বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কের উদ্বোধন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাংকস ভবন ভেঙে তৈরি করা বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়কটি কাল শুক্রবার ১৬ এপ্রিল উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন সময়সূচি অনুযায়ী ২০ এপ্রিল মঙ্গলবার সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সড়কটির বাস্তবায়নকারী সংস্থা রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণে এই সড়কটি উদ্বোধন পেছানো হয়েছে। প্রধানমন্ত্রী ২০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় এই সড়কটি উদ্বোধন করবেন। এর পরপরই যান চলাচলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।’ ১১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি করা এ সড়কের দৈর্ঘ্য এক হাজার ৪০০ মিটার। এর মধ্যে সড়ক রয়েছে ৪৪৫ মিটার এবং রেললাইনের ওপর দিয়ে উড়ালসেতু ৬৬৯ মিটার। ব্যয় হওয়া ১১৪ কোটি টাকার মধ্যে চার কোটি পাঁচ লাখ টাকা ব্যয় করা হয়েছে মূল সড়ক নির্মাণে এবং উড়ালসেতু তৈরিতে লেগেছে ৪৯ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত ক্ষতিপূরণে।