী হতে পারে।