শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে সরাসরি গানের অনুষ্ঠান সময় কাটুক গানে গানে। আজকের শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার দম্পতি। কথা হলো চন্দনা মজুমদারের সঙ্গে।আপনাকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।ধন্যবাদ। প্রথম আলোর মাধ্যমে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।পূজার দিনগুলো কেমন কাটাচ্ছেন?খুবই ভালো। আমার মেয়ে শতাব্দী রায় ভারতের কলকাতায় পড়াশোনা করছে। ওর ওখানে গিয়েছিলাম। তাই পূজার গোড়ার দিকটাতে কলকাতায় ছিলাম। ঢাকায় ফিরে ষষ্ঠীপূজার রাতে সপরিবারে বনানী মাঠের পূজামণ্ডপে গিয়েছি। ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছি। ওই দিন সেখানে আমি গানও করেছি। শনিবার নবমীর রাতে গান করেছি উত্তরার পূজামণ্ডপে। এত ভিড় আর যানজট হয়, আবহাওয়াটাও যেন কেমন। তাই খুব বেশি ঘোরা হয়নি। তবে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, শুভেচ্ছা বিনিময় হচ্ছে। পূজা উপলক্ষে নিশ্চয়ই অনেক উপহার পেয়েছেন।এবার অনেক উপহার পেয়েছি। একটি উপহারের কথা উল্লেখ করতে চাই। পূজা উপলক্ষে সাদি মহম্মদ একটি চমৎকার শাড়ি পাঠিয়েছেন। রোববার বৈশাখী টিভিতে কিরণ চন্দ্র রায় ও আমি গান করব। এ অনুষ্ঠানে সাদি ভাইয়ের দেওয়া শাড়িটাই পরব। একজন শিল্পীর প্রতি অন্য শিল্পীর এমন শুভেচ্ছা সংস্কৃতিচর্চার জন্য খুব ইতিবাচক দিক।‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে কী ধরনের গান করার পরিকল্পনা করছেন?শনিবার ছিল লালন ফকিরের প্রয়াণ দিবস। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শুরুটা করব লাগনগীতি দিয়েই। এ ছাড়া রাধারমণ, কবিয়াল বিজয় সরকার ও শাহ আবদুল করিমের গানও করব। দর্শকদের অনুরোধ থাকবে। সেখান থেকেও কিছু করব।আপনার নতুন অ্যালবামের খবর কী?আমার এবারের অ্যালবামটি কবিয়াল বিজয় সরকারের বিচ্ছেদি গান নিয়ে। নাম চোখ গেল পাখিরে। মাস দুয়েক আগে কলকাতায় অ্যালবামটির কাজ করেছি। এর সংগীতায়োজন করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়। দুয়েক সপ্তাহের মধ্যেই বেঙ্গল ফাউন্ডেশন এটি প্রকাশ করবে।